ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ করা হবে ২০ মে। এবার এই দফার নির্বাচনে হুগলি আসনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী ও বিদায়ী সংসদ সদস্য লকেট চট্টোপাধ্যায়কে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন এই আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি আসনে জমে উঠেছে চ্যাটার্জি আর ব্যানার্জির লড়াই।
লকেট চট্টোপাধ্যায় অভিনেত্রী, নৃত্যশিল্পী ও রাজনীতিবিদ। ২০১৯ সালে লকেট চট্টোপাধ্যায় প্রথম হুগলি আসনে বিজেপির টিকিটে দাঁড়িয়ে হারিয়েছিলেন তৃণমূলের প্রার্থী রতন দে নাগকে। লকেট পেয়েছিলেন ৬ লাখ ৭১ হাজার ৪৪৮ ভোট। আর রত্না দে নাগ পেয়েছিলেন ৫ লাখ ৯৮ হাজার ৮৬ ভোট।
এবারও সেই লকেট ফের হুগলির নির্বাচনী ময়দানে। প্রতিদ্বন্দ্বী আরেক অভিনেত্রী ও টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় শো ‘দিদি নাম্বার-১’–এর সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়। তাই তৃণমূল মনে করে, এই আসনে এবার অত সহজে পার পাবেন না লকেট চট্টোপাধ্যায়। যদিও বিজেপি দাবি করেছে, হুগলি আসনে জিতবেনই লকেট।
লকেট বলেছেন, এবার লোকসভা নির্বাচনে বিজেপির জয়ের পর সিঙ্গুরে শিল্পায়ন হবে। মানুষের কর্মসংস্থান হবে। ২০২৬ সালের রাজ্য বিধানসভার নির্বাচনের আগেই এই রাজ্যপাট থেকে বিদায় নেবে মমতার সরকার। তিনি বলেন, ‘মানুষ ভোলেনি কীভাবে সিঙ্গুরে টাটাকে তাড়িয়েছিলেন মমতা। এবার সময় আসছে, মোদিজি এই সিঙ্গুরে শিল্পায়ন করবেন।’
তবে প্রতিদ্বন্দ্বী রচনা ব্যানার্জির দল তৃণমূল বলেছে, এবার মমতার উন্নয়নের ছোঁয়ায় ভেসে উঠবে বিজেপির সব দুর্নীতির ছবি। মানুষ আজও মমতাকে নিয়ে গর্ববোধ করেন। তাঁর ১২ বছরের উন্নয়নের ছোঁয়া এখনো ছড়িয়ে আছে রাজ্যের যত্রতত্র। তাই এবার আর লকেট নন, জিতবেন রচনাই। এই লকেট-রচনার লড়াই নিয়ে জমে উঠেছে চ্যাটার্জি আর ব্যানার্জির লড়াই।