হাসপাতালে হামলার জন্য গাজার ইসলামিক জিহাদকে দায়ী করছে ইসরায়েল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ফাইল ছবি: রয়টার্স

ফিলিস্তিনের গাজার আল-আহলি আল-আরবি হাসপাতালে হামলার জন্য প্যালেস্টাইন ইসলামিক জিহাদকে (পিআইজে) দায়ী করেছে ইসরায়েল। তবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন পিআইজে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

গাজার হাসপাতালটিতে গতকাল মঙ্গলবার রাতে হামলা হয়। হামলায় অন্তত ৫০০ ব্যক্তি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস-নিয়ন্ত্রিত গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

হামাস বলেছে, হাসপাতালটিতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েলের পক্ষ থেকে এ অভিযোগ নাকচ করা হয়েছে।

গাজার একটি হাসপাতালে মঙ্গলবার রাতের হামলায় অন্তত ৫০০ ব্যক্তি নিহত হয়েছেন

হাসপাতালটিতে হামলার বিষয়ে কোনো পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

ইসরায়েলের সামরিক বাহিনীর ভাষ্য, ইসরায়েলি গোয়েন্দাদের ইঙ্গিত অনুযায়ী, গাজাভিত্তিক সশস্ত্র সংগঠন পিআইজের ছোড়া রকেট লক্ষ্যভ্রষ্ট হয়ে হাসপাতালটিতে আঘাত হেনেছে।

হাসপাতালটিতে হামলায় প্রাণহানির যে সংখ্যার কথা বলা হচ্ছে, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে ইসরায়েল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, পুরো বিশ্বের জানা উচিত যে গাজার হাসপাতালটিতে ইসরায়েলি সামরিক বাহিনী হামলা করেনি। হামলা করেছে সেখানকারই সশস্ত্র সংগঠন। যারা ইসরায়েলের শিশুদের নৃশংসভাবে হত্যা করেছে, তারাই গাজার শিশুদের হত্যা করেছে।

হামাসের মিত্র পিআইজের মুখপাত্র দাউদ শেহাব বলেছেন, ইসরায়েলের দাবি মিথ্যা, বানোয়াট। এসব কথা বলে দখলদার ইসরায়েল বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে ভয়ংকর অপরাধ, যে গণহত্যা চালাচ্ছে, তা চাপা দেওয়ার চেষ্টা করছে।

গাজার হাসপাতালটিতে হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। এ হামলার জেরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক বাতিল করেছেন আরব নেতারা। আরব নেতাদের সঙ্গে বৈঠক করার জন্য তাঁর জর্ডানে যাওয়ার কথা ছিল। বৈঠক বাতিল হওয়ায় এখন তিনি আর জর্ডানে যাচ্ছেন না। বাইডেন আজ ইসরায়েলে যাচ্ছেন।