
ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করার সময়সীমা আরও ছয় মাস বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করেছে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভা।
২০১৯ সালের ১১ ডিসেম্বর ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় আইনটি পাস হয়। পরদিনই এই আইনে সই করেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সেদিন আইনটি প্রণয়নের বিজ্ঞপ্তি জারি করা হয়। এ আইনে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ধর্মীয় সংখ্যালঘুরা, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পারসি ও খ্রিষ্টান সম্প্রদায়ের নাগরিকেরা ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে আশ্রয় নিতে চাইলে সে ক্ষেত্রে তাদের নাগরিকত্ব দেবে ভারত সরকার।
এ আইন নিয়ে ভারতে ব্যাপক বিতর্ক ও আন্দোলন হয়। এর জেরে অন্তত ৮৩ জন মারা গিয়েছেন। আইনটিতে বলা হয়েছে, সব বেআইনি অনুপ্রবেশকারী যাঁরা ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে প্রবেশ করেছেন, তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে। তবে বেআইনি অনুপ্রবেশকারীদের মধ্যে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পারসি ও খ্রিষ্টানদের নাগরিকত্ব দেওয়া হলেও মুসলমানদের দেওয়া হবে না। সে কারণেই আইনটি নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়।
এ নিয়ে দেশব্যাপী আন্দোলন শুরু হলে আইনটি কার্যকর করতে বিলম্ব ঘটে। বিশেষ করে এ আইন কার্যকর করার বিধিমালা তৈরি না হওয়ায় কার্যকর করার প্রক্রিয়া পিছিয়ে যায়। তাই তিন বছর আগে সিএএ পাস হলেও তার বিধিমালা তৈরি না হওয়ায় রাজ্যসভায় আইনটি এখনো পাস হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও আইনটি কার্যকরের লক্ষ্যে প্রয়োজনীয় বিধিমালা তৈরির জন্য বারবার সময় চেয়ে নিচ্ছেন।
এবার নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনটি কার্যকর করার সময় মোট আটবার সময় বাড়িয়ে দিয়েছে। এর আগে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে আবেদন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হলে আবার মন্ত্রণালয় আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হলো।
এদিকে আইন কার্যকরে জোর দাবি জানিয়ে আসছে মতুয়া সম্প্রদায়। তবে বিজেপির কেন্দ্রীয় নেতারা বলছেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগেই আইনটি কার্যকর হবে। যদিও এ আইন কার্যকর করা নিয়ে খোদ মতুয়া সম্প্রদায়ের মানুষজন সংশয়ে। এ বছর আবার কাশ্মীরসহ ৯টি রাজ্যের বিধানসভা নির্বাচন হবে। এরপরই হবে লোকসভার নির্বাচন। তাই এ আইন লোকসভা নির্বাচনের আগে আদৌ কার্যকর হবে কি না, তাই সংশয়ে রয়েছে দেশের রাজনৈতিক মহল।