
যোগী-রাজ্য উত্তর প্রদেশের লখিমপুর খেরি জেলা আরও একবার সংবাদের শিরোনামে এল গতকাল বুধবার। ওই দিন সন্ধ্যায় ১৭ ও ১৫ বছরের দুই নাবালিকা সহোদরার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। সংবাদ সংস্থাকে রাজ্য পুলিশ জানিয়েছে, ওই দুই কিশোরীকে ধর্ষণের পর শ্বাস রোধ করে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়। সেই অপরাধের অভিযোগে পুলিশ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে।
রাজ্য পুলিশের দাবি, ধৃত ব্যক্তিদের মধ্যে পাঁচজন ওই কুকর্মের সঙ্গে সরাসরি জড়িত। তাঁদের নাম সুহেল, জুনায়েদ, হাফিজুল রহমান, করিমউদ্দিন ও আরিফ। জেলা পুলিশের দাবি, সুহেল ও জুনায়েদ দুই বোনকে একটি আখখেতে ধর্ষণ করেন। তাঁদের সেই কাজে সাহায্য করেন বাকিরা। প্রমাণ লোপেও তাঁরা সক্রিয় ছিলেন। ধৃত ষষ্ঠ ব্যক্তির নাম ছোটু। সে ওই দুই নাবালিকার প্রতিবেশী। অভিযুক্তদের সঙ্গে ওই দুই বোনের পরিচয় ছোটুই করিয়ে দিয়েছিল বলে পুলিশের দাবি। ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে পুলিশ জানায়।
কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের সময় লখিমপুর খেরিতে এক ঘটনায় চার কৃষকের মৃত্যু হয়েছিল। অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রর ছেলে আশিস গাড়ি চাপা দিয়ে মেরে ফেলেন চার কৃষককে। সেই ঘটনার জেরে ক্ষুব্ধ কৃষকদের আক্রমণে নিহত হন অন্য চারজন। আশিস আজও জেলবন্দী। মামলার নিষ্পত্তি এখনো হয়নি। কৃষকেরা যেখানে নিহত হয়েছিলেন এর কাছাকাছি এলাকাতেই দুই কিশোরী ধর্ষণের ঘটনা ঘটেছে। মৃতদেহ দুটি কাছাকাছি এলাকা থেকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।
দুই নাবালিকার মা জানান, মোটরবাইক আরোহীরা তাঁর কন্যাদের অপহরণ করেছিল। যদিও জেলা পুলিশের দাবি, তারা সবাই ছিল পূর্বপরিচিত। দুই বালিকা স্বেচ্ছায় ওই দুই অভিযুক্তের সঙ্গে গিয়েছিল। পরিচিত হওয়া সত্ত্বেও কেন তাদের খুন হতে হয়, সেই প্রশ্নের জবাবে জেলা পুলিশ জানায়, দুই সহোদরা ওই বন্ধুদের বিয়ে করার জন্য জোরাজুরি করেছিল। কিশোরীদের গলায় জড়ানো ছিল তাদেরই পরনের ওড়না।
দুই কিশোরীর মৃতদেহ উদ্ধারের পর গোটা তল্লাটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসী পুলিশের পথ অবরোধ করেন। পুলিশের কাজে বাধা দেন। জেলা পুলিশ কর্তারা জানান, ঘটনাটি যথেষ্ট স্পর্শকাতর। তাঁরা অত্যন্ত সাবধানতার সঙ্গে তদন্ত চালাচ্ছেন।
রাজ্যের বিরোধী দল সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব রাজ্য সরকারকে একহাত নিয়ে বৃহস্পতিবার এক টুইটে বলেছেন, যোগী সরকারের গুন্ডারা রাজ্যের মা-বোনদের তিষ্টোতে দিচ্ছে না। এটা লজ্জার কথা। কংগ্রেসও এই ঘটনার তীব্র নিন্দা করেছে।
উত্তর প্রদেশসহ গোটা দেশেই দলিতদের ওপর আক্রমণের ঘটনা বিরামহীন ঘটে চলেছে। ২০১৪ সালে বদাউনে দুই বোনের মৃতদেহ এভাবেই গাছে ঝুলন্ত অবস্থায় দেখা গিয়েছিল। দুই বছর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে হাথরস জেলায় এক দলিত নারীকে ধর্ষণ করে মেরে দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল। তা নিয়েও দেশ তোলপাড় হয়।