
কাগজ-কলম বা কাগজ পেনসিল কিংবা রংতুলিতে ছোপছাপ—এ দিয়েই তো ছবি আঁকা হয়। কিন্তু নিক নিক স্টোবার্ল যা ব্যবহার করে ছবি এঁকেছেন, তা আসলেই অবাক করা। জিহ্বা ব্যবহার করে ছবি এঁকেছেন তিনি।
নিক স্টোবার্ল ছবি এঁকে বিস্ময়ের জন্ম দিয়েছেন এমনটা নয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন মার্কিন এই নাগরিক। এর কারণও তাঁর জিহ্বা। সবচেয়ে লম্বা জিহ্বার অধিকারী তিনি।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের দেওয়া তথ্য অনুসারে, নিক স্টোবার্লের জিহ্বার দৈর্ঘ্য ৩ দশমিক ৯৭ ইঞ্চি বা ১০ দশমিক ১ সেন্টিমিটার।
সম্প্রতি যুক্তরাজ্যে গিয়েছিলেন নিক স্টোবার্ল। যুক্তরাজ্যের অন্যতম জনপ্রিয় টেলিভিশন আইটিভির অনুষ্ঠান ‘দিজ মর্নিং’-এ যোগ দিয়েছিলেন তিনি। এই অনুষ্ঠানেই জিহ্বা দিয়ে ছবি এঁকে দেখান তিনি। মূলত অনুষ্ঠান উপস্থাপকের ছবি এঁকেছেন তিনি। এ নিয়ে অবশ্য মজাও করেছেন উপস্থাপন। তিনি বলেন, ‘আমার মনে হচ্ছিল, এটা আমার দেখা উচিত নয়। কারণ, এটা খুবই ব্যক্তিগত বিষয়।’
নিক স্টোবার্লের জিহ্বা আসলে অবিশ্বাস্যভাবেই লম্বা। তিনি জিহ্বা দিয়ে কনুই স্পর্শ করতে পারেন, যা সাধারণ একজন মানুষের জন্য প্রায় অসম্ভব।
মার্কিন এই নাগরিক সম্পর্কে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে লেখা হয়েছে, তাঁর জিহ্বা কতটা লম্বা তা পরীক্ষা করে দেখেছেন স্বাস্থ্যকর্মী। নিক স্টোবার্লের ছবি আঁকার ধরন পিকাসোর মতো নয়। তবে তিনি তাঁর আঁকা ছবি বিক্রি করে ১ হাজার ২০০ মার্কিন ডলার পর্যন্ত আয় করেছেন।
নিক স্টোবার্ল কীভাবে ছবি আঁকেন, সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে দেখা যায়, তিনি প্রথমে জিহ্বা পলিথিনে মুড়িয়ে নেন। এরপর জিহ্বার অগ্রভাগে রং নেন। মূলত জিহ্বাটি তুলি হিসেবে ব্যবহার করে তিনি।
টিভি অনুষ্ঠান দিজ মর্নিংয়ের টুইটার হ্যান্ডেল থেকে নিক স্টোবার্লের ভিডিও প্রকাশ করা হয়েছে। অনেকেই এই ভিডিও দেখে বিরক্ত, বিব্রত হয়েছেন। আবার অনেকে তাঁর প্রশংসাও করেছেন।