
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী এবং বর্ষীয়ান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা কিছুটা স্থিতিশীল। সোমবার সকালে তাঁর ফুসফুসের সিটি স্ক্যান করানো হয়। পরীক্ষা করানো হয় রক্তের। সব রিপোর্টই ভালো আসায় এবং ফুসফুসের সংক্রমণ আর না বাড়ায় তাঁর শরীর মোটামুটি স্থিতিশীল।
গত শনিবার সকালে প্রবল শ্বাসকষ্ট শুরু হলে বুদ্ধদেব ভট্টাচার্যকে দ্রুত বিশেষ অ্যাম্বুলেন্সে করে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে আসা হয়।
বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় তাঁর ভেন্টিলেশন খুলে দিয়ে তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে। খাওয়ানো হয়েছে তরল খাবার। চিকিৎসকেরা বলেছেন, আগামী ২৪ ঘণ্টা এভাবে পার করতে পারলে চিকিৎসায় তাঁর ভালো সাড়া মিলবে।
সোমবার বিকেল চারটার দিকে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে উডল্যান্ডস হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ সময় বুদ্ধদেব ভট্টাচার্য মমতাকে দেখে হাত নাড়েন। মমতা বুদ্ধদেবকে দেখে এসে বলেন, তাঁকে দেখে সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাত নেড়েছেন। তাঁর জ্ঞান আছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন। যদিও তাঁর সংকট কাটেনি। ফুসফুসে নতুন করে সংক্রমণ ঘটেনি। তাঁর চিকিৎসার জন্য উডল্যান্ডস হাসপাতালে গঠন করা হয়েছে ৯ সদস্যের মেডিকেল বোর্ড।
সোমবার সকালে হাসপাতালে তাঁকে দেখতে যান সিপিএমের নেতারা। বুদ্ধদেব ভট্টাচার্যের বয়স এখন ৭৯ বছর।
বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত।