বাংলাদেশ-ভারত ৫১তম মৈত্রী দিবস উদ্‌যাপন ভারতীয় হাইকমিশনে​

বাংলাদেশ-ভারত মৈত্রী দিবসের অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস উদ্‌যাপন করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বাংলাদেশ স্বাধীন হওয়ার ১০ দিন আগে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ভারত স্বীকৃতি দিয়েছিল। সেই হিসাবে আজ মঙ্গলবার ছিল বাংলাদেশ-ভারত মৈত্রী দিবসের ৫১তম বার্ষিকী।

দিবসটি উপলক্ষে ভারতীয় হাইকমিশন সংবর্ধনা অনুষ্ঠান ও সংগীতসন্ধ্যার আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ ছাড়া অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা, ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতা, গণমাধ্যমকর্মী, শিক্ষাবিদ, নাগরিক সমাজের প্রতিনিধিরাও ছিলেন।

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ভারত-বাংলাদেশ অংশীদারত্বে ৫১ বছরের অর্জন ও ভবিষ্যতের প্রতিশ্রুতি প্রতিফলনের সুযোগ হিসেবে দিবসটির তাৎপর্য তুলে ধরেন। ভারত-বাংলাদেশ বন্ধুত্বকে ১৯৭১ সালের যৌথ আত্মত্যাগের মূলে নিহিত এবং ইতিহাস, ভাষা ও সংস্কৃতির দৃঢ় বন্ধনে লালিত বলে বর্ণনা করেন।

বিগত ৫০ বছরে উভয় দেশেরই গুরুত্বপূর্ণ অর্জন রয়েছে বলে উল্লেখ করেন প্রণয় ভার্মা । তিনি ভবিষ্যৎ প্রজন্ম যাতে ১৯৭১ সালের ইতিহাস অনুধাবন করে এবং সেই ঐতিহ্যের ধারা অক্ষুণ্ন রাখে, তার ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশের সঙ্গে মৈত্রীর ক্ষেত্রে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকে এবং সব সময় বৃহত্তর সমৃদ্ধি ও সাফল্যের পথে বাংলাদেশের জনগণকে নিয়ে একসঙ্গে হাঁটতে প্রস্তুত থাকবে বলে তিনি আশাবাদ পুনর্ব্যক্ত করেন।

দ্বিপক্ষীয় মূল্যবোধ, সংস্কৃতি ও নীতির সমন্বয়ে প্রতিষ্ঠিত এবং পারস্পরিক আস্থা, সম্মান ও বোঝাপড়ার ওপর ভিত্তি করে সৃষ্ট এই ঘনিষ্ঠ বন্ধুত্বকে আরও জোরদার করার লক্ষ্যে দুই দেশের সাংস্কৃতিক দলের বর্ণাঢ্য পরিবেশনার মধ্য দিয়ে এ আয়োজনের সমাপ্তি ঘটে।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২০২১ সালের মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফর করেন। সেই সফরের সময়ে প্রতিবছরের ৬ ডিসেম্বর বাংলাদেশ-ভারত মৈত্রী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।