তৃণমূলের ৩৮ বিধায়ক যোগাযোগ রাখছেন, আমার সঙ্গেই ২১ জন: মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তী
ফাইল ছবি

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার পশ্চিমবঙ্গের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে। এ ঘটনার পর পার্থকে মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে রাজ্যজুড়ে। আজ বুধবার কলকাতার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ এনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও অপসারণের দাবি করেছে রাজ্যের বামদল। অপর দিকে এই বিক্ষোভের মাধ্যমে বিজেপিকে চাঙা করতে আজ কলকাতায় হাজির হয়েছেন বিজেপি নেতা ও অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিনি বলেছেন, তৃণমূল পশ্চিমবঙ্গে ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। সুষ্ঠু নির্বাচন হলে পশ্চিমঙ্গে বিজেপি সরকার গঠন করবে।  

আজ বুধবার বিজেপির কলকাতার হেস্টিংস দপ্তরে হাজির হন মিঠুন চক্রবর্তী। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, দুর্নীতির প্রমাণ থাকলে কেউ ছাড় পাবেন না। এখন তো এই রাজ্যে রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্মান নেই। তাঁরা প্রশ্নবিদ্ধ হচ্ছেন। তৃণমূল সরকার আজ এমনভাবে দুর্নীতিতে জড়িয়ে গেছে যে ভগবান এসেও তৃণমূলকে বাঁচাতে পারবেন না।

মিঠুন চক্রবর্তী দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে বলেন, ‘এখনো সময় আছে যাঁরা বিজেপি ছেড়ে যেতে চান, তাঁরা অবিলম্বে চলে যান। আমরা স্বচ্ছ মানুষদের নিয়ে নতুনভাবে দল গড়ে লড়ব, নির্বাচনে দাঁড়াব, জয়ী হব। স্বচ্ছ ভোট হলে কালই বিজেপি এই রাজ্যে সরকার গড়বে।’ তিনি বলেন, ‘রাজ্যের ৩৮ জন তৃণমূল বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। আর আমার সঙ্গে যোগাযোগ রাখছেন ২১ জন।’

এদিকে আজ পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা ও বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে অস্থায়ী রাজ্যপালের সঙ্গে দেখা করে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীর পদ থেকে সরানোর দাবি জানিয়েছেন।