বাঁ থেকে নরেন্দ্র মোদি ও অভিজিৎ দিপকে
বাঁ থেকে নরেন্দ্র মোদি ও অভিজিৎ দিপকে

মোদি ভারতের জন্য ‘অস্বস্তির কারণ’: মুক্তির পর প্রতিক্রিয়ায় অভিজিৎ দিপকে

আটকের এক দিন পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ‘ভারতের জন্য অস্বস্তির কারণ’।

ভারত এর আগে কখনো এত বড় ‘কাপুরুষ’ ও ‘জুলুমবাজ’ দেখেনি বলেও মন্তব্য করেন দিপকে।

গতকাল শনিবার মুম্বাই থেকে দিল্লি আসার পথে দিল্লি পুলিশ উড়োজাহাজের ভেতর থেকে দিপকেকে আটক করে। প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর আদালতের নির্দেশে মুক্তি পান দিপকে।

আজ রোববার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে দিপকে লিখেছেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ। এত বড় কাপুরুষ ও জুলুমবাজ এ দেশ আগে কখনো দেখেনি।’

শনিবার দিল্লিতে ব্যাপক ধরপাকড়ের পরও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ রোববার বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে সিজেপি। স্থানীয় সময় আজ বেলা দুইটায় সিজেপির সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

গতকাল শনিবার যন্তর মন্তরে সিজেপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে বেঙ্গালুরু থেকে মুম্বাই হয়ে দিল্লি পৌঁছান অভিজিৎ দিপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকে তিনজনকে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজের ভেতর থেকে আটক করা হয়।

ভারতের নয়াদিল্লির দিল্লি ক্যান্টনমেন্ট থানা থেকে মুক্তির পর দাঁড়িয়ে আছেন সিজিপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে, ১১ অক্টোবর ২০২৬, নয়াদিল্লি

আজ রোববার দিল্লি ক্যান্টনমেন্ট থানায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করে দিপকে, রাঙ্কা ও সৌরভ দাসকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে।

দিল্লির যন্তর মন্তরে সিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে প্রায় ৭ হাজার মানুষকে আটক করা হয়।

অভিজিৎ দিপকে আটক হওয়ার পর সিজেপির নেতৃত্বের দায়িত্ব পাওয়া অজিঙ্কা শিন্ডে বলেন, তাঁদের আন্দোলন থেকে সরে আসার কোনো প্রশ্নই আসে না। রোববার আবারও যন্তর মন্তরে পৌঁছানোর চেষ্টা করবেন তাঁরা এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করবেন।