
বিপুল ভোটে জিতে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সঙ্গে গুজরাটের মাটিতেই তাদের আর এক লড়াই শুরু হতে চলেছে।
তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র এবং দিল্লির নেতা সাকেত গোখলে জামিন পাওয়ার পরেই তাঁকে গুজরাট পুলিশ আবার গ্রেপ্তার করেছে বলে অভিযোগ উঠেছে। এরপর আজ শুক্রবার আর কয়েক ঘণ্টার মধ্যেই গুজরাটে যাচ্ছে তৃণমূলের সংসদ সদস্যদের প্রতিনিধিদল। এই দলে রয়েছেন দোলা সেন, খলিলুর রহমান, অসিতকুমার মাল, শান্তনু সেন এবং সুনীলকুমার মণ্ডল।
সাকেতের বিরুদ্ধে আনা গুজরাট পুলিশের অভিযোগ খতিয়ে দেখা এবং তার প্রতিবাদ করাই তৃণমূলের প্রতিনিধিদলের লক্ষ্য।
কয়েক দিন আগে গুজরাটের মোরবি সেতু ভেঙে পড়া নিয়ে সরকারের সমালোচনা করে একটি টুইট করেছিলেন সাকেত। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুর্ঘটনাস্থল ঘুরে দেখার জন্য যে টাকা খরচ হয়েছে, তা ক্ষতিপূরণের অঙ্কের ছয় গুণ। এই বক্তব্যের স্বপক্ষে নথিও প্রকাশ করেন সাকেত। তাঁর এই অভিযোগ সামাজিক মাধ্যমে প্রচারিত হয়েছিল এবং যথেষ্ট জনপ্রিয়ও হয়েছিল। বিভিন্ন পত্রপত্রিকা তাঁর দেওয়া তথ্য প্রচার করেছিল।
গুজরাট প্রশাসনের অভিযোগ, ভুয়া নথির ভিত্তিতে এই তথ্য প্রচার করে প্রধানমন্ত্রীকে অপদস্থ করার চেষ্টা করেছেন সাকেত। এই অভিযোগে গুজরাটে নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গত মঙ্গলবার রাতে বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।
৪৮ ঘণ্টা পরে, গতকাল বৃহস্পতিবার সেই মামলায় জামিন পান তিনি। তৃণমূলের অভিযোগ, জামিনের কয়েক ঘণ্টার মধ্যেই আবার তাঁকে বিনা কারণে গ্রেপ্তার করা হয়েছে। এর প্রতিবাদ করতেই গুজরাট যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিদল।
সাকেতের গ্রেপ্তারের পরে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং রাজ্যসভার এমপি ডেরেক ও’ব্রায়েন টুইট করে বলেন ‘সাকেত গোখলে ও তৃণমূলকে হেনস্তা করছে গুজরাত পুলিশ। জামিন পাওয়ার পরেও আবার তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বিনা পরোয়ানায়।’
পুলিশ অসুস্থ সাকেতকে গ্রেপ্তার করে অজ্ঞাত জায়গায় নিয়ে গিয়েছে বলেও জানিয়েছে তৃণমূল।