
ভারতের তেলেঙ্গানা রাজ্যের একটি ইলেকট্রিক স্কুটার শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনায় আটজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে সেকেন্দ্রাবাদের ওই অগ্নিকাণ্ডের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। খবর এনডিটিভির।
কর্মকর্তারা জানান, ওই ভবনের নিচতলায় রুবি ইলেকট্রিক শোরুমে আগুন ধরে যায়। এরপর তা প্রথম ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। এতে আটজন নিহত হন। ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে তাঁদের বেশির ভাগের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কয়েকটি ভিডিওতে দেখা যায়, আগুন থেকে বাঁচতে ওই ভবনের ওপরের তলাগুলো থেকে কয়েকজন লাফিয়ে নিচে পড়ছেন। তখন তাঁদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কর্মকর্তারা জানান, কয়েকটি অগ্নিনির্বাপক দল আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তেলেঙ্গানার স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মেহমুদ আলী বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনি আরও বলেন, ‘বাসা থেকে লোকজনকে সরিয়ে আনতে অগ্নিনির্বাপক দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু অনেক বেশি ধোঁয়ার কারণে কয়েকজন মারা যান। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, আমরা তদন্ত করে দেখছি।’