পুলিশের গুলিতে পাঁচ আদিবাসীর মৃত্যুতে আসাম-মেঘালয় সীমান্তে সহিংসতা

পুলিশের গুলিতে পাঁচ আদিবাসীর মৃত্যুর ঘটনায় উত্তর–পূর্ব ভারতের আসাম এবং মেঘালয় রাজ্যের সীমান্ত এলাকায় সহিংসতা চলছে। এতে করে সেখানে যানবাহন ও ইন্টারনেট পরিষেবায় নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।  ২২ নভেম্বর থেকে মেঘালয়ের উত্তরে আসামের সীমানায় থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছেই।

গত মঙ্গলবার আসাম–মেঘালয় সীমানার মুক্র গ্রামে আসাম পুলিশের গুলিতে পাঁচ খাসি আদিবাসী নিহত হন। সংঘর্ষে একজন ফরেস্ট গার্ডেরও মৃত্যু হয়। এরপরে খাসিদের বিভিন্ন সংগঠনের কর্মীদের সঙ্গে প্রশাসনের দফায় দফায় সংঘর্ষ হয়। পুলিশ অভিযোগ তুলেছে, ছাত্র ও যুবকদের বিভিন্ন সংগঠন এই সহিংসতায় জড়িত।

পুলিশ জানায়, সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ, যানবাহন ভাঙচুর ও ট্রাফিক পুলিশের বুথ জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আসাম থেকে আসা পাঁচটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে দুটি প্রশাসনের গাড়িও রয়েছে। কেন্দ্রীয় সরকারি সংস্থায় যাঁরা কাজ করেন, তাঁদের অনেককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। সংঘর্ষে গুরুতর আহত কেন্দ্রীয় শুল্ক বিভাগের এক কর্মীকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় একজন ফরেস্ট গার্ডও এ সংঘর্ষে নিহত হয়েছেন। তবে আসাম থেকে মেঘালয়ে জ্বালানি তেল পাঠানোর লক্ষ্যে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে বলে আসাম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আদিবাসী খাসিদের ওপর আসাম পুলিশের গুলি করার ঘটনাটি তদন্তের দায়িত্ব পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।

ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য জাতীয় মানবাধিকার কমিশনের কাছে আবেদন করেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা। গুলির ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের জন্য আসাম সরকার একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তবে গত পাঁচ দিনের তুলনায় শনিবার পরিস্থিতি শান্ত ছিল।

আসাম ও মেঘালয়ের মধ্যে দীর্ঘদিন ধরে সীমানা নিয়ে বিরোধ চলছে। অতীতেও সীমানা নিয়ে বিরোধের জেরে রাজ্য দুটি আলোচনায় এসেছে। কীভাবে সীমান্ত বিরোধ মিটিয়ে চূড়ান্ত সীমানা নির্ধারণ করা যায় এ নিয়ে দুই রাজ্যের মধ্যে বর্তমানে আলোচনাও চলছে। সীমানাবিরোধ নিরসনের চলমান আলোচনার মধ্যেই ২২ নভেম্বর দুই রাজ্যের সীমানায় আসাম পুলিশের গুলিতে মেঘালয়ের খাসি আদিবাসী সম্প্রদায়ের পাঁচজন মারা যান। এতে করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

সীমানা নিয়ে চলমান এ বিরোধের কারণে আসাম এবং কেন্দ্রীয় সরকারবিরোধী আন্দোলন চলছে মেঘালয়ে। এতে নেতৃত্ব দিচ্ছে খাসি উপজাতীয় ছাত্র সংস্থাসহ খাসিদের মোট পাঁচটি সংগঠন। ছাত্র সংস্থার সাধারণ সম্পাদক ডোনাল্ড থাবা বলেন, আসামের পুলিশ মেঘালয়সহ উত্তর–পূর্ব রাজ্যের আদিবাসীদের ওপর গুলি চালাচ্ছে। পুলিশের বহু মানুষের মৃত্যু হয়েছে ও হচ্ছে। মেঘালয় সরকার সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ও হচ্ছে। ফলে তাঁদের এ আন্দোলন চলবে।