
ভারতের মণিপুর রাজ্যের বিষ্ণুপুর জেলায় সহিংসতায় বাবা-ছেলেসহ তিন নিরস্ত্র গ্রামবাসী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে কাউয়াকটার কাছে জেলার উখা টামপাক গ্রামে সন্দেহভাজন জঙ্গিরা হামলা চালায়। এ সময় তারা বেপরোয়া গুলি চালায় বলে পুলিশ সূত্র জানিয়েছে।
জঙ্গিদের বেপরোয়া গুলিতে বাবা-ছেলে ও পাশের ঘরের এক ব্যক্তি নিহত হন। এ সময় তাঁরা নিরস্ত্র অবস্থায় নিজেদের বাড়িতে ছিলেন। তাৎক্ষণিক তাঁদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ আজ শনিবার সকালে জানায়, যখন দৃষ্কৃতকারীরা গুলি চালায়, তখন তিনজনই ঘুমিয়ে ছিলেন। হামলাকারীরা চুড়াচাঁনপুর থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ সূত্র আরও জানায়, এই ঘটনা নিরাপত্তা বাহিনীকে উদ্বিগ্ন করে তুলেছিল। কারণ, হামলাকারীরা স্থানীয় প্রশাসন ঘোষিত পাহাড় ও উপত্যকার মধ্যবর্তী নিরাপদ অঞ্চলে ঢুকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
মণিপুর রাজ্য পুলিশ জানায়, গতকাল যৌথ বাহিনী দাঙ্গাপীড়িত রাজ্যের ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযান চালিয়েছে। গত বৃহস্পতিবার রাজ্যে নতুন করে উত্তেজনা দেখা দেওয়ার পর তারা গতকাল সাতটি অবৈধ বাংকার ধ্বংস করেছে।
বৃহস্পতিবার বিষ্ণুপুর রাজ্যের তেরাখোঙ্গসাঙ্গবি এলাকায় অজ্ঞাতনামা অস্ত্রধারীদের সঙ্গে রাজ্যের নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময় হয়। এ সময় ৩৫ বছর বয়সী এক নারী আহত হন।
পুলিশ জানায়, ওই নারীর নাম আরিবাম ওয়াহিদা বিবি। তাঁর হাতে গুলি লেগেছে। ইম্পলের একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
কর্মকর্তারা বলছেন, একই দিন বিষ্ণুপুরের নারাসিনায় একদল দুষ্কৃতকারী ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের (আইআরবি) রাজ্যের সদর দপ্তরে ঢুকে বিপুল অস্ত্র লুট করে। ইম্পলের পশ্চিমে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
পুলিশ জানায়, ইম্পলের পশ্চিমে সেনজাম চিরাং এলাকায় অজ্ঞাতনামা বন্দুকধারীর একটি গুলি মাথায় লাগলে নিহত হন পুলিশ সদস্য। এ সময় এক গ্রামবাসীও আহত হন।
বিষ্ণুপুরের পৌগাকচাও ও কাঙ্গভাই এলাকায় সেনাবাহিনী ও আরএএফ সদস্যদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হন। এ সময় নিরাপত্তা বাহিনী বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
বৃহস্পতিবার কুকি-জোমি সমাজের মানুষ হিন্দু সংখ্যাগরিষ্ঠ মেইতেই জনগোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে নিহত ৩৫টি মরদেহ গণকবর দেওয়ার পরিকল্পনা করেছিল। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে তাঁরা কর্মসূচি স্থগিত করে।
মেইতেই জনগোষ্ঠী তফসিলি উপজাতির মর্যাদা দাবির পর মেইতিই ও কুকি সম্প্রদায়ের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। দুই জাতির মধ্যে দাঙ্গায় এ পর্যন্ত দেড় শর বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।