বামপন্থী ইতিহাসবিদেরা ইতিহাস বিকৃত করেছেন: আসামের মুখ্যমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা
ছবি: টুইটার থেকে নেওয়া

এবারে ভারতের ইতিহাসবিদদের আক্রমণ করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বিশেষত তাঁর ভাষায় বামপন্থী ইতিহাসবিদদের।

গতকাল রোববার হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র শাখা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী বিশ্বশর্মা বলেন, ‘বামপন্থীরা সব সময় আমাদের ইতিহাসকে বিকৃত করেছে। তারা ভারতের মানুষকে একটা হেরে যাওয়া জাতি হিসেবে তুলে ধরেছে।’

২০২১ সালে নির্বাচনে জিতে আসামে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে হেমন্ত বিশ্বশর্মা ধারাবাহিকভাবে মুসলমান সমাজ এবং বিশেষত বাঙালি মুসলমান সমাজের বিরুদ্ধে নানান মন্তব্য করেছেন। এর পাশাপাশি একাধিক পদক্ষেপ নিয়েছেন, যা বাঙালি মুসলমানকে আসামে নানাভাবে বিপদে ফেলেছে। প্রায় প্রতি মাসেই তিনি এমন কোনো মন্তব্য করেন বা পদক্ষেপ নেন, যা কোনো না কোনোভাবে সংখ্যালঘুদের বিপদে ফেলে। এবারে তিনি আক্রমণ করলেন ইতিহাসবিদদের।

আসাম এবং ভারত যে পরস্পরের সঙ্গে সম্পূর্ণভাবে সম্পৃক্ত, তা তুলে ধরতে তিনি অসংখ্য উদাহরণ দেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, ‘ভাষাগত পার্থক্যের ভিত্তিতে জাতীয়তাবাদ বামপন্থীদের কৌশল ছিল। এই কৌশল দিয়ে তাঁরা তিন দশকের বেশি সময় আসামকে খণ্ড-বিখণ্ড করে রেখেছেন। বামপন্থীরা বরাবরই ভাষাকে ব্যবহার করেছেন সংঘাত সৃষ্টি করতে। অতীতে আমাদের নেতারা যদি এই প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতেন, তাহলে আমাদের এত অস্থিরতা এবং সমস্যা এত দিন ধরে দেখতে হতো না।’

ভারতে বরাবরই এই বিতর্ক চলেছে। বিতর্কটি হলো, ভারতের সংখ্যাগরিষ্ঠের ধর্ম, অর্থাৎ হিন্দু ধর্ম দেশগঠনের ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখে কি না, তা নিয়ে। ভারতের সমাজতাত্ত্বিক এবং রাজনীতিবিদদের একাংশের অভিমত ছিল, ভারতে এত ভাষা ও আঞ্চলিক সংস্কৃতি রয়েছে যে একটি ধর্মের মাধ্যমে তাকে ধরতে গেলে বিরাট সংঘাতের আশঙ্কা রয়েছে। সেই কারণেই স্বাধীনতার প্রায় ৩০ বছর পরে ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে চিহ্নিত করে ধর্মনিরপেক্ষ শব্দটি সংবিধানে ঢোকানো হয়।

এ ক্ষেত্রে ভাষাগত বৈচিত্র্যের এই তত্ত্বকে খারিজ করে দিয়ে মুখ্যমন্ত্রী বিশ্বশর্মা জোর দেন ভারতের ‘আত্মা’র ওপর। তিনি বলেন, ‘আমাদের (ভারত এবং আসাম) আত্মা একই। কিন্তু তার একটা বিকৃত চিত্রায়ণ এত দিন করা হয়েছে। যাঁরা এ কাজ করেছেন, তাঁরা আজ নিশ্চিহ্ন হয়ে গেছেন। এটা এক নতুন আসাম এবং এখানে আমরা গর্বিত অহমিয়া এবং গর্বিত ভারতীয়।’

এ ক্ষেত্রে হিমন্ত ধর্মভিত্তিক আত্মার কথাই বলেছেন।

কোনো জাতির ভাষার গুরুত্বও রয়েছে বলে মন্তব্য করেও আসামের মুখ্যমন্ত্রী বলেন, ভাষা কোনো সম্প্রদায়ের প্রধান চরিত্রনির্দেশক (আইডেন্টিটি) হতে পারে না। ধর্ম এবং ইতিহাস একই রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করে তিনি বলেন, ভাষা তখনই বাঁচবে, যখন ধর্ম এবং সাংস্কৃতিক ঐতিহ্য বাঁচবে; অর্থাৎ ধর্ম ও সাংস্কৃতিক ঐতিহ্যকে মুখ্যমন্ত্রী যে ভাষার সঙ্গে একই রকম গুরুত্ব দিতে চান, তা পরিষ্কার করে দেন।

সঠিক ইতিহাস জানার ওপর জোর দিয়ে বিশ্বশর্মা বলেন, বর্তমানে আসাম একটি বিশেষ রাজনৈতিক ও ভৌগোলিক যুগসন্ধিক্ষণে উপনীত হয়েছে। হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘এই সময়ে আমাদের সামনে নানা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সেই চ্যালেঞ্জের মোকাবিলায় আমাদের সঠিকভাবে ইতিহাস বুঝতে হবে।’

আসামের মানুষকে তার নির্দিষ্ট ও বিশিষ্ট সাংস্কৃতিক চরিত্র ও রাজনৈতিক গর্বের জায়গাগুলো চিহ্নিত করতে ও বুঝতে হবে বলেও তিনি বলেন।

তাৎপর্যপূর্ণভাবে রোববারই কলকাতায় অনুষ্ঠানে নোবেলজয়ী অধ্যাপক অমর্ত্য সেন বলেন, ‘একধরনের অবৈচিত্র্য ভারতকে কাবু করে ফেলছে। আমাদের এরই মধ্যে আশাবাদী হতে হবে।’