ইন্টারনেটের কল্যাণে পণ্য কেনাটাকায় বড় ধরনের পরিবর্তন এসেছে। অনেকেই এখন অনলাইনে পণ্য কিনে থাকেন। তবে এতে যে ভোগান্তি হয়, তা–ও অস্বীকার করার উপায় নেই। খবর এনডিটিভির।
ফরমাশ অনুযায়ী পণ্য না পাওয়া বা একটির বদলে অন্য পণ্য পাওয়া, পণ্যের মান খারাপ—এমন অনেক অভিযোগই পাওয়া যায়। এসব পণ্য ফেরত দেওয়ারও সুযোগ থাকে। কিন্তু ইচ্ছা করে ভুল পণ্য দিয়ে, সেই পণ্যের সঙ্গে চিঠি পাঠিয়ে দুঃখ প্রকাশের ঘটনা বিরল।
এটাই ঘটেছে। ভারতের কাশিশ নামের এক ব্যক্তি বই কিনেছিলেন অ্যামাজন থেকে। কিন্তু তাঁকে ফরমাশ অনুযায়ী বই দিতে পারেননি দোকানি। তার বদলে ইচ্ছেমতো একটি বই দিয়েছেন। সেই বইয়ের সঙ্গে একটি চিঠিও দিয়েছে দোকানি।
কাশিশ সেই চিঠি টুইটারে প্রকাশ করেছেন। এর ক্যাপশনে লিখেছেন, ‘আমি একটি বই কেনার জন্য অর্ডার করেছিলাম অ্যামাজনে। তারা ইচ্ছেমতো একটি বই পাঠিয়ে দিয়েছে। যে বই পাঠানো হয়েছে, সেটির নাম লুকিং ফর লাড্ডু। এর সঙ্গে একটি চিঠি পাঠানো হয়েছে। হচ্ছেটা কী?’
কাশিশকে পাঠানো চিঠিতে লেখা হয়েছে, ‘প্রিয় গ্রাহক, আপনার ফরমাশের জন্য দুঃখিত। আমাদের কাছে বইটি আছে, তবে সেটির অবস্থা খুব ভালো নয়। আমরা বইটি পাঠাব। অনুগ্রহ করে এখন যে বই পাঠানো হচ্ছে, সেটি ফেরত দেবেন। অনুগ্রহ করে নেতিবাচক রিভিউ দেবেন না। আমাদের সাহায্য করুন। আপনাকে ধন্যবাদ।’
কাশিশের এই পোস্ট দুই লাখের বেশিবার দেখা হয়েছে। অনেকেই এ নিয়ে মন্তব্য করেছেন। অনেকেই ওই দোকানির প্রসংশা করেছেন। আবার অনেকেই বইটি ফেরত দেওয়ার ঝামেলার কথা উল্লেখ করেছেন।