ইতিহাসের এই দিনে: প্যারাস্যুটের প্রথম সফল ব্যবহার

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২২ অক্টোবর। চলুন দেখি, বিশ্বে এদিন কী কী বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম।

প্যারাস্যুট
ফাইল ছবি: রয়টার্স

ফ্রান্সের আন্দ্রে-জ্যাঁক গার্নেরিন এক অনন্য কীর্তি গড়েছেন। ১৭৯৭ সালের এই দিনে ফ্রান্সের প্যারিসের আকাশে তিনি একটি হট-এয়ার বেলুনে চেপে ১ হাজার মিটার বা প্রায় ৩ হাজার ২৮০ ফুট ওপরে ওঠেন। সেখান থেকে ঝাঁপ দেন আন্দ্রে। এরপর প্যারাস্যুট ব্যবহার করে নিরাপদে ভূমিতে নেমে আসেন। আন্দ্রে বিশ্বের প্রথম ব্যক্তি, যিনি প্যারাস্যুটের সফল ব্যবহারে সক্ষম হন।

চালু হয় মধ্যরেখা

যুক্তরাজ্যের গ্রিনিচের ওপর দিয়ে যে কাল্পনিক অর্ধবৃত্তাকার রেখা সুমেরু থেকে কুমেরু পর্যন্ত বিস্তৃত হয়েছে, তাকে মূল মধ্যরেখা বলা হয়। পৃথিবীকে পূর্ব ও পশ্চিম গোলার্ধে ভাগ করেছে এটি। এই রেখা ভূকেন্দ্রের সঙ্গে শূন্য ডিগ্রির কোণ উৎপন্ন করে, তাই এর মান শূন্য ডিগ্রি। এ রেখার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন অঞ্চলের স্থানীয় সময় নির্ধারণ করা হয়। ১৮৮৪ সালের ২২ অক্টোবর রেখাটি প্রতিষ্ঠা করা হয়।

প্রশিক্ষণে রোবটের সহায়তা

জাপানি প্রকৌশলীদের তৈরি সেই রোবট

২০০৯ সালের ২২ অক্টোবর। জাপানি প্রকৌশলীরা একটি রোবট উদ্ভাবন করেন। এইচ১এন১ ভাইরাসে আক্রান্ত হলে মানুষের শরীরে যেসব উপসর্গ দেখা দেয়, কৃত্রিম উপায়ে এ রোবটেও তার প্রকাশ ঘটত। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে সহায়তা দেওয়াই ছিল এ রোবট আবিষ্কারের উদ্দেশ্য।
ক্যাপশন:

আলোকচিত্রী রবার্ট কাপার জন্মদিন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার আলোচিত আলোকচিত্রী রবার্ট কাপা। হাঙ্গেরীয়–আমেরিকান এই আলোকচিত্রী যুদ্ধের সময় জীবন বাজি রেখে দারুণ সব ছবি তুলে সাড়া ফেলেছিলেন। ১৯১৩ সালের এই দিনে জন্ম নিয়েছিলেন কাপা। ১৯৫৪ সালের ২৫ মে মারা যান তিনি।