জেরুজালেমে টানা দ্বিতীয় রাতে সংঘর্ষ, আহত ৯০

রয়টার্স ফাইল ছবি
রয়টার্স ফাইল ছবি

পূর্ব জেরুজালেমে টানা দ্বিতীয় রাতের মতো ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়েছে। শনিবার লাইলাতুল কদরের রাতে সংঘর্ষে প্রায় ৯০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি পুলিশ আল-আকসা মসজিদ চত্বরে ঢুকে পড়লে সংঘর্ষ শুরু হয়। ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও রাবার বুলেট ব্যবহার করে। পাল্টা হিসেবে পুলিশের দিকে পাথর ছুড়ে মারেন ফিলিস্তিনিরা।

এর আগে গত শুক্রবার জুমাতুল বিদার দিনেও পবিত্র আল-আকসা মসজিদ চত্বরে সংঘর্ষে দুই শতাধিক ফিলিস্তিনি আহত হন। সংঘর্ষে ইসরায়েলি পুলিশেরও ১৭ জন সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পূর্ব জেরুজালেমের শেখ জারাহ এলাকা থেকে ৭০টির বেশি ফিলিস্তিনি পরিবার উচ্ছেদের হুমকির মুখে পড়েছে। তা নিয়েই সপ্তাহখানেক ধরে চলমান এই উত্তেজনার শুরু।

ইহুদি বসতি স্থাপনকারীদের একটি সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই পরিবারগুলোকে উচ্ছেদের পক্ষে রায় দিয়েছিলেন আদালত। তার বিরুদ্ধে ইসরায়েলের সুপ্রিম কোর্টে আপিল শুনানি সামনে রেখে দুই পক্ষে উত্তেজনা দেখা দেয়। তবে রোববার ওই মামলার শুনানি পিছিয়ে গেছে। আগামী ৩০ দিনের মধ্যে নতুন তারিখ দেওয়া হবে।

এই সংঘর্ষের ঘটনায় শনিবার যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া ও জাতিসংঘ উদ্বেগ জানিয়েছে। অপর দিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত দুই রাতের সংঘর্ষের ঘটনায় পুলিশের পদক্ষেপের পক্ষে অবস্থান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘শান্তি বিনষ্টে কোনো উগ্রবাদী উপাদানকে সহ্য করা হবে না।’

এদিকে সোমবার ‘ইসরায়েলি দিবসের’ শোভাযাত্রা ঘিরে ফের উত্তেজনা বাড়ার আশঙ্কায় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী রোববার থেকে ব্যাপক সতর্ক অবস্থান নিয়েছে।