ভারতে শিশুদের মধ্যেও কেন বাড়ছে ডায়াবেটিস

ডায়াবেটিস নিয়মিত চেক আপ করা দরকার
ফাইল ছবি: এএফপি

পার্থ শর্মার বয়স মাত্র ১৫। সে ডায়াবেটিসের রোগী। সময়মতো ইনসুলিন না নিলে রক্তে চিনির মাত্রা বেড়ে যাবে, এ কথা জানে সে। এর ফল কী হতে পারে, সেটিও তার জানা। তাই, স্কুল হোক বা বাসায়, ঠিক সময়ে দিনে পাঁচবার ইনসুলিন নেয় পার্থ। তার পরিবারে অনেকের আছে এই রোগ।

মুম্বাইয়ের বাসিন্দা পার্থ বলে, ‘আমি ঠিক সময়ে ইনসুলিন না নিলে আমার তেষ্টা পায়, আমি অচেতন হয়ে পড়ি। এক বছর ধরে আমি নিয়ম মেনে চলছি। আমার শরীর বোঝে, কখন আমাকে ইনসুলিন নিতে হবে।’

পুষ্টিবিশেষজ্ঞ দিব্যা সিং বলেন, কী শহর, কী মফস্বল—সব জায়গায় বাড়ছে শিশুদের মধ্যে ডায়াবেটিসের হার। করোনার পর ৮ থেকে ১০ বছর বয়সী শিশুদের মধ্যে টাইপ ২ ডায়াবেটিস আরও বেশি দেখা যাচ্ছে।

ডায়াবেটিস হওয়ার পেছনে রয়েছে প্রয়োজনের চেয়ে কম চলাফেরা বা খেলাধুলা করা, খাদ্যাভ্যাসে পরিবর্তন ও পারিবারিক ইতিহাস।

আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক একটি গবেষণা বলছে, আগে বিশ্বজুড়ে শিশুদের মধ্যে বেশি দেখা যেত টাইপ ১ ডায়াবেটিস। এখন দেখা যাচ্ছে টাইপ ২ ডায়াবেটিসও।

অল্প বয়সে ডায়াবেটিস থাকলে ভবিষ্যতে কিডনি, হার্ট বা চোখের সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের ডায়াবেটিস দিন দিন বাড়ছে৷ প্রাথমিক ধাপে রোগ চিনতে পারা, তার দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনা ও জটিলতা প্রতিরোধে দরকার বহুমুখী পরিকল্পনা।

টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিস

প্রথম ধরনের ডায়াবেটিসকে চিকিৎসকেরা চেনেন ‘জুভেনাইল’ বা অপ্রাপ্তবয়স্কদের ডায়াবেটিস হিসেবে। এ ধরনের ডায়াবেটিসে অল্পবয়সীদের শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না বলে রক্তে চিনির মাত্রা বেড়ে যায়।
২০২১ সালের পরিসংখ্যান বলছে, সেই বছর ভারতে প্রায় ১০ কোটি মানুষের ডায়াবেটিস ছিল। এ ছাড়া আরও ১৪ কোটি মানুষ ছিলেন প্রিডায়াবেটিক অর্থাৎ ডায়াবেটিসের আগের ধাপে৷

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ বা আইসিএমআর সেই একই গবেষণায় এটাও বলেছে, ২০২১ সালে ১৪ বছরের কম বয়সীদের মধ্যে ৯৫ হাজার ৬০০ ডায়াবেটিসে আক্রান্ত৷ এ ছাড়া প্রতিবছর নতুন করে ১৫ হাজার ৯০০ জন আক্রান্ত হচ্ছেন বলে জানায় তারা।

কিন্তু রক্তে চিনির মাত্রা খুব বেশি হলেও ডায়াবেটিস দীর্ঘমেয়াদি হলে তা টাইপ ২-তে পরিণত হয়৷ শিশুদের মধ্যে এই ধরনের ডায়াবেটিস বড়দের চেয়ে বেশি ক্ষতিকর।
স্বাভাবিকের চেয়ে বেশি ওজন, জীবনযাপন ও খাদ্যাভ্যাস এখানে খুবই গুরুত্বপূর্ণ।

অজ্ঞতা ও লজ্জার বিরুদ্ধে লড়াই

ডায়াবেটিসকে ঘিরে ভারতে প্রচলিত রয়েছে নানা ধরনের সামাজিক ট্যাবু ও অজ্ঞতা। অনেক সময় মা–বাবারা লজ্জায় স্কুল কর্তৃপক্ষকে তাঁদের বাচ্চার ডায়াবেটিসের কথা বলেন না। গণপরিসরে ইনসুলিন নেওয়ায়ও রয়েছে ট্যাবু।

পুষ্টিবিশেষজ্ঞ সুপর্ণা ঘোষ জেরাঠের মতে, শিশুদের ডায়াবেটিসের পেছনে রয়েছে বেশি মাত্রায় প্রক্রিয়াজাত চর্বি, চিনি ও লবণ খাওয়ার অভ্যাস। তিনি বলেন, ‘আমাদের সব বয়সেই ভারসাম্যযুক্ত খাবার খেতে হবে। শিশুদের বেশি করে স্বাস্থ্যকর খাবার খাওয়ানো উচিত।’

ভারতের উত্তর ও দক্ষিণে সবচেয়ে বেশি ডায়াবেটিসের হার। স্বাস্থ্যব্যবস্থার ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে রোগীদের নিজের জীবনের রাস নিজেকেই নিতে হবে, এমনটা মনে করেন ভারতের গণস্বাস্থ্যবিশেষজ্ঞ মনিকা অরোরা।

অরোরা বলেন, ডায়াবেটিস সম্পর্কে সঠিক তথ্য জানা ও তা মোকাবিলা করা জানতে হবে। এ ছাড়া রোগীদের প্রয়োজন সঠিক সময়ে ওষুধ ও ইনসুলিন। স্বাস্থ্যব্যবস্থাকেও রোগীর জ্ঞান বাড়ানো ও তার হাতে নিয়ন্ত্রণের রাস তুলে দেওয়া শেখাতে হবে৷
ভারতের প্রত্যন্ত অঞ্চলে তুলনামূলক শিশুদের ডায়াবেটিসের হার কম দেখা গেলেও বিশেষজ্ঞরা বলছেন, এটা আসলে অপর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবার ফল। কারণ, সেখানে সঠিকভাবে যাচাই করা হয় না বলে অজানা থেকে যায় শিশুদের ডায়াবেটিসের বাস্তব চিত্র।

ভারতে সবার কাছে সমানভাবে চিকিৎসা পৌঁছে দেওয়া বড় এক চ্যালেঞ্জ। দিল্লির এইমস বা অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের ডায়াবেটিসবিশেষজ্ঞ নিখিল টান্ডান বলেন, ‘আমরা আশা করছি, একসময় টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত শিশুদের কাছে প্রয়োজনীয় ওষুধ ও ইনসুলিন পৌঁছাতে আমরা সচেষ্ট হব।’
২০২২ সালের মে মাসে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সভায় ভারতকে মোট পাঁচটি ডায়াবেটিসবিষয়ক লক্ষ্য বেঁধে দেওয়া হয়। ২০৩০ সালের মধ্যে এই লক্ষ্যে পৌঁছাতে চেষ্টা করবে ভারত।