পশ্চিমবঙ্গ ভাগ নিয়ে নতুন সংগঠনের আত্মপ্রকাশ

কোচবিহার রাজবাড়ি
ফাইল ছবি: প্রথম আলো

পশ্চিমবঙ্গের কোচবিহারকে পৃথক রাজ্য করার দাবিতে দুটি সংগঠন আন্দোলন করছিল। একটির নেতৃত্বে আছেন কোচবিহারের মহারাজা অনন্ত রায় ও অপরটির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ রাজবংশী সমাজের নেতা বংশীবদন বর্মণ। এবার বংশীবদনের সংগঠন ভেঙে ‘গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন’ নামের একটি নতুন সংগঠন হয়েছে।

গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে নতুন সংগঠনের ঘোষণা দেওয়া হয়। তাদের দাবি অবশ্য অন্য সংগঠনের থেকে কিছুটা আলাদা। গতকাল দলের প্রথম বৈঠকে নতুন রাজ্যের দাবি না করে চাকরিতে নিয়োগের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। কোচবিহারের রাজার ব্যক্তিগত রক্ষীবাহিনী নারায়ণী সেনার কর্মীদের সরকারি চাকরি দেওয়ার দাবি জানিয়েছে তারা।

সংগঠনের সম্পাদক শরিফুল ইসলাম বলেছেন, তাঁরাই পৃথক কোচবিহার রাজ্য নিয়ে আন্দোলনের প্রধান সংগঠন। অনন্ত রায় বা বংশীবদনের সংগঠনের সঙ্গে গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশনের কোনো সম্পর্ক নেই।

শরিফুল বলেন, ‘বংশীবদনকে রাজবংশী উন্নয়নের জন্য রাজ্য সরকার টাকা দিয়েছে। অপর দিকে মহারাজা অনন্ত রায় সরকারি অনুদানে রাজপ্রাসাদের মেরামত করছেন। কিন্তু রাজবংশীদের কোনো উন্নয়ন হয়নি। তাই রাজবংশী সমাজের সার্বিক উন্নয়নের জন্য আমরা মোট সাত দফা দাবিপত্র রাজ্য সরকারকে পাঠাচ্ছি।’

নতুন সংগঠনের বিষয়ে বংশীবদন বর্মণ বলেছেন, গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নামের কোনো সংগঠনের কথা তিনি অতীতে শোনেননি। এ সংগঠনের কোনো অস্তিত্ব নেই।

বৃহত্তর কোচবিহারের দাবিতে বেশ কয়েকটি সংগঠন এখন উত্তরবঙ্গে সক্রিয়। এর মধ্যে উল্লেখযোগ্য কামতাপুর পিপলস পার্টি এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন। তবে এ সংগঠনগুলোর কতটা শক্তি আছে কিংবা অর্থ ও পরিকাঠামো দিয়ে কারা সাহায্য করছে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।