
কলকাতায় মুসলিম-অধ্যুষিত অঞ্চলে বুধবার দিনভর তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। গত অক্টোবরে পশ্চিম কলকাতার মোমিনপুর অঞ্চলে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ হয়। সেই ঘটনার তদন্ত করছে এনআইএ। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে, মোমিনপুর অঞ্চলের ইকবালপুর থানার অন্তর্গত কিছু জায়গায় ইসলামি পতাকা উত্তোলন নিয়ে সংঘর্ষের তদন্তে ১৭টি স্থানে তল্লাশি চালানো হয়েছে।
বুধবার তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি বাড়ি থেকে ৩৩ লাখের বেশি ভারতীয় রুপি বাজেয়াপ্ত করেছে এনআইএ। এর মধ্যে ৩০ লাখ ৫৫ হাজার রুপি বাজেয়াপ্ত করা হয়েছে মোহাম্মদ সালাউদ্দিন সিদ্দিকী নামের এক ব্যক্তির বাড়ি থেকে। জাকির হোসেন নামের এক ব্যক্তির বাড়ি থেকে ১ লাখ ৫৯ হাজার ৩০০ ভারতীয় রুপি বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়া ওয়াহাব হুসেন ওরফে ভিকি ও অন্যদের কাছ থেকে প্রায় পৌনে দুই লাখ রুপি ও একটি তরবারি পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত অভিযুক্ত ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এনআইএর দাবি, অক্টোবর মাসে দাঙ্গার ঘটনায় কর্তব্যরত পুলিশ কর্মীদের আক্রমণ করা হয়েছিল। দাঙ্গা থামাতে বাধা দেওয়ায় তাদের ওপর হামলা চালানো হয়। তাদের হত্যাচেষ্টা করা হয়েছিল বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। ওই ঘটনায় পুলিশের এক সদস্য আহত হয়েছিলেন।
দাঙ্গার ঘটনা নিয়ে প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। তবে সরকারের পক্ষ থেকে নির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি। প্রায় দুই মাস পর এই প্রথম ঘটনার বিস্তৃতি ও গভীরতার কথা স্বীকার করল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তদন্তকারী দল জানিয়েছে, ইসলামি পতাকা উত্তোলনের ঘটনাকে কেন্দ্র করে এই দাঙ্গা হয়েছিল।
সংঘর্ষের সময় দুই সম্প্রদায় পরস্পরকে আগ্নেয়াস্ত্র, বোমা এবং লাঠি নিয়ে আক্রমণ করেছিল। এ ছাড়া বোমাবাজিও হয়েছিল ওই দিন। সংঘর্ষের সময় একাধিক গাড়ি ভাঙচুর করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে এএনআই। ঘটনার তদন্ত এখন চলবে বলে জানানো হয়েছে।