
ইসরায়েলের প্রধান, সবচেয়ে বড় ও ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর দিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলার সপ্তম দিনে আজ শুক্রবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র বি২ বিমান থেকে বোমা হামলা করার কথা জানিয়েছে। আর ইসরায়েল বলেছে, ইরানে তারা দ্বিতীয় ধাপের হামলা শুরু করেছে।
ইরানের ওপর হামলার তীব্রতা আরও বাড়ানো হচ্ছে জানিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, এই বোমাবর্ষণের তীব্রতা ‘নাটকীয়ভাবে বৃদ্ধি পেতে চলেছে’।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, শুক্রবার ভোরে যুক্তরাষ্ট্রের বি-২ স্টিলথ বোমারু বিমানগুলো ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোর ওপর ডজনখানেক ২,০০০ পাউন্ডের ‘পেনিট্রেটর’ বোমা (ভূগর্ভে প্রবেশ করে ধ্বংস ঘটাতে সক্ষম) নিক্ষেপ করেছে।
সূত্র: আল জাজিরা
ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। শিগগিরই আরও হামলা চালানো হবে।
ইরানের সেনাবাহিনীর বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, ‘গত কয়েক ঘণ্টায় সেনাবাহিনী বিভিন্ন ধরনের বিধ্বংসী ড্রোন দিয়ে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বিপুল সংখ্যায় হামলা চালিয়েছে। আগামী কয়েক ঘণ্টা এই হামলা চলতে থাকবে।’
সূত্র: আল জাজিরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৫২টি ফরাসি জাহাজ পারস্য উপসাগরে আটকা পড়েছে। ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো এই তথ্য নিশ্চিত করেছেন।
ফরাসি গণমাধ্যম সি-নিউজ/ইউরোপ-১ কে দেওয়া এক সাক্ষাৎকারে তাবারো বলেন, ‘পারস্য উপসাগরে বর্তমানে নির্দিষ্ট করে বলতে গেলে ৫২টি এবং লোহিত সাগরে ৮টি জাহাজ অবস্থান করছে। আমরা এই জাহাজগুলোর ক্রুদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি, কারণ সেখানে বেশ কিছু ফরাসি নাবিক রয়েছেন।’
গত শনিবার ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় পাল্টা হামলা শুরু করে ইরান। এই পরিস্থিতি হরমুজ প্রণালি দিয়ে তেল–গ্যাসবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এই পথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি পরিবহন হয়।
সূত্র: আল জাজিরা
তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন প্রান্তে আজ শুক্রবার সকালে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র রুখে দিতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার মধ্যেই এসব বিস্ফোরণ ঘটে।
এদিকে ইসরায়েল বলেছে, ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তারা ‘বড় পরিসরে’ বিমান হামলা শুরু করেছে।
তথ্যসূত্র: রয়টার্স
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১২৩–এ দাঁড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘সোমবার ইসরায়েলি হামলার ঘটনায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ১২৩–এ দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬৮৩ জন।’
এদিকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি নাগরিকদের সতর্ক করে বলেছে যে তাঁদের উত্তরের সীমান্ত থেকে ৫ কিলোমিটারের (৩ দশমিক ১১ মাইল) মধ্যে থাকা শহরগুলো থেকে সরে যেতে হবে।
তথ্যসূত্র: আল–জাজিরা
পারস্য উপসাগরে ফ্রান্সের ৫২টি জাহাজ আটকা পড়েছে। এ ছাড়া লোহিত সাগরে আটকে আছে আরও আটটি জাহাজ।
ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো এ তথ্য জানিয়েছেন। এই অঞ্চলের নৌপথে জাহাজ চলাচল নিরাপদ করতে বিভিন্ন দেশের সমন্বয়ে একটি জোট গঠনের চেষ্টা করছে প্যারিস।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইরানে গত শনিবার শুরু হওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় এ পর্যন্ত অন্তত ১ হাজার ৩৩২ জন নিহত হয়েছেন।
ইরানি রেড ক্রিসেন্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তাদের বিমানবাহিনী রাতভর হামলা চালিয়ে ৬টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলি ভূখণ্ডের দিকে ছোড়ার আগেই সেগুলোকে ধ্বংস করা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী আরও দাবি করেছে, তারা ইরানের তিনটি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে।
তথ্যসূত্র: আল জাজিরা
ইরানের লোরেস্তান প্রদেশের আকাশে একটি এমকিউ–নাইন ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দেশটির টিভি চ্যানেল জানিয়েছে। টিভি চ্যানেলের খবরে আরও জানানো হয়, তেহরানের আশপাশে আরেকটি হারমেস ড্রোন ধ্বংস করা হয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ৩ হাজার ৯০টি বাড়িঘরসহ মোট ৩ হাজার ৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পির হোসেন কোলিভান্দ এ তথ্য জানিয়েছেন।
কোলিভান্দ আরও জানান, ঘরবাড়ি ছাড়াও ৫২৮টি বাণিজ্যিক ও সেবা কেন্দ্র, ১৪টি চিকিৎসা কেন্দ্র বা ওষুধ কারখানা এবং রেড ক্রিসেন্টের ৯টি স্থাপনা এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোলিভান্দ উল্লেখ করেন, হামলার লক্ষ্যবস্তুগুলোর বেশির ভাগই ছিল ‘ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা’।
তথ্যসূত্র: আল–জাজিরা
সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান রাষ্ট্রীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ আজ শুক্রবার থেকে আবুধাবি এবং বিশ্বের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর মধ্যে ‘সীমিত পরিসরে বাণিজ্যিক ফ্লাইট’ আবার চালুর ঘোষণা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এয়ারলাইনসটি জানিয়েছে, যেসব যাত্রীর নতুন করে চালু হওয়া ফ্লাইটে বুকিং নিশ্চিত হয়েছে বা যাদের সঙ্গে ইতিহাদ কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করেছে, শুধু তাঁরাই যেন বিমানবন্দরে যান।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)।
আজ শুক্রবার এ হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (ইরনা) এক প্রতিবেদনে জানিয়েছে।
ইরনা জানায়, রেভল্যুশনারি গার্ডসের এক বিবৃতিতে ‘তেল আবিবের কেন্দ্রস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলিত হামলার’ কথা বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো এখন তেল আবিবের দিকে ধেয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: ডন
জর্ডানের ইরবিদ শহরে বেশ কয়েকটি ড্রোন ছুড়েছে বিমান প্রতিরক্ষাবাহিনী। ঘটনাস্থল থেকে আল জাজিরার প্রতিনিধি এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
আগের লাইভটি পড়তে ক্লিক করুন: ইরানে স্থল সেনা পাঠানোর চিন্তা এখন ‘সময়ের অপচয়’: ট্রাম্প