
ভারত জোড়ো যাত্রার সাফল্যের মধ্যে কংগ্রেসে দুশ্চিন্তার কাঁটা হিসেবে খচখচ করছে রাজস্থান ও কেরালা। এই দুই রাজ্যের কোন্দল মেটাতে কী করা যায়, আগামী ৪ ডিসেম্বর দিল্লিতে কংগ্রেসের স্টিয়ারিং কমিটির বৈঠকে তা আলোচনা করা হবে। কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ার পর মল্লিকার্জুন খাড়গে ওয়ার্কিং কমিটি ভেঙে দিয়ে ৪৭ সদস্যের স্টিয়ারিং কমিটি গঠন করেন।
৪ ডিসেম্বরের বৈঠকে সভাপতিত্ব করবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সেই বৈঠকে ভারত জোড়ো যাত্রার পর্যালোচনার পাশাপাশি দলের পূর্ণাঙ্গ অধিবেশনের দিনও স্থির করা হবে। পূর্ণাঙ্গ অধিবেশনের আয়োজন করা হবে ফেব্রুয়ারি মাসে ভারত জোড়ো যাত্রা শেষ হওয়ার পর।
কংগ্রেসের শীর্ষ মহলের অভিমত, ভারত জোড়ো যাত্রা দাক্ষিণাত্যে ব্যাপক সাড়া ফেলেছে। উত্তর ও পশ্চিম ভারতেও সাড়া আশানুরূপ। কিন্তু সার্বিক এই সাফল্যের মাঝে খচখচানি বাড়িয়ে তুলেছে রাজস্থান ও কেরালা। রাজস্থানে কংগ্রেস ক্ষমতায়। আগামী বছর ওই রাজ্যে বিধানসভার ভোট। অথচ মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও শচীন পাইলটের মধ্যে দূরত্ব দিন দিন বেড়ে চলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাইলটকে মুখ্যমন্ত্রী গেহলট ‘গাদ্দার’ বা বিশ্বাসঘাতক বলে জানিয়েছেন, দলের বিধায়কেরা কিছুতেই মুখ্যমন্ত্রী পদে পাইলটের মতো কোনো গাদ্দারকে মেনে নেবেন না।
শচীন পাইলটকে মুখ্যমন্ত্রী হতে না দেওয়ার জন্যই অশোক গেহলট কংগ্রেস সভাপতি পদের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন। দলের অনুগামীদের দিয়ে বিদ্রোহও করিয়েছিলেন। পাইলট বা তাঁর অনুগামীদের কাউকে মুখ্যমন্ত্রিত্বের দায়িত্ব না দেওয়ার প্রশ্নে এখনো তিনি অনড়। এই অবস্থায় সমাধান সূত্র কী হতে পারে, সেটাই কংগ্রেস সভাপতির বড় দুশ্চিন্তা। সম্ভাব্য সমাধান সূত্র হিসেবে বিবেচিত হচ্ছে, নির্বাচন পর্যন্ত গেহলটই মুখ্যমন্ত্রী থাকবেন। পাইলটকে দেওয়া হবে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব। নির্বাচনের পর বিবেচিত হবে মুখ্যমন্ত্রিত্বের প্রশ্ন। ভোটের আগে কারও নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হবে না। কিন্তু এই সূত্রও বিবদমান দুই পক্ষের কাছে গ্রহণীয় হবে কি না, সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
রাজস্থানের তুলনায় কেরালার সংকট অবশ্য এত গভীর নয়। দক্ষিণের এই রাজ্যে দলীয় কোন্দল নতুনভাবে মাথাচাড়া দেয় কংগ্রেস সভাপতি পদের নির্বাচনের পর। ভোটে কর্ণাটকের খাড়গের বিরুদ্ধে হারেন মালয়ালি শশী থারুর। অভিযোগ, তার পর থেকেই থারুর রাজ্যের সর্বত্র নিজের প্রভাব বিস্তারে সচেষ্ট। প্রদেশ কংগ্রেসকে অন্ধকারে রেখে তিনি উত্তর কেরালা সফর করেন। দলকে এড়িয়ে মুসলিম লিগের নেতাদের সঙ্গে দেখা করেন। থারুর অবশ্য জানিয়েছেন, তিনি দলবিরোধী কিছু করছেন না। নিজের প্রভাব বিস্তারেও তাঁর আগ্রহ নেই। তিনি শুধু চান রাজ্যে কংগ্রেস এমন শক্তিশালী হোক, যাতে হৃত ক্ষমতা ফিরে পেতে পারে। কী করে এই দুই রাজ্যের কাজিয়া মেটানো যায়, ৪ ডিসেম্বরের বৈঠকে খাড়গে সে বিষয়ে স্টিয়ারিং কমিটির সদস্যদের মতামত শুনবেন বলে দলীয় সূত্রের খবর।
ভারত জোড়ো যাত্রা এখন মধ্যপ্রদেশে। ২৮ নভেম্বর ওই যাত্রায় আরও এক দিনের বিরতি দেওয়া হয়েছে, যাতে রাহুল গান্ধী যাত্রা ছেড়ে দ্বিতীয় দফায় গুজরাটে ভোট প্রচারে যেতে পারেন। ৪ ডিসেম্বর দিল্লি পৌরসভার ভোট। সেই ভোটে জিততে দিল্লির শাসক আম আদমি পার্টি ও দেশের শাসক বিজেপি মরিয়া। ওই দিনও ভারত জোড়ো যাত্রা বন্ধ রাখা হচ্ছে, যাতে রাহুল ও অন্য যাত্রীরা দিল্লি এসে ভোট দিতে পারেন এবং সেই সঙ্গে দলের নবগঠিত স্টিয়ারিং কমিটির বৈঠকে অংশ নিতে পারেন। রাহুল ছাড়া ভারত জোড়ো যাত্রার নিয়মিত যাত্রীদের মধ্যে রয়েছেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং ও কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ। রাহুলের মতো তাঁরাও স্টিয়ারিং কমিটির সদস্য।