ভারত

উত্তরাখন্ডে জোশিমঠে বাড়ি ভাঙা শুরু

ভারতের উত্তরাখন্ড রাজ্যের জোশিমঠ শহরে বাড়িতে ফাটল
ছবি : এএনআই

ভারতের উত্তরাখন্ড রাজ্যের জোশিমঠ শহরে নাগরিক নিরাপত্তার স্বার্থে শুরু হলো বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ। মঙ্গলবার প্রথম ভাঙার কাজ শুরু হয় শহরের দুটি হোটেলে। ‘হোটেল মাউন্ট ভিউ’ ও ‘হোটেল মালারি ইন’ ভাঙার পাশাপাশি ভেঙে ফেলা হবে গুরুতর ঝুঁকিপূর্ণ বসতবাড়িগুলো। ইতিমধ্যেই প্রশাসন ৬৭৮টি বাড়িকে বিপজ্জনক বলে চিহ্নিত করেছে। মোট ৮১টি পরিবারের বাসিন্দাদের সরকারি উদ্যোগে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।

তবে শুধু জোশিমঠ নয়, বেখেয়ালি উন্নয়নের দরুন চামোলি জেলার অন্য প্রান্তে অবস্থিত কর্ণপ্রয়াগেও ভূমিধসের কারণে বহু বাড়িতে বিপজ্জনক ফাটল দেখা দিয়েছে। কর্ণপ্রয়াগে অন্তত ৩০টি পরিবার ঝুঁকিতে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কাছে সাহায্যের দাবি জানিয়েছে স্থানীয় পৌরসভা কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিজেপিশাসিত ওই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করে জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার সব ধরনের সহায়তায় প্রস্তুত। যদিও বিপজ্জনক বাড়ির বাসিন্দারা জানেন না, তাঁদের পুনর্বাসনে সরকার ঠিক কী করবে। ফলে জোশিমঠ ও কর্ণপ্রয়াগজুড়ে একধরনের অনিশ্চয়তা বিরাজ করছে।

এই প্রাকৃতিক বিপর্যয়ের প্রধান কারণ উত্তরাখন্ডে লাগামহীন নগরায়ণ ও উন্নয়নের নামে গৃহীত বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে যত্রতত্র জলবিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা। সে জন্য পাহাড়ের অভ্যন্তরে বিস্ফোরণ ঘটিয়ে সুড়ঙ্গ নির্মাণ। পাহাড়ের সড়ক চওড়া করাও অন্যতম কারণ। বিজেপি কেন্দ্রে ক্ষমতাসীন হওয়ার পর ধর্মপ্রাণ হিন্দুদের সুবিধার জন্য রাজ্যের চারটি প্রধান তীর্থক্ষেত্র—কেদারনাথ, বদ্রিধাম, গঙ্গোত্রী ও যমুনোত্রীকে সড়কপথে সংযুক্ত করার সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী গড়ে তোলা হচ্ছে চারটি গাড়ি পাশাপাশি চলার উপযুক্ত পাহাড়ি সড়ক। প্রকল্প বাস্তবায়নে কাটা হচ্ছে পাহাড়। কাটা পড়ছে হাজার হাজার গাছ। পরিবেশবিদদের কোনো ওজর–আপত্তি টেকেনি। তার মাশুল গুনতে হচ্ছে জোশিমঠ, কর্ণপ্রয়াগের মতো উত্তরাখন্ডের নগরগুলোকে।

বিস্ময় এই যে জোশিমঠ ও কর্ণপ্রয়াগের বিপর্যয় সত্ত্বেও কোনো সরকারি উন্নয়ন প্রকল্পের কাজ বাতিল করা হচ্ছে না। কোনো সরকারি সংস্থা তাদের কর্মযজ্ঞকে এই বিপর্যয়ের কারণ হিসেবে দেখতেও প্রস্তুত নয়। জোশিমঠের অদূরে ন্যাশনাল থার্মাল পাওয়ার করপোরেশন (এনটিপিসি) ৩ হাজার কোটি টাকা খরচে তৈরি করছে ৫২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তপোবন-বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্প। ২০২১ সালের মেঘভাঙা বন্যায় ওই প্রকল্প খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশেষজ্ঞরা মনে করেন, ওই প্রকল্পের সুড়ঙ্গ তৈরির জন্য ক্রমাগত বিস্ফোরণ ভূমিধসের অন্যতম প্রধান কারণ। কিন্তু প্রকল্প কর্তৃপক্ষ এখনো তা মানতে নারাজ। তাঁদের দাবি, ওই প্রকল্পের জন্য জোশিমঠ ক্ষতিগ্রস্ত হয়নি। একই দাবি সীমান্তে সড়ক নির্মাণকারী সরকারি সংস্থা বর্ডার রোড অর্গানাইজেশন। তারাও জানিয়েছে, পাহাড় ভেঙে ও গাছ কেটে চার লেনের রাস্তা তৈরি এই ভূমিধসের কারণ নয়। তাদের বার্তা এই, জোশিমঠ, কর্ণপ্রয়াগ ভূমিধসে বিলীন হলেও উন্নয়নমূলক কাজ বন্ধ হবে না।

জোশিমঠের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে এক জনস্বার্থ মামলা করা হয়েছে। গতকাল জরুরি ভিত্তিতে সুপ্রিম কোর্ট সেই মামলা শুনতে রাজি হননি। সুপ্রিম কোর্ট গতকাল আবেদনকারীর উদ্দেশে বলেন, সব জরুরি বিষয় নিয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার মানে নেই। ১৬ জানুয়ারি মামলাটি শুনতে সুপ্রিম কোর্ট রাজি হয়েছেন। উত্তরাখন্ড রাজ্য সরকার জানিয়েছে, বিপজ্জনক বাড়ি ছেড়ে অস্থায়ী আশ্রয়শিবিরে থাকা পরিবারগুলোকে আগামী ছয় মাস মাসিক চার হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।