শিক্ষক নিয়োগে দুর্নীতি

এবার তৃণমূল বিধায়ক মানিক গ্রেপ্তার

মানিক ভট্টাচার্য
ছবি: ফেসবুক থেকে নেওয়া

ভারতের পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় এবার রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়েছে। খবর এনডিটিভির।

রাতভর জিজ্ঞাসাবাদের পর আজ মঙ্গলবার ভোরে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের সাবেক সভাপতি মানিককে গ্রেপ্তার করে দেশটির আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন তৃণমূলের দ্বিতীয় নেতা মানিক। তাঁর আগে গত জুলাই মাসে রাজ্যের তৎকালীন শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি।

পার্থ আগে শিক্ষামন্ত্রী ছিলেন। শিক্ষামন্ত্রী থাকাকালে তিনি ও তাঁর সহযোগীরা ঘুষ নিয়ে বেআইনিভাবে শিক্ষক নিয়োগে জড়িত ছিলেন বলে অভিযোগ।

পার্থ তৃণমূল কংগ্রেসের মহাসচিব ছিলেন। তাঁকে গ্রেপ্তারের আগে তাঁর ঘনিষ্ঠ সহযোগী অর্পিতা মুখার্জিকে গ্রেপ্তার করে ইডি। তাঁর বাড়ি থেকে বিপুল নগদ অর্থ উদ্ধার করা হয়।

পার্থ ও অর্পিতা দুজনই বর্তমানে কারাগারে আছেন। পার্থ গ্রেপ্তার হওয়ার পর মানিক নজরদারিতে ছিলেন। এখন তিনি গ্রেপ্তার হলেন।

ইডি বলছে, বরখাস্ত মন্ত্রী পার্থর হোয়াটসঅ্যাপ চ্যাটে ঘুষ সংগ্রহের কথোপকথনে মানিকের নাম রয়েছে।