ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির প্রধান বিচারপতির বাসভবনে গণেশপূজায় অংশ নেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির প্রধান বিচারপতির বাসভবনে গণেশপূজায় অংশ নেন।

ভারত

চন্দ্রচূড়ের বাড়িতে মোদি, প্রবল রাজনৈতিক বিতর্ক

ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বাসভবনে গণেশপূজায় গিয়ে প্রবল রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিরোধীরা সরাসরি অভিযোগ করেছেন, এর মধ্য দিয়ে ‘অস্বস্তিকর বার্তা’ ছড়িয়ে দেওয়া হয়েছে। বিচার বিভাগের নিরপেক্ষতা পড়েছে প্রশ্নের মুখে।

শিবসেনা (উদ্ধব) নেতা সঞ্জয় রাউত এ কথাও বলেছেন, ‘এর ফলে বিচার বিভাগের প্রতি আস্থা কমে যেতে পারে। শিবসেনা বিভাজনসংক্রান্ত মামলা অনেক দিন ধরে প্রধান বিচারপতির এজলাসে পড়ে আছে। প্রধানমন্ত্রীর দল সেই মামলার সঙ্গে যুক্ত। এখন আমরা সন্দিহান হয়ে পড়ছি ওই মামলায় সুবিচার পাব কি না, তা ভেবে। এরপর প্রধান বিচারপতির উচিত নিজেকে ওই মামলা থেকে সরিয়ে নেওয়া।’

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এ বছরের ১১ নভেম্বর অবসর নেবেন।

শিবসেনায় ভাঙন ধরিয়ে মহারাষ্ট্রে সরকার গড়েছে বিজেপি। শিন্ডে অনুগামীর ৩৯ জনের সদস্যপদ খারিজ করে দিয়েছিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। কিন্তু লোকসভার স্পিকার সেই নির্দেশ বাতিল করে দেন। নির্বাচন কমিশনও শিন্ডেগোষ্ঠীকে আদি শিবসেনা বলে স্বীকৃতি দেয়। একনাথ শিন্ডে এখন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। গত জানুয়ারি মাস থেকে সেই মামলা প্রধান বিচারপতির এজলাসে রয়েছে। সঞ্জয় রাউতের আশঙ্কা, ওই মামলায় এখন তাঁরা সুবিচার পাবেন কি না, তা নিয়ে। তা ছাড়া রাজ্যের বিধানসভা ভোটের আগে মামলার সুরাহা হবে কি না, সে বিষয়েও তাঁরা সন্দেহ প্রকাশ করেছেন।

গত বুধবার প্রধানমন্ত্রী মোদি দিল্লিতে প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বাড়িতে যান গণেশপূজা উপলক্ষে। সেখানে তিনি আরতি করেন। ‘এক্স’ হ্যান্ডেলে সেই ছবি দিয়ে পোস্ট করেন প্রধানমন্ত্রী নিজেই। লেখেন, ‘ভগবান গণেশ আমাদের সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য দিন।’ ছবিতে দেখা যায়, মহারাষ্ট্রের মানুষজন যে ধরনের টুপি পরেন, তেমন একটা সাদা টুপি পরে মোদি গণেশের আরাধনা করছেন। পাশে সস্ত্রীক প্রধান বিচারপতি।

মহারাষ্ট্রের হিন্দুদের সবচেয়ে বড় উৎসব গণেশপূজা। চন্দ্রচূড় মহারাষ্ট্রের অধিবাসী। প্রধান বিচারপতির বাসভবনের পূজায় তাঁর আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছিলেন কি না, তা জানা যায়নি। যদিও রাজনীতিবিদদের পাশাপাশি আইনজীবীরাও এ নিয়ে প্রশ্ন তুলেছেন।

সঞ্জয় রাউত বলেন, ‘গণেশপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী কোথায় কোথায় গেছেন, তা জানা নেই। দিল্লিতে বহু জায়গায় এই পূজা হয়। দিল্লিতে মহারাষ্ট্র সদনে সরকারের পক্ষে পূজা করা হয়। কিন্তু প্রধানমন্ত্রী গেলেন প্রধান বিচারপতির বাড়ি। দুজনে মিলে আরতি করলেন। আমরা মনে করি, সংবিধানের রক্ষক এভাবে রাজনৈতিক নেতাদের সঙ্গে মিশলে মানুষের মনে সন্দেহ জাগবেই। যেখানে এমন সন্দেহ জাগে, যেখানে মামলাকারী কোনো এক পক্ষের সঙ্গে বিচারপতির যোগসূত্র থাকে, সেখানে সেই মামলা থেকে বিচারপতিরা নিজেকে প্রত্যাহার করে নেন। আমার মনে হয়, প্রধান বিচারপতিরও উচিত শিবসেনা মামলা থেকে নিজেকে সরিয়ে নেওয়া।’

সঞ্জয় রাউতের সঙ্গে সুর মিলিয়ে ক্ষোভ প্রকাশ করেন তাঁর দলের নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী। শিবসেনা মামলা বারবার মুলতবি হওয়ায় প্রশ্ন তুলে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘পূজা মিটে যাওয়ার পর আশা করি প্রধান বিচারপতি মহারাষ্ট্রের মামলাটার নিষ্পত্তিতে একটু সময় পাবেন। সংবিধানের ১০ অনুচ্ছেদ কীভাবে ভূলুণ্ঠিত হয়েছে, তার সবচেয়ে বড় প্রমাণ শিবসেনার বিভাজন। অবশ্য কে বলতে পারে, শিয়রে রাজ্যের ভোট, তাই মামলার দিন আরও একবার পিছিয়ে যাবে কি না!’

শিবসেনা ছাড়াও এ বিষয়ে গুরুতর প্রশ্ন তুলেছে আরজেডি। প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ ও ইন্দিরা জয়সিংও। এক্সে পূজার ছবি দিয়ে আরজেডি নেতা মনোজ ঝা প্রথমে লেখেন, ‘ভদ্রমহোদয়েরা, এটাই আমাদের গণতন্ত্রের স্বরূপ। জয় হিন্দ।’ পরে কটাক্ষ করে পিটিআইকে তিনি বলেন, ‘পূজা–অর্চনা নিতান্তই ব্যক্তিগত বিষয়। কিন্তু আপনি গেলেন সঙ্গে ক্যামেরা নিয়ে! এর মধ্য দিয়ে যে বার্তা ছড়িয়ে পড়ল, তা অস্বস্তিকর। দেশের প্রধান বিচারপতি ও প্রধানমন্ত্রী বিশাল ব্যক্তিত্ব। তাঁরা যদি এই ছবি জনসমক্ষে তুলে ধরেন, তাহলে আমরা কীই–বা বলতে পারি?’

সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ বিস্মিত এটা দেখে যে প্রধান বিচারপতি তাঁর বাসভবনে ব্যক্তিগত কারণে প্রধানমন্ত্রীকে আসতে দিলেন! এক্সে তিনি লিখেছেন, ‘বিচার বিভাগের কাছে এটা খারাপ বার্তা পাঠাবে। মানুষের মৌলিক অধিকার রক্ষিত হচ্ছে কি না, তা দেখার দায়িত্ব বিচার বিভাগেরই। সরকার সংবিধানমাফিক চলছে কি না, তা দেখার দায়িত্বও বিচার বিভাগের। এ কারণে সরকার ও আমলাশাহির সঙ্গে বিচার বিভাগের দূরত্ব রাখা হয়।’

আইনজীবী ইন্দিরা জয় সিংও এ প্রসঙ্গের অবতারণা করে বলেছেন, ‘ক্ষমতার এই ভাগাভাগি প্রধান বিচারপতি রাখলেন না। বিচার বিভাগের স্বাধীনতার ওপর আর কোনো ভরসা থাকল না। সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের উচিত, প্রকাশ্যে এর নিন্দা করা।’

বিজেপি মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা এই সমালোচনা উড়িয়ে বলেছেন, ‘গণেশপূজা করা অপরাধ নয়। এ ধরনের অনুষ্ঠান, বিয়েতে যোগ দিলে সুপ্রিম কোর্ট বা প্রধান বিচারপতির আনুগত্য কিংবা সততা নিয়ে প্রশ্ন তোলা অনুচিত।’ তিনি বলেন, মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালে ২০০৯ সালে ইফতার পার্টি দিয়েছিলেন। সেখানে যোগ দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি কে জি বালাকৃষ্ণান।

বিরোধীরা বলছেন, প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সেই অনুষ্ঠান ছিল সরকারি। সেখানে বহু মানুষ যোগ দিয়েছিলেন। এবার চন্দ্রচূড়ের বাড়ির অনুষ্ঠান ব্যক্তিগত।

মহারাষ্ট্রের শিবসেনার কর্তৃত্বের প্রশ্ন ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সবচেয়ে আলোচিত মামলা শিল্পপতি আদানিগোষ্ঠীকে নিয়ে। হিন্ডেনবার্গ প্রতিবেদনের অভিযোগের ভিত্তিতে ভারতের শেয়ারবাজারের নিয়ন্ত্রক ‘সেবি’র চেয়ারপারসন মাধবী পুরী বুচের আচরণ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির অনুসন্ধানও হয়ে দাঁড়িয়েছে প্রশ্নবিদ্ধ। নতুন নতুন অভিযোগ আসছে প্রতিদিন। সুপ্রিম কোর্ট এখনো স্বতঃপ্রণোদিত হয়ে নতুন কোনো নির্দেশ দেননি।