সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরাইশি নিজেকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার আগে তাঁকে জীবিত আটকের জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছিল মার্কিন বাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কুরাইশি ইদলিবের আতমেহ শহরের যে আবাসিক ভবনে লুকিয়ে ছিলেন, সেখানকার আশপাশে হেলিকপ্টার দিয়ে মহড়া চালিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সেনারা। ভবনের অন্য বাসিন্দাদেরও সেখান থেকে বের হয়ে আসার জন্য বারবার অনুরোধ করা হচ্ছিল। বের না হলে পরিণাম ভালো না হওয়ার হুঁশিয়ারিও দেওয়া হচ্ছিল। তবে শেষ পর্যন্ত মার্কিন বাহিনীর সদস্যরা কুরাইশির কাছে পৌঁছানোর আগেই তিনি আত্মঘাতী বোমায় নিজকে উড়িয়ে দেন। ভবন থেকে ছিটকে রাস্তায় এসে পড়ে তাঁর ছিন্নভিন্ন মরদেহ।
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চল ইদলিবে গত বুধবার মধ্যরাতে সন্ত্রাসবিরোধী এ অভিযান চালায় যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। ওই অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু ইব্রাহিম আল-হাশিমি আল-কুরাইশি নিহত হন বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আতমেহ শহরের ওই আবাসিক ভবনের তৃতীয় তলায় সপরিবার থাকতেন কুরাইশি। গত বুধবার তাঁকে ধরতে মার্কিন বাহিনীর মহড়া শুরুর পর আতমেহ শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে। মার্কিন বাহিনীর সদস্যরা প্রথমে লাউড স্পিকারে ঘোষণা দিয়ে ভবন থেকে বেসামরিক বাসিন্দাদের সরে যাওয়ার অনুরোধ করেন। এরপর হেলিকপ্টারে টহল দিতে থাকেন তাঁরা।
স্থানীয় এক নারী বাসিন্দা রয়টার্সকে তখনকার পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে বলেন, মার্কিন বাহিনীর সদস্যরা বারবার সতর্ক করছিলেন। ভবনের বাসিন্দাদের উদ্দেশে তাঁরা বলতে থাকেন, ‘পুরুষ, নারী ও শিশু—সবাই হাত তুলুন। মার্কিন জোট এলাকাটি ঘিরে রেখেছে এবং আপনারা তাঁদের নিরাপত্তার আওতায় আছেন। বের না হয়ে এলে আপনাদের মরতে হবে।’
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের সিচুয়েশন রুম থেকে পুরো ঘটনা পর্যবেক্ষণ করছিলেন। কুরাইশির আত্মহত্যাকে ‘প্রচণ্ড ভীরুতার চূড়ান্ত প্রকাশ’ বলে উল্লেখ করেছেন তিনি। এর আগে ২০১৯ সালে আইএস প্রতিষ্ঠাতা আবু বকর বাগদাদিও একইভাবে মার্কিন অভিযান চলার সময় আত্মঘাতী বোমায় নিজেকে উড়িয়ে দিয়েছিলেন।
সিরিয়া অঞ্চলে মার্কিন বাহিনীর তত্ত্বাবধানে রয়েছেন মেরিন জেনারেল ফ্রাংক ম্যাকেঞ্জি। তিনি বলেন, বুধবার কুরাইশি ভবনের তৃতীয় তলায় আত্মঘাতী বিস্ফোরণ চালানোর আগে দ্বিতীয় তলা থেকে চার শিশুসহ ছয়জনকে বের করে আনতে সক্ষম হন মার্কিন সেনারা।
ম্যাকেঞ্জি আরও বলেন, ‘সুইসাইড ভেস্ট থেকে যে মাত্রার বিস্ফোরণ হওয়ার কথা, তার চেয়ে অনেক বেশি মাত্রার বিস্ফোরণ হয়েছে। এতে তৃতীয় তলায় যাঁরা ছিলেন, সবাই মারা গেছেন। ভবনের অনেক বাসিন্দাই তখন বের হয়ে আসেন।’ বিস্ফোরণে কুরাইশি ছাড়াও তাঁর স্ত্রী ও দুই সন্তানও মারা গেছেন বলে দাবি করেছেন ম্যাকেঞ্জি।
ম্যাকেঞ্জির ভাষ্য অনুযায়ী, অভিযান চালাতে মার্কিন সেনারা যখন ভবনের তৃতীয় তলার দিকে অগ্রসর হন, তখন এক সহযোগী ও তাঁর স্ত্রী মার্কিন সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। পরে তাঁদের হত্যা করা হয়েছে। সেখানে এক শিশুকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ ছাড়া তৃতীয় তলা থেকে তিন শিশু ও এক নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সিরিয়ার উদ্ধারকর্মীদের বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
পেন্টাগন বলছে, এদিন আল–কায়েদার স্থানীয় শাখার দুই সশস্ত্র সদস্য ঘটনাস্থলে পৌঁছালে তাঁদেরও মার্কিন হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়।
মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানায়, কুরাইশি ওই ভবনে অবস্থান করছেন বলে জানতে পারার পর গত বছরের ডিসেম্বরের শুরু থেকেই অভিযানের পরিকল্পনা করছিল যুক্তরাষ্ট্র। তবে ভবন থেকে কুরাইশি বের হতেন না বললেই চলে। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের জন্য কুরিয়ারের ওপর নির্ভর ছিলেন তিনি। আর এমন অবস্থায় অভিযান পরিচালনা জটিল হয়ে পড়েছিল।
এ ছাড়া ওই ভবনের আশপাশে শিশুদের দেখা যাওয়ায় এবং ভবনের দ্বিতীয় তলার বিভিন্ন পরিবারের বসবাসকে ঘিরে সাবধানতা অবলম্বন করতে হয়েছে মার্কিন বাহিনীকে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে অভিযান চালানোর চেষ্টা চলছিল।
গত মঙ্গলবার ওভাল অফিসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ও প্রতিরক্ষাপ্রধান মার্ক মিলের সঙ্গে বৈঠকে অভিযানের চূড়ান্ত অনুমোদন দেন বাইডেন।
পেন্টাগন জানায়, অভিযানের জন্য ব্যবহৃত একটি হেলিকপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এটি সেখানে ফেলে না রেখে ধ্বংস করা হয়েছে।
আল-কুরাইশির প্রোফাইল ঘেঁটে জানা যাচ্ছে, তিনি আইএসের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ছিলেন। তাঁর বাড়ি ইরাকে। ২০১৯ সালের অক্টোবরে সিরিয়ায় মার্কিন অভিযানে আইএসের প্রধান আবু বকর আল-বাগদাদি নিহত হওয়ার পর কুরাইশিকে তাঁর উত্তরসূরি মনে করা হতো।