ভারতের বিলাসবহুল প্রমোদতরি এমভি গঙ্গা বিলাস পর্যটকদের নিয়ে যাত্রা শুরু করেছে। মোট ৩ হাজার ২০০ কিলোমিটারের যাত্রাপথে এটি যাবে বাংলাদেশ ও ভারতের ২৭টি নদীর ওপর দিয়ে। প্রমোদতরিটির চলাচলের কারণে বিপন্ন গাঙ্গেয় ডলফিন হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
পর্যটকদের ‘বিশ্বের দীর্ঘতম নৌবিহারের’ স্বাদ পাইয়ে দিতে এমভি গঙ্গা বিলাস নামের এক বিলাসবহুল প্রমোদতরি চালু করেছে ভারত সরকার। গত ১৩ জানুয়ারি এ প্রমোদতরির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ প্রমোদতরি যাত্রা শুরু করেছে উত্তর প্রদেশ রাজ্যের বারানসি থেকে। পাড়ি দেবে মোট ৩ হাজার ২০০ কিলোমিটার পথ। বাংলাদেশের রাজধানী ঢাকা হয়ে এটির গন্তব্য আসামের ডিব্রুগড়। ৫১ দিনের এ নৌবিহার ভারত ও বাংলাদেশের ২৭টি নদীর ওপর দিয়ে যাবে।
তিনতলার এ প্রমোদতরিতে রয়েছে ১৮টি কক্ষ। নদী ও সাগরপথে পর্যটনশিল্পকে এগিয়ে নিতে মাঠে নেমেছে ভারত সরকার। গঙ্গা বিলাসে করে নৌবিহার এর সাম্প্রতিকতম উদ্যোগ। গঙ্গা নদীতে এ নৌবিহারকে এক ‘যুগান্তকারী মুহূর্ত’ বলে অভিহিত করেছেন মোদি। তাঁর কথায়, এর মধ্য দিয়ে ভারতের পর্যটন খাতে নতুন যুগের সূচনা হয়েছে।
তবে ‘বিশ্বের দীর্ঘতম’ এ নৌবিহার নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবাদীরা ছাড়াও পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ নিয়ে কাজ করেন এমন অনেকে। তাঁরা বলছেন, নদীগুলোতে এমন পর্যটকবাহী নৌযানের চলাচল বাড়লে তা গাঙ্গেয় ডলফিনের আবাসস্থলের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতি বয়ে আনতে পারে। এই ডলফিনের বৈজ্ঞানিক নাম প্লাটানিস্টা গাঙ্গেটিকা।
গঙ্গা বিলাসের যাত্রাপথে পড়বে উত্তর প্রদেশের কাইথি গ্রাম। এটির অবস্থান বারানসি থেকে ৩০ কিলোমিটার দূরে; গঙ্গা ও গোমতী নদীর মোহনায়। স্থানটির আশপাশে পানির গভীরতা বেশি, স্রোতও বয়ে যায় বেশ ধীরগতিতে। ফলে এলাকাটি বিপন্ন এই ডলফিনের জন্য নিরাপদ আবাসস্থল। গত অক্টোবরে গঙ্গা ও গোমতীর সঙ্গমস্থলে গাঙ্গেয় ডলফিনের একটি ঝাঁক দেখতে পান ভারতে বন্য প্রাণী নিয়ে কাজ করা সরকারি কর্মকর্তারা। ওই ঝাঁকে কয়েকটি ডলফিন শাবকও ছিল। পরে কর্মকর্তারা জানান, ওই এলাকায় ৩৫ থেকে ৩৯টি ডলফিনের বসবাস রয়েছে।
ডলফিন স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সিটাসিয়া গোত্রের। নৌবিহারে গঙ্গা বিলাস যে পথ দিয়ে যাবে, এর মধ্যে গঙ্গা ও গোমতীর মোহনা এ গোত্রের প্রাণীদের জন্য সংরক্ষিত আবাসস্থলগুলোর একটি। যাত্রাপথে এমন আরেকটি সংরক্ষিত আবাসস্থল হলো, বিহারের বিক্রমশিলা গাঙ্গেয় ডলফিন অভয়ারণ্য।
দক্ষিণ এশিয়ায় দুটি মিঠাপানির ডলফিনের জাতের বসবাস রয়েছে। একটি প্লাটানিস্টা গাঙ্গেটিকা (গাঙ্গেয় ডলফিন)। অপরটি প্লাটানিস্টা মাইনর বা সিন্ধু নদের ডলফিন। এটি পাওয়া যায় পাকিস্তান ও উত্তর ভারতের বিয়াস নদীতে। তবে দূষণ, চোরা শিকার ও অত্যধিক মাত্রায় পানিনিষ্কাশনের মতো বিভিন্ন হুমকির মুখে রয়েছে গাঙ্গেয় ডলফিন।
এসব হুমকির মধ্যেই উত্তর প্রদেশ থেকে আসামগামী গঙ্গা বিলাস গাঙ্গেয় ডলফিনের জন্য বাড়তি বিপদ ডেকে আনবে বলে মনে করছেন রবীন্দ্র কুমার সিনহা। তাঁর প্রচেষ্টায় গত শতকের নব্বইয়ের দশকে এই ডলফিনকে সংরক্ষিত প্রজাতি হিসেবে চিহ্নিত করেছিল ভারত সরকার। এরপর নদীর পানির মান আগের তুলনায় ভালো হওয়ায় এবং সংরক্ষণে নেওয়া নানা পদক্ষেপে গত কয়েক বছরে এ প্রজাতির ডলফিনের সংখ্যা বেড়েছে। বর্তমানে গঙ্গায় প্রায় ৩ হাজার ২০০টি ও ব্রহ্মপুত্র নদে ৫০০টির মতো এই ডলফিন রয়েছে।
তবে সাম্প্রতিক এ অর্জন নৌবিহার পর্যটনের কারণে ধুলোয় মিশে যাবে বলে আশঙ্কা করছেন রবীন্দ্র কুমার। তিনি মনে করেন, গাঙ্গেয় ডলফিনের ভবিষ্যৎটা হতে পারে চীনের বাইজি ডলফিনের মতো। দেশটির ইয়াংজি নদীতে যান চলাচল বৃদ্ধির জেরে ২০০৬ সালে বাইজি ডলফিন বিলুপ্ত হয়েছে বলে ঘোষণা করা হয়। তিনি আরও বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে নৌবিহার থেকে সৃষ্টি হওয়া নানা সমস্যা ডলফিনগুলোর ওপর মারাত্মক প্রভাব ফেলবে। কারণ, ডলফিনগুলো শব্দের ব্যাপারে সংবেদনশীল।’
জগদীশ কৃষ্ণস্বামী ভারতের বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর হিউম্যান সেটেলমেন্টসের প্রতিবেশ বিশেষজ্ঞ। তিনি বলেন, গাঙ্গেয় ডলফিন ‘বলতে গেলে চোখে দেখতে পায় না’। ঘোলা পানিতে চলতে ও খাবার খুঁজতে এরা ইকোলোকেশন ক্লিক (শব্দতরঙ্গের মাধ্যমে অবস্থান শনাক্ত) ব্যবহার করে। প্রমোদতরির চলাচল বৃদ্ধি এবং মালবাহী ও মোটরচালিত নৌযান চলাচলের কারণে শব্দদূষণ হবে। এতে ইকোলোকেশন ক্লিকের মাধ্যমে এই ডলফিনের চলাচল ও খাবার খোঁজায় সমস্যা দেখা দেবে। ফলে আরও কঠিন হয়ে পড়বে ডলফিনগুলোর টিকে থাকা।
২০১৯ সালে আরও তিনজন বিশেষজ্ঞকে সঙ্গে নিয়ে একটি গবেষণা চালিয়েছিলেন জগদীশ কৃষ্ণস্বামী। গবেষণায় বিশেষ যন্ত্রের মাধ্যমে গাঙ্গেয় ডলফিনের ইকোলোকেশন ক্লিক ধারণ করেন তাঁরা। গবেষণায় দেখা যায়, পানির উপরিভাগে মোটরচালিত নৌযান চলাচলের কারণে শব্দদূষণের ফলে গাঙ্গেয় ডলফিনের শব্দ ব্যবহার করে চলাচলে বড় পরিবর্তন এসেছে। দীর্ঘ দিন ধরে শব্দদূষণে এই ডলফিনের ওপর মানসিক চাপের মাত্রা বেড়েছে। তা এমন পর্যায়ে পৌঁছেছে যে এরা অবসাদগ্রস্ত হয়ে পড়ছে ও খাবার সংগ্রহের ধরনে পরিবর্তন এনেছে। এতে যে বাড়তি শক্তি খরচ হচ্ছে, তা পূরণে বেশি খাবার গ্রহণ করতে হচ্ছে ডলফিনগুলোকে। এ ছাড়া শব্দদূষণের ফলে ইকোলোকেশন ক্লিকের মাধ্যমে চলাচলে বাধা পেয়ে সেগুলো বিভ্রান্তও হয়ে পড়ছে। ফলে নৌযানের সঙ্গে ধাক্কা লাগার ও প্রোপেলার ব্লেডের আঘাত পাওয়ার ঝুঁকি বাড়ছে ডলফিনগুলোর। বাড়ছে আহত হওয়া ও মৃত্যুর ঝুঁকিও।
২০০৯ সালে বারানসি-কলকাতা পথে নৌবিহার চালু হয়েছিল। এরপর বিশ্বব্যাংকের অর্থায়নে ভারতের অভ্যন্তরীণ নৌপথগুলোর জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হয়। এর নাম ন্যাশনাল ওয়াটার ওয়ে-১ (এনডব্লিউ-১) বা ‘জল মার্গ বিকাশ’ প্রকল্প। ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার ‘পরিবেশবান্ধব উপায়ে’ পর্যটন খাতের প্রসার ও পণ্যবাহী নৌযান চলাচল বাড়াতে এই প্রকল্প কাজে লাগাচ্ছে।
ভারতের অন্তরা ক্রুইজেসের বিপণন বিভাগের পরিচালক কাশিফ সিদ্দিকি বলেন, এমভি গঙ্গা বিলাস এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে এতে চড়ে নৌবিহারে যেতে আগামী দুই বছরের সব টিকিট বিক্রি হয়ে গেছে। তাঁর ভাষ্যমতে, পরিবেশসংক্রান্ত সতর্কতা এবং সরকারি নির্দেশনা মেনেই এমভি গঙ্গা বিলাস পানিতে নামানো হয়েছে।
এই নৌবিহার ঘিরে চালানো প্রচার-প্রচারণাতেও একই কথা বলা হয়েছে। যেমন একটি প্রচারণার ভাষা এমন, ‘যেসব পুরোনো নদীর ওপর দিয়ে গঙ্গা বিলাস যাবে, সেগুলোর প্রতি সম্মান দেখাতেই প্রমোদতরিটিতে দূষণ রোধ ও কোলাহল নিয়ন্ত্রণের প্রযুক্তি যুক্ত করা হয়েছে।’
বর্তমানে এনডব্লিউ-১ গঙ্গা ও এনডব্লিউ-২ ব্রহ্মপুত্র নৌপথে প্রায় ১০০ প্রমোদতরি চলাচল করছে। সংখ্যাটা ১০ গুণ বাড়ানোর পথে হাঁটছে ভারত সরকার। পরিবেশবাদীরা বলছেন, নৌবিহারের সংখ্যা এ পর্যায়ে বৃদ্ধি করা হলে তা নদীর বাস্তুসংস্থানের ওপর ব্যাপকভাবে বিরূপ প্রভাব ফেলতে পারে। উদাহরণ হিসেবে বলতে হয়, গঙ্গার বারানসি অংশে সাত কিলোমিটার সংরক্ষিত এলাকাজুড়ে কচ্ছপের একটি অভয়ারণ্যের কথা। ২০১৯ সালে অভয়ারণ্যটিতে আর কচ্ছপের দেখা পাওয়া যায়নি। সমালোচকেরা বলছেন, এ এলাকার নৌপথের উন্নয়নের কারণেই অভয়ারণ্যটি ধ্বংস হয়ে গেছে।
প্রমোদতরির চলাচলের জন্য ন্যূনতম গভীরতা ধরে রাখতে এনডব্লিউ-১ গঙ্গা নৌপথে নিয়মিত খনন করার প্রয়োজন পড়বে। এতে সৃষ্টি হবে উচ্চমাত্রার কম্পন ও শব্দদূষণ। এটি নদীর জীববৈচিত্র্যের ওপর প্রভাব ফেলবে বলে আশঙ্কা করছেন পরিবেশবাদীরা।
ভারতের অভ্যন্তরীণ নৌপথ কর্তৃপক্ষ একটি পরিবেশগত মূল্যায়ন করেছিল। সেখানে বলা হয়েছিল, খননের ফলে সৃষ্ট শব্দদূষণের কারণে মাছ, ডলফিন ও কচ্ছপের আচরণে যে পরিবর্তন এসেছে, তা ‘উল্লেখ করার মতো না-ও হতে পারে’। এ শব্দদূষণ এগুলোর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে বলেও মনে হয় না। কারণ, খননের সময় এসব প্রাণী সাধারণত ওই জায়গা থেকে সরে যায়।
তবে কর্তৃপক্ষের এই বক্তব্য মানতে নারাজ গঙ্গার উন্নয়নে কাজ করা বিহার রাজ্যের একটি কমিটির (গঙ্গা রেজুভিনেশন, প্রোটেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কমিটি) সদস্য সুনীল কুমার চৌধুরী। তাঁর ভাষ্যমতে, নদী সাগরের মতো বিস্তৃত নয়। নদীতে জলজ প্রাণীদের চলাচলের স্থান সীমাবদ্ধ। ফলে ড্রেজিংয়ের সময় ওই স্থান থেকে সরে যাওয়ার সুযোগ নদীর ডলফিনের থাকে না।
ভারত সরকার ‘ব্যবসায়িক স্বার্থে’ পরিবেশ সুরক্ষার বিষয়গুলো এড়িয়ে গেছে বলে মনে করেন মহারাষ্ট্র রাজ্যের পুনেভিত্তিক মন্থন অধ্যয়ন কেন্দ্রের গবেষক অভিল ভার্মা। পানি ও জ্বালানিসংক্রান্ত নীতিমালা নিয়ে গবেষণায় যুক্ত রয়েছে এই প্রতিষ্ঠান। অভিল ভার্মা বলেন,
‘আজ যদি সতর্কতামূলক (পরিবেশ) সংরক্ষণ নীতিমালা প্রয়োগ করা না হয়, তাহলে নৌপথগুলো দীর্ঘ মেয়াদে টেকসই হবে না। গাঙ্গেয় ডলফিনের আবাসস্থল ও অস্তিত্ব বিপদের মুখে ফেলে আপনি গঙ্গায় নৌবিহারকে ইকো-ট্যুরিজম (প্রকৃতির ক্ষতি না করে পর্যটন) হিসেবে প্রচারণা চালাতে পারেন না।’
● শ্বেতা দেশাই গবেষক ও সাংবাদিক
অনুবাদ: শেখ নিয়ামত উল্লাহ