বিধানসভা নির্বাচন

ত্রিপুরায় ভোট অনুষ্ঠিত, বিভিন্ন স্থানে হামলা–ভাঙচুরের অভিযোগ

ত্রিপুরার একটি ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি
ছবি: সংগৃহীত

ভারতের ত্রিপুরায় বিধানসভা নির্বাচন কিছু বিক্ষিপ্ত ঘটনা বাদ দিয়ে মোটামুটি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি জেলার ভোটকেন্দ্রে হামলা ও প্রতিপক্ষের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে।

এদিকে নির্বাচনে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছে বিজেপি, কংগ্রেস ও উপজাতি সম্প্রদায়ের দল তিপ্রা মথা। আর ফলাফল বানচাল করতে বিজেপি চেষ্টা করছে বলে অভিযোগ করেছে সিপিআইএম।

আজ বৃহস্পতিবার সকাল আটটায় বিধানসভায় ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ৮১ শতাংশ ভোটার বিভিন্ন কেন্দ্রে ভোট দেন। সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিভিন্ন কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। রাতে এ সংখ্যা হালনাগাদ করলে ভোটদানের হার আরও বাড়তে পারে।

নির্বাচনে দলের জয় নিশ্চিত বলে দাবি করেছেন কংগ্রেস নেতা সুদীপ রায়বর্মন। একই দাবি করেছেন তিপ্রা মথার প্রধান প্রদ্যুৎ দেববর্মন। বিজেপি নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, জয়ের ব্যাপারে তিনি পুরোপুরি আত্মবিশ্বাসী।

সকালে ভোট গ্রহণ শুরুর পরপরই রাজ্যের বিভিন্ন স্থান থেকে বৈদ্যুতিক ভোটিং মেশিনে গোলযোগের অভিযোগ পাওয়া যায়। সকাল ১০টার দিকে বিভিন্ন কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। লাইনে অপেক্ষায় থাকা ভোটাররা বলেন, তাঁদের কেউ কেউ দুই ঘণ্টা, কেউবা চার ঘণ্টার বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। দুপুর ১২টা পর্যন্ত অধিকাংশ কেন্দ্রে এমন চিত্র দেখা যায়।

মুখ্য নির্বাচনী কর্মকর্তা কিরণ গিত্যে সাংবাদিকদের বলেন, ত্রিপুরার ৩ হাজার ৩৩৭টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। মাত্র ৪০ থেকে ৪৫টি ভোটযন্ত্রে কিছু সমস্যা দেখা দেয়। কয়েকটি কেন্দ্রে ২০ থেকে ২৫ মিনিট ভোট গ্রহণ বন্ধ থাকার পর পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।

এদিকে রাজ্যের বেশ কয়েকটি ভোটকেন্দ্র থেকে গন্ডগোলের খবর পাওয়া গেছে। গোমতি জেলার কাকড়াবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৩ ও ৪ নম্বর ভোটকেন্দ্র, পশ্চিম ত্রিপুরার চড়িলাম বিধানসভা কেন্দ্রের ১ ও ২ নম্বর বুথ, আগরতলার একাধিক কেন্দ্রের বুথে গন্ডগোল হয়েছে। এ ছাড়া মজলিশপুর, মোহনপুর, বনমালীপুর, সোনামুড়া থেকেও গন্ডগোলের খবর পাওয়া গেছে। অধিকাংশ ক্ষেত্রেই বিজেপির বিরুদ্ধে ঝামেলা বাধানোর অভিযোগ করেছে বিরোধী দলগুলো।

এ ছাড়া এক নির্বাচনী কর্মকর্তাও মজলিশপুর কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করেছেন। পার্বত্য অঞ্চলে উপজাতীয় দল তিপ্রা মথার বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ করেছে বিজেপি। এসব অঞ্চলে পোলিং এজেন্টের ওপর হামলার অভিযোগ করেছে সিপিআইএম।

সিপাহিজালা জেলার বক্সানগর অঞ্চলে সিপিআইএমের স্থানীয় নেতা বিজেপির সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন। গোমতি জেলার কাকড়াবন কেন্দ্রে দুই এজেন্টকে পেটানো ও পশ্চিম ত্রিপুরার খয়েরপুরে দলীয় প্রার্থী পবিত্র করের গাড়ি ভাঙচুরের অভিযোগ করেছে সিপিআইএম।

এ অবস্থায় ভোট লুট রুখতে জনগণকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন রাজ্য সিপিআইএমের সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। দুপুর ১২টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, পরাজয় নিশ্চিত জেনে শাসক দল নির্বাচনে বিঘ্ন সৃষ্টি করতে পারে।

জিতেন্দ্র চৌধুরী বলেন, ‘কোথাও পিছু হটবেন না। রাস্তায় নামুন। যাঁরা এখনো ভোটকেন্দ্রে যেতে পারেননি, যদি কোথাও গন্ডগোল দেখেন, তবে একসঙ্গে নেমে আসুন। নিকটবর্তী সেক্টরে যে পুলিশ পর্যবেক্ষক, সিভিল পুলিশ বা সেক্টর অফিসার রয়েছেন, তাঁদের সাহায্য নিন।’ তিনি বলেন, ‘যেসব বন্ধু ইতিমধ্যে ভোট দিয়ে ফেলেছেন, তাঁদের বলব, আপনারা রাস্তায় থাকুন। অবশিষ্ট যে ভোটাররা এখনো ভোট দিতে পারেননি, তাঁদের ভোট শান্তিপূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত, বিজেপির সমূহ পরাজয় সুনিশ্চিত করতে শেষ মুহূর্ত পর্যন্ত সবাই রুখে দাঁড়ান।’

নির্বাচনে দলের জয় নিশ্চিত বলে দাবি করেছেন কংগ্রেস নেতা সুদীপ রায়বর্মন। একই দাবি করেছেন তিপ্রা মথার প্রধান প্রদ্যুৎ দেববর্মন। বিজেপি নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, জয়ের ব্যাপারে তিনি পুরোপুরি আত্মবিশ্বাসী।

দীর্ঘ ২৫ বছর পর ২০১৮ সালে বামফ্রন্টকে হারিয়ে ত্রিপুরার ক্ষমতায় আসে বিজেপি। সেবার ৯১ শতাংশের কিছু বেশি ভোট পড়েছিল। এবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে আগামী ২ মার্চ। সেদিন জানা যাবে এবারও কি বিজেপি ত্রিপুরার ক্ষমতায় আসছে, নাকি অন্য কোনো দল।