তৃণমূল নেতা খুনের জেরে অগ্নিগর্ভ জয়নগর

সিপিএম সমর্থকদের বাড়িতে আগুন দেন তৃণমূল কর্মী–সমর্থকেরা
ছবি: ভাস্কর মুখার্জি

ভারতের পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের এক নেতাকে খুনের জেরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগর। বিরোধীদের বাড়িঘরে হামলা, আগুন ও লুটপাট চালিয়েছেন তৃণমূল কর্মী–সমর্থকেরা।এতে করে সেখানেথমথমে পরিস্থিতি বিরাজ করছে।

গতকাল সোমবার সকালে দুর্বৃত্তের গুলিতে নিহত হন তৃণমূল কংগ্রেস জয়নগর অঞ্চল সভাপতি সাইফুদ্দিন লস্কর। এর জেরে তৃণমূল সমর্থকেরা ঘটনাস্থল থেকে পাঁচ কিলোমিটার দূরে দলুয়াখাকি গ্রামে সিপিএম সমর্থকদের ১০ থেকে ১২টি বাড়িতে হামলা চালান।লুটপাট ও অগ্নিসংযোগ করেন।

বিরোধীদের অভিযোগ, পুলিশ এ সময় ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলকারীদের বাধা না দিয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরে ইন্ধন যোগায়। পুলিশ অবশ্য একজন দুস্কৃতীকারীকে গ্রেপ্তার করেছে। বাড়িঘরে অগ্নিসংযোগের খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে এলে তাদের ঢুকতে দেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, বখরা নিয়ে অঞ্চল সভাপতির সঙ্গে বিরোধের জেরে তাঁকে হত্যা করা হয়। তবে তৃণমূলের দাবি, সিপিএম ও কংগ্রেস সমর্থকেরা সাইফুদ্দিন হত্যার সঙ্গে জড়িত। যদিও সিপিএম ও কংগ্রেসসহ বিরোধীদের দাবি, তৃণমূলের দলীয় অন্তর্কোন্দলে খুন হয়েছেন সাইফুদ্দিন।

এর আগে গত বছরের ২১ মার্চ বীরভূমের বকটুই গ্রামে ভাদু শেখ নামে এক তৃণমূল নেতা খুন হওয়ার জেরে স্থানীয় তৃণমূল কর্মী–সমর্থকেরা গ্রামের বিরোধীদের বাড়িঘরে হামলা চালিয়েছিল। বিরোধীদের বহু বাড়িতে অগ্নিসংযোগ করে। বাড়িঘরে আগুনের ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছিল।