প্রার্থী হওয়ার পরও গৃহপরিচারিকার কাজ করেছেন কলিতা মাজি
প্রার্থী হওয়ার পরও গৃহপরিচারিকার কাজ করেছেন কলিতা মাজি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের মন্ত্রিসভায় জায়গা পেলেন গৃহপরিচারিকা

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে শুভেন্দুর নেতৃত্বাধীন বিজেপি সরকার ইতিমধ্যে মন্ত্রিসভা গঠন করেছে। একজন গৃহপরিচারিকাকে নতুন মন্ত্রিসভায় যুক্ত করে চমক দিয়েছে বিজেপি। তাঁকে প্রতিমন্ত্রী করা হয়েছে। রাজ্যব্যাপী এখন আলোচনায় ওই গৃহপরিচারিকা-প্রতিমন্ত্রীর নাম। তপশিলি সম্প্রদায়ের এই নারী বিজেপির রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর নাম কলিতা মাজি।

কলিতা মাজির বাড়ি বর্ধমান জেলার আউসগ্রামে। তিনি ২০২৬ সালের নির্বাচনের আগেও অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করছিলেন। এক–দুই বাড়ি নয়, একেবারে সাত বাড়িতে কাজ করছিলেন। মনোনয়ন পাওয়ার পরও তিনি দুই বাড়িতে কাজ করছিলেন। এরপর ওই বাড়ির মালিকেরা তাঁকে কাজ ছেড়ে নির্বাচনী প্রচারে নামতে বললে কলিতা মাজি পরিচারিকার কাজ ছেড়ে দিয়েছিলেন।

২০২১ সালেও এই কলিতা মাজি বর্ধমানের এই আউসগ্রাম আসনে লড়ে হেরে গিয়েছিলেন। এবার মনোনয়ন পেয়েছিলেন কলিতা। তাঁর স্বামী প্লাম্বার বা কলের মিস্ত্রির কাজ করেন। ২০০৬ সালে কলিতা বিয়ে করেন সুব্রত মাজিকে। এক বছর পর তাঁদের একটি পুত্রসন্তান হয়। এখন স্বামী ও ছেলেকে নিয়ে তাঁদের সংসার।

কলিতা মিষ্টভাষী ও সর্বদা হাসিমুখের নারী। নারীদের উন্নয়নে তিনি বিজেপির হয়ে কাজ করতে চান। স্বামী বা শ্বশুর—কেউই তাঁর এই রাজনৈতিক কাজে আপত্তি তোলেননি। বরং সব সময় সাহস দিয়েছে, ‘তুমি কাজে যাও আমরা সংসার সামলাব।’

কলিতা বলেন, তবে দুঃখ হয়, ২০২৬ সালের নির্বাচনে জয়ের খবর দেখে যেতে পারেনি তাঁর শ্বশুর। এই আফসোস রয়ে গেল। যদিও এই আউসগ্রাম আসনে এবার কলিতা মাজি ১২ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থীকে।

কলিতা সাংবাদিকদের বলেছেন, ‘স্বপ্নেও ভাবতে পারিনি, আমি মন্ত্রী হব। সবই ঈশ্বরের ইচ্ছা। আমার চেষ্টা থাকবে এলাকা আর রাজ্যের উন্নয়নে কাজ করা, মা-বোনদের দাবি ও অধিকার প্রতিষ্ঠা করা।’

অবশ্য কলিতা মন্ত্রিসভায় জায়গা পেলেও এবার বিজেপির হয়ে বিধানসভায় জয়ী পাঁচ চলচ্চিত্র তারকার কারও মন্ত্রিসভায় ঠাঁই হয়নি। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলচ্চিত্র তারকা ও কলাকুশলীদের নিয়ে এসেছিলেন রাজনীতির অঙ্গনে, নির্বাচনী ময়দানে।

এবার মমতা অনেক তারকা প্রার্থীকে মনোনয়ন দিলেও তেমন কেউ জেতেননি। এবার বিজেপির অন্তত পাঁচ তারকা প্রার্থী জয়ী হয়েছেন। তাঁরা হলেন রুদ্রনীল ঘোষ (শিবপুর হাওড়া), রুপা গঙ্গোপাধ্যায় (সোনারপুর দক্ষিণ আসন), হিরণ চট্টোপাধ্যায় (শ্যামপুর হাওড়া), পাপিয়া অধিকারী (টালিগঞ্জ, কলকাতা) এবং শর্বরী মুখার্জি (যাদবপুর, কলকাতা)।

নির্বাচনের পর গুঞ্জন উঠেছিল, এবার হয়তো রুপা গঙ্গোপাধ্যায়ের মতো তারকা প্রার্থীদের মন্ত্রিসভায় নেওয়া হতে পারে। তবে কাউকে নেওয়া হয়নি। বিজেপি থেকে বলা হয়েছে, রাজনৈতিক প্রার্থীরাই মন্ত্রিসভায় মানানসই।