ভারতের সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সংসদ সদস্য (এমপি) পদ থেকে আজ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন তৃণমূল সংসদ সদস্য তথা টালিউড তারকা কোয়েল মল্লিক। পদ ছাড়ার পরই তিনি দেখা করেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে। তাই তিনিও বিজেপিতে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।
আজ সকালের দিকে কোয়েল মল্লিক তাঁর পদত্যাগপত্র নিয়ে দেখা করেন রাজ্যসভার চেয়ারম্যান তথা ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে। তখনই তিনি উপরাষ্ট্রপতির হাতে তুলে দেন তাঁর পদত্যাগপত্র।
এর আগে তিনি ১১ জুন ই–মেইল করে উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠালেও তা গৃহীত হয়নি। তাঁকে জানানো হয়, পদত্যাগপত্র সশরীর হাজির হয়ে রাজ্যসভার চেয়ারম্যান ও ভারতের উপরাষ্ট্রপতির হাতে তুলে দিতে হবে।
কোয়েল মল্লিকের বাবা রণজিৎ মল্লিক পশ্চিমবঙ্গের চলচ্চিত্রজগতের অভিনেতা। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মার্চ মাসে কোয়ের মল্লিককে এই রাজ্যের কোটায় রাজ্যসভার সংসদ সদস্য করেন। সঙ্গে আরও সংসদ সদস্য হন তিন তৃণমূল প্রার্থী পশ্চিমবঙ্গ পুলিশের সাবেক ডিজি রাজীব কুমার, সংগীতশিল্পী বাবুল সুপ্রিয় এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মেনকা গুরুস্বামী।
এর আগে ৯ জুলাই তৃণমূলের রাজ্যসভার তিন সংসদ সদস্য শুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক রাজ্যসভার তৃণমূলের সংসদ সদস্য পদ ছেড়ে যোগ দেন বিজেপিতে। ওই দিনই বিজেপি এই তিন রাজ্যসভার সদস্যকে বিজেপির টিকিট দিয়ে আসন্ন রাজ্যসভার নির্বাচনের জন্য প্রার্থী করার ঘোষণা দেয়।
আজ কোয়েল মল্লিকের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের পর রাজ্যসভায় তৃণমূলের সদস্যসংখ্যা কমে দাঁড়াল ৯।
কোয়েল মল্লিক রাজ্যসভার পদ থেকে ইস্তফা দিয়ে ছুটে যান বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের দিল্লির বাসভবনে। এর পরেই খবর ছড়িয়ে পড়ে কোয়েল মল্লিকও শুখেন্দু, সুস্মিতা, প্রকাশ বরাইকের পথ ধরে যোগ দিতে চলেছেন বিজেপিতে। এই ভূপেন্দ্র যাদবের হাত ধরে ভারতের লোকসভার তৃণমূলের ২৮ সংসদ সদস্যের মধ্যে ২০ জন তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন নতুন দল এনসিপিআই দলে। সেই এনসিপিআই লোকসভায় পৃথকভাবে বসার জন্য ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে আবেদন জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, লোকসভার বর্ষাকালীন অধিবেশনের আগেই লোকসভার স্পিকার এনসিপিআই’র এই ২০ সংসদ সদস্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ২০ জুলাই শুরু হচ্ছে লোকসভার বর্ষাকালীন অধিবেশন।