
ভারত জোড়ো যাত্রায় অঘটন ঘটে গেল আজ শনিবার সকালে। পাঞ্জাবের লুধিয়ানায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে হাঁটতে হাঁটতেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান জলন্ধরের সংসদ সদস্য সন্তোক সিং চৌধুরী (৭৬)। হাঁটতে হাঁটতে আচমকাই তিনি বুক চেপে রাস্তায় বসে পড়েন। অ্যাম্বুলেন্সে করে সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় লুধিয়ানা শহরের হাসপাতালে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। ওই অঘটনের পর শনিবার বন্ধ রাখা হয় যাত্রা।
যাত্রা থামিয়ে রাহুল ও দলের অন্য নেতারা হাসপাতালে যান। সেখান থেকে রাহুল যান জলন্ধরে সন্তোকের বাড়ি। পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শোক প্রকাশ করেন। চার মাস ধরে চলা এই যাত্রায় এই প্রথম অঘটন। সন্তোক সিংয়ের মৃত্যুতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেসহ বিভিন্ন নেতা শোক প্রকাশ করেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানও শোক প্রকাশ করেছেন।
ভারত জোড়ো যাত্রা জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে ৩০ জানুয়ারি শেষ হওয়ার কথা। কিন্তু তার আগেই কংগ্রেস শুরু করে দিচ্ছে নতুন কর্মসূচি। ২৬ জানুয়ারি থেকে রাজ্য রাজ্যে শুরু হবে ‘হাত সে হাত জোড়ো যাত্রা’। রাজ্যে রাজ্যে দলের নেতা–কর্মীরা প্রতিটি বাড়িতে যাবেন ঘৃণামুক্ত, ভয়মুক্ত ভারত গঠনের উদ্দেশ্যে।
কংগ্রেস মুখপাত্র ও ভারত জোড়ো যাত্রার অন্যতম উদ্যোক্তা জয়রাম রমেশ দলের পরবর্তী কর্মসূচি ব্যাখ্যা করে বলেছেন, প্রতিটি গ্রামে, প্রত্যেক মহল্লায় প্রতিটি বাড়িতে কংগ্রেস কর্মীরা যাবেন। জনসম্পর্ক স্থাপনের পাশাপাশি তাঁরা প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন রাহুল গান্ধীর লেখা এক চিঠি। সেই চিঠিতে তিনি ‘স্বর্ণিম ভারত’ গড়ে তুলতে কংগ্রেসের হাতে হাত মেলানোর জন্য জনগণকে অনুরোধ জানাবেন। জয়রাম জানিয়েছেন, ভারত জোড়ো যাত্রা থেকে রাহুল যে অভিজ্ঞতা লাভ করেছেন, চিঠিতে তা তিনি লিখবেন। জানাবেন, ঐক্য বিনষ্টকারী শক্তি কীভাবে দেশের বহুত্ববাদ ও বৈচিত্র্য ধ্বংস করছে, কীভাবে মানুষের সঙ্গে মানুষকে লড়িয়ে দিচ্ছে, কীভাবে সারা দেশে ঘৃণা ছড়াচ্ছে। এই ধ্বংস রুখে ‘স্বর্ণিম ভারত’ গড়ে তোলার আহ্বান জানিয়ে রাহুল চিঠিতে লিখবেন, সেই ভারতে সবার জন্য স্বপ্ন পূরণের সুযোগ থাকবে। রাহুলের ওই চিঠি লেখা হবে ইংরেজি, হিন্দিসহ সব আঞ্চলিক ভাষায়।
টানা দুই মাসের এই যাত্রা উপলক্ষে বিজেপি নেতৃত্বাধীন সরকারের ‘অপশাসন’ নিয়ে একটি শ্বেতপত্রও প্রকাশিত হবে। রাহুলের চিঠির সঙ্গে সেটিও তুলে দেওয়া হবে প্রত্যেকের হাতে। জয়রাম বলেছেন, এই যাত্রায় রাজ্যে রাজ্যে কংগ্রেস নেতা ও কর্মীরা আড়াই লাখ গ্রাম পঞ্চায়েত, ৬ লাখ গ্রাম ও ১০ লাখ বুথে বাড়ি বাড়ি প্রচার করবেন। ‘হাত সে হাত জোড়ো যাত্রা’ চলাকালীন প্রত্যেক রাজ্যের রাজধানীতে কংগ্রেসের উদ্যোগে নারীদের পদযাত্রা বের করা হবে। ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে কংগ্রেসশাসিত ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে তিন দিনের পূর্ণাঙ্গ অধিবেশন বসবে।