
ভারতে ভোটার তালিকা সংক্ষিপ্ত সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় লাখ লাখ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগে দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কলকাতায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। আজ শুক্রবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস এবং ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি পৃথকভাবে এই কর্মসূচি পালন করে।
বিক্ষোভকারীরা অবিলম্বে জ্ঞানেশ কুমারকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবি জানান। একই সঙ্গে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া চলাকালে দায়িত্বপ্রাপ্ত তৎকালীন প্রধান নির্বাচন কর্মকর্তা (সিইও) এবং বর্তমানে রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়ালকেও পদ থেকে অপসারণ ও গ্রেপ্তারের দাবি জানানো হয়।
আজ দুপুরে কলকাতার কলেজ স্ট্রিটে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে কংগ্রেসের সাবেক রাজ্য সভাপতি অধীর চৌধুরী বলেন, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে। তাঁকে প্রধান নির্বাচন কমিশনারের পদ থেকে অপসারণ করে ফৌজদারি আইনের ধারায় বিচার করতে হবে। একই সঙ্গে বাদ পড়া সব ভোটারের নাম তালিকায় যুক্ত করার আহ্বান জানান তিনি।
এদিকে ধর্মতলা এলাকায় প্রতিবাদ মিছিল করে বামপন্থী সংগঠন পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক মহিলা সমিতি। মিছিলে অংশ নিয়ে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় বর্তমান এসআইআর প্রক্রিয়া বাতিল করে আগের ভোটার তালিকা বহাল রেখেই নির্বাচন পরিচালনা করার দাবি জানান। অবিলম্বে বাদ পড়া প্রকৃত ভোটারদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিও জানান তিনি।
এ ছাড়া একই দাবিতে ককরোচ জনতা পার্টিও পৃথকভাবে জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবি জানিয়েছে। দলটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগামীকালের মধ্যে জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে মুম্বাই থেকে লাগাতার আন্দোলন শুরু করা হবে।
কলকাতা ছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও অপসারণের দাবিতে একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।