‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী
‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী

হিন্দুত্ববাদী সাভারকরকে নিয়ে আত্মকথায় ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়াকে আইনি নোটিশ

আত্মকথায় বিনায়ক দামোদর সাভারকরের জীবন ও আদর্শ ‘বিকৃতভাবে’ তুলে ধরার অভিযোগে কংগ্রেসনেত্রী সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশটি পাঠিয়েছেন বিনায়ক দামোদর সাভারকরের ছোট ভাই নারায়ণ দামোদর সাভারকরের নাতি সাত্যকি সাভারকর।

হিন্দুত্ববাদী মতাদর্শের এই প্রবক্তার বিরুদ্ধে সোনিয়া তাঁর আত্মকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’–এ ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন বলে অভিযোগ জানিয়ে সেই আইনি নোটিশে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে কংগ্রেসনেত্রীকে লেখার ওই অংশ সংশোধন করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে। তা না হলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সাত্যকির পক্ষে তাঁর আইনজীবী সংগ্রাম কোলহতকর ওই নোটিশ পাঠিয়ে বলেছেন, বিলংগিংয়ের ২০১ ও ৪৪৩ পৃষ্ঠায় সোনিয়া সাভারকর সম্পর্কে কিছু ‘আপত্তিকর’ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ওইসব মন্তব্য ‘তথ্যগতভাবে ভুল, ঐতিহাসিক দিক থেকে বিভ্রান্তিকর, মানহানিকর এবং বীর সাভারকরের ভাবমূর্তি ও উত্তরাধিকারীদের পক্ষে ক্ষতিকর’। অতএব সোনিয়া গান্ধী ওই মন্তব্য সংশোধন করুন ও ক্ষমা চান। নইলে আইনি দিক দিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

সোনিয়াকে আরও বলা হয়েছে, মন্তব্যের সমর্থনে তাঁর কাছে তথ্যপ্রমাণ থাকলে তিনি তা দাখিল করতে পারেন।

সাত্যকি সাভারকর এর আগে সংবাদ সংস্থা এএনআইকে বলেছিলেন, বইটিতে বীর সাভারকর সম্পর্ককে লেখা কয়েকটি পৃষ্ঠা তিনি পড়েছেন। সেখানে কোনো সূত্র ছাড়াই মন্তব্যসহ কিছু বাক্য লেখা হয়েছে।

সাত্যকি তখন কর্নাটক সফর করছিলেন জানিয়ে এএনআইকে বলেছেন, পুরো বই তিনি পড়েননি। বীর সাভারকরকে নিয়ে করা কিছু মন্তব্য পড়েছেন মাত্র। সোনিয়া তাঁর মন্তব্যের সমর্থনে কোনো সূত্রের উপস্থাপনা করেননি। সাত্যকি আরও বলেছিলেন, এ সময় পুরো বইয়ের ওপর কোনো রকম নিষেধাজ্ঞার দাবি তিনি করছেন না।

কী লিখেছেন সোনিয়া? বিলংগিংয়ের ২০১ পৃষ্ঠায় যেখানে তিনি বীর সাভারকর সম্পর্কে মন্তব্য করেছেন, সেই অধ্যায়টিতে সোনিয়া জরুরি অবস্থা জারির সময়কার ইন্দিরা গান্ধীর মানসিক অবস্থার বর্ণনা করেছেন।

সেই প্রসঙ্গে সোনিয়া লিখেছেন, আরএসএস নিয়ে তাঁর (ইন্দিরার) বিদ্বেষ ও বিতৃষ্ণার জন্ম স্বাধীনতা আন্দোলনের সময় থেকেই। ব্রিটিশদের হাতে কংগ্রেসের স্বাধীনতা সংগ্রামীরা যখন নির্যাতিত হচ্ছেন, বন্দী জীবন কাটাচ্ছেন, বিনায়ক দামোদর সাভারকরের মতো আরএসএসের প্রবীণ প্রবক্তারা তখন তাঁদের ঔপনিবেশিক প্রভুদের কাছে ক্ষমা প্রার্থনা করে আবেদনপত্র পাঠাচ্ছেন এবং তাঁদের সমর্থকেরা তখন ব্রিটিশ কর্তৃপক্ষের হয়ে চরবৃত্তি করছেন।

সোনিয়া লিখেছেন, হিন্দু রাষ্ট্র গঠনের পথে কংগ্রেসকে আরএসএস সব সময় বাধা হিসেবে দেখে এসেছে। সেই রাষ্ট্রে অন্য ধর্মাবলম্বীরা দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে গণ্য হবেন। তাদের প্রধান প্রবক্তারা নিজেদের লেখা ও ভাষণে হিটলারের গুণগান গাইতেন। সংখ্যালঘুদের সম্পর্কে হিটলারের নীতির প্রশংসা করতেন। কংগ্রেস সব সময় মনে করে এসেছে, কখনো ক্ষমতায় এলে ওদের বিভেদকামী, নিপীড়ন ও কর্তৃত্ববাদী আদর্শ দেশের একতাকে বিনষ্ট করে দেবে। তাদের তিনি (ইন্দিরা) ফ্যাসিবাদী শক্তি মনে করতেন। ভাষণে, জনসভায়, সম্মেলনে বারবার ওদের বিষয়ে সবাইকে সতর্ক করে দিতেন।

৪৪৩ পৃষ্ঠাতেও সোনিয়া আরএসএসের হিন্দুত্ববাদী চরিত্র নিয়েই লিখেছেন। তিনি লিখেছেন, একটা বিপরীত মতবাদ হলো ভারত প্রধানত এমন এক রাষ্ট্র, যেখানে হিন্দুরাই সুপ্রিম বা সর্বেসর্বা। এই মতবাদ ছিল গান্ধীজিরই সমসাময়িক বিনায়ক দামোদর সাভারকরের। সেই মতবাদ আরএসএস, বিজেপি ও সারা দেশে ছড়িয়ে থাকা তাদের অগুনতি শাখা সংগঠন সমর্থন করে এসেছে। তারা ‘সংঘ পরিবার’ বা ‘আরএসএসের পরিবার’ বলে পরিচিত।

সোনিয়া লিখেছেন, ‘সেই আদর্শ সংবিধান ও সাংবিধানিক অধিকারের পরিপন্থী। কারণ, তারা মনে করে ওসব হিন্দু সভ্যতার বিরুদ্ধে। তারা রক্ষণশীল আদর্শ ও পুরুষতান্ত্রিকতায় বিশ্বাসী, যা শতকের পর শতক ধরে চলে এসেছে। তারা ক্ষমতা ও সম্পদের কেন্দ্রীকরণে বিশ্বাসী। গত চার দশকে তারা বৃহৎ ব্যবসায়ীদের অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থন পেয়েছে। তাদের অর্থনৈতিক স্বার্থও অভিন্ন। বিজেপির বর্তমান নেতৃত্বও সেই আদর্শ মেনে চলেছে।’

সোনিয়াকে আইনি নোটিশ দেওয়ার বিষয়ে দুপুর পর্যন্ত কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। সাভারকরকে নিয়ে বিতর্ক যদিও নতুন নয়। সাভারকর সম্পর্কে রাহুল গান্ধীর মন্তব্য ঘিরে এর আগে মহারাষ্ট্রে ‘ইন্ডিয়া’ জোটের শরিক উদ্ধব ঠাকরের শিব সেনার সঙ্গে কংগ্রেসের সম্পর্কহানির উপক্রমও হয়েছিল।