
ভারতের অন্যতম শিল্পপতি এবং বাঙালি শিল্পপতি সুব্রত রায় গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। স্বীকৃত ব্যাংকিং–ব্যবস্থার পাশাপাশি সমান্তরাল ব্যাংকিংয়ের কারবার করে অবিশ্বাস্য অর্থ উপার্জন করেছে সুব্রত রায়ের সংস্থা সাহারা ইন্ডিয়া গ্রুপ।
কিন্তু সেই ব্যবসা বিতর্কিত হওয়ায় শেষ পর্যন্ত কারাগারে যেতে হয়েছিল সুব্রতকে। মামলা এখনো শেষ হয়নি। বরাবরই সাহারা ইন্ডিয়া দাবি করেছে, আমানতকারীদের তারা কখনোই ঠকায়নি, আমানতকারীদের সব অর্থ ফেরত দেওয়া হয়েছিল। এই বক্তব্য অবশ্য বিতর্কিত।
পরে ২০১১ সালে তিন কোটি আমানতকারীকে অর্থ ফেরত দেওয়ার যে নির্দেশ ভারতের শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) সুব্রত রায়ের সংস্থাকে দিয়েছিল, তার জেরে এখন সাহারা ইন্ডিয়ার ২৫ হাজার কোটি টাকা সেবির কাছে গচ্ছিত রয়েছে।
এ অবস্থায় মারা গেলেন সুব্রত রায়, রয়ে গেল বিতর্ক—তিনি সেবির নির্দেশের আগেই অর্থ ফেরত দিয়েছিলেন কি না তা নিয়ে। তিনি সেই অর্থ দিয়ে থাকলে, এখন কেন তাঁকে নির্দোষ ঘোষণা করে ২৫ হাজার কোটি টাকা সাহারা ইন্ডিয়াকে ফেরত দেওয়া হবে, না তা নিয়ে।
আদতে ঢাকার কাছে বিক্রমপুরে পূর্বপুরুষের আদি ভিটা থাকলেও সুব্রত রায়ের জন্ম বিহারের আড়ারিয়া জেলায়। গত শতকের সত্তরের দশকের মাঝামাঝি তিনি একটি ছোট আর্থিক সংস্থায় কর্মী হিসেবে যোগ দেন। ভারতে এদের বলা হয় চিট ফান্ড সংস্থা বা এমন ধরনের সংস্থা, যারা বেশি সুদের প্রতিশ্রুতি দিয়ে আমানতকারীকে টাকা ব্যাংক বা সরকারি ফান্ডের পরিবর্তে বেসরকারি সংস্থায় রাখতে উৎসাহিত করেন।
সত্তরের দশকের শেষে ওই সংস্থাটিকে কিনে নেন সুব্রত রায়। ধীরে ধীরে এর ব্যবসা বাড়তে শুরু করে। এ ধরনের সংস্থাকে সে সময়ে বিহারে বলা হতো ‘প্যারা ব্যাংকিং’ বা সমান্তরাল ব্যাংকিং–ব্যবস্থা। এসব সংস্থা ছিল বেসরকারি এবং আংশিকভাবে বেআইনি। ভারতজুড়েই এই ব্যবসা অতীতেও ছিল, এখনো আছে।
পরবর্তী সময়ে জেষ্ঠ সাংবাদিক উত্তম সেনগুপ্ত বিষয়টি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করেন। ‘প্যারা ব্যাংকিং’ নিয়ে ধীরে ধীরে ভারতের মানুষের মধ্যে সচেতনতা বাড়ে। সেনগুপ্ত এই প্রতিবেদককে বলেছিলেন, বিহারের বাজারকে প্রায় পুরোপুরি ধরে ফেলার পরে নব্বইয়ের দশকের শেষের দিকে উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌয়ে চলে যান সুব্রত রায়। এখানে প্রতিষ্ঠা করেন তাঁর ‘সাহারা ইন্ডিয়া পরিবার’ যা কার্যত ‘সুব্রত রায় সাম্রাজ্যে’ পরিণত হয়েছিল।
প্রচারমাধ্যম, বিনোদন, রিয়েল এস্টেট, বিমান পরিবহন, ব্যাংকিং, শিক্ষা, হোটেল ব্যবসা থেকে বহু খাতে সুব্রত রায় বিনিয়োগ করেন। তাঁর সংস্থার কর্মীর সংখ্যা বাড়তে বাড়তে ১২ লাখ ছাড়িয়ে যায়। টাইম সাময়িকীর প্রতিবেদনে বলা হয়েছিল, ভারতীয় রেলের পর সে দেশে সবচেয়ে বেশি মানুষকে চাকরি দিয়েছেন সুব্রত রায়।
ভারতে গৌতম আদানির উত্থানের আগে এবং মুকেশ আম্বানির সংস্থা সারা ভারতসহ প্রায় গোটা বিশ্বে ছড়িয়ে পড়ার আগে বলা হতো ‘আলপিন টু এলিফ্যান্ট’ অর্থাৎ একটি আলপিন থেকে হাতি—সব ব্যবসাতেই আছেন সুব্রত রায়, যিনি নিজেকে ‘সাহারাশ্রী’ বলে পরিচয় দিতেন।
কিন্তু ২০১৪ সালে নরেন্দ্র মোদি এবং বিজেপি ক্ষমতায় আসার কিছুদিন আগে থেকে সুব্রত রায়ের বিপদ বাড়তে থাকে। এর একটা বড় কারণ, চিটফান্ড বা ‘প্যারা ব্যাংকিং’ নিয়ে বিভিন্ন রাজ্যে ও কেন্দ্রে তদন্ত শুরু হয়। প্রায় ১০০ শতাংশ ক্ষেত্রেই দেখা যায়, এই ব্যবসার সঙ্গে যুক্ত সংস্থা কখনোই পুরোপুরি গ্রাহকের অর্থ মেটাতে পারছে না। যদিও গত ১০ বছরে দেখা গেছে, অনেক সংস্থাই শেষ পর্যন্ত অর্থ মেটাতে পেরেছে।
এই একই অভিযোগে সুব্রত রায়ের দুটি সংস্থায় কারচুপি হয়েছে বলে অভিযোগ ওঠে। তাঁকে দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়। যদিও এই গোটা সময়েই সুব্রত রায়, তাঁর মালিকানাধীন সংস্থা ও আইনজীবীরা দাবি করেছেন, তাঁরা আমানতকারীদের অর্থ প্রায় পুরোপুরি ফেরত দিয়েছেন।
এরপরও সেবির চাপে সুব্রত রায়কে ২৫ হাজার কোটি টাকা জমা রাখতে হয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার ব্যাংক হিসাবে। এখন পর্যন্ত ১০০ কোটি টাকার কিছু কম সেবি জমা করেছে আমানতকারীদের ব্যাংক হিসাবে। সুব্রত রায়ের মৃত্যুর পরে প্রশ্ন, শেষ পর্যন্ত এই অর্থের কী হবে। সেটা কি সাহারা ইন্ডিয়ার কাছে ফেরত যাবে, নাকি গচ্ছিত থাকবে সেবির কাছেই।
সামনে এই প্রশ্নও চলে আসতে পারে, সত্যিই কি অপরাধী ছিলেন সুব্রত রায় নাকি অন্য বড় শিল্পপতিদের জায়গা করে দিতে তাঁকে ফাঁসানো হয়েছিল? বিতর্কের অবসানের আগেই শেষনিশ্বাস ত্যাগ করলেন স্বাধীন ভারতের বড় বাঙালি শিল্পপতি।