ভারতে সুদর্শন পট্টনায়ক বালুর তৈরি ভাস্কর্যে ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিথ মছারকে ফুটিয়ে তুলেছেন
ভারতে সুদর্শন পট্টনায়ক বালুর তৈরি ভাস্কর্যে ফ্লাইদুবাইয়ের পাইলট ক্যাপ্টেন স্মিথ মছারকে ফুটিয়ে তুলেছেন

ক্যাপ্টেনের ওপর সহকারী পাইলটের ‘আক্রমণ’ নিয়ে সৌদির প্রাথমিক তদন্ত কী বলছে

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি সপ্তাহে ফ্লাইদুবাইয়ের ফ্লাইটের জরুরি অবতরণের প্রাথমিক তদন্তে দেখা গেছে, ক্যাপ্টেনের ওপর সহকারী পাইলট (কো-পাইলট) শারীরিকভাবে আক্রমণ করেছেন। এতে দুজনেই আহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয় জানায়, দুবাই থেকে তেল আবিবগামী এই ফ্লাইটের প্রাথমিক তদন্ত চালিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ওই তদন্তে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) একটি নিরাপত্তা দলও অংশ নেয়।

ফ্লাইদুবাই ফ্লাইট এফজেড১০৭৩ গত বুধবার সংযুক্ত আরব আমিরাত থেকে ইসরায়েল যাওয়ার পথে সহিংস ঘটনা ঘটে। এ অবস্থায় উড়োজাহাজটিকে সৌদি আরবের তাবুকের প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করাতে হয়।

ফ্লাইদুবাই কর্তৃপক্ষ ওই দিন বলেছিল, ‘ককপিটে বাগ্‌বিতণ্ডার ঘটনা ঘটেছিল’ এবং ক্রু সদস্যরা উড়োজাহাজটিকে সুরক্ষিত করে নিরাপদে পথ পরিবর্তন করে নেন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, উড়োজাহাজটিকে জরুরি অবতরণের অনুমতি দেওয়ার পর স্থানীয় সময় সকাল ৯টা ৪৫ মিনিটে (জিএমটি ০৬:৪৫) ১৭৪ জন যাত্রী এবং আটজন ক্রু সদস্য নিয়ে এটি তাবুকে ‘নিরাপদে’ অবতরণ করে। প্রয়োজনীয় সব সেবা দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, সেদিন বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সব যাত্রী ফ্লাইদুবাইয়ের একটি বিকল্প উড়োজাহাজে করে নির্দিষ্ট গন্তব্যে ফিরে যান। ক্যাপ্টেন ও কো-পাইলট ছাড়া বাকি ক্রু সদস্যরা অন্য একটি ফ্লাইটে দুবাই ফিরে যান।

ক্যাপ্টেন ও কো-পাইলটকে তাঁদের শারীরিক অবস্থা মূল্যায়ন ও চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছিল।

মন্ত্রণালয় জানিয়েছে, স্বাস্থ্যের উন্নতি ও চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার সকালে আমিরাতি নিরাপত্তা দলের সঙ্গে ক্যাপ্টেন ও কো-পাইলট আবুধাবির উদ্দেশে সৌদি আরব ত্যাগ করেন।

ব্যতিক্রমী পরিস্থিতিতে সাড়া দিতে তাদের এভিয়েশন এবং নিরাপত্তাব্যবস্থার প্রস্তুতির কথা উল্লেখ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সৌদি আরব ‘আন্তর্জাতিক ও মানবিক বাধ্যবাধকতা মেনে জরুরি পরিস্থিতি মোকাবিলা করে থাকে।’

সৌদি আরবের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেফটি সেন্টার জানিয়েছে, তাদের তদন্তকারী দল ঘটনার তদন্তে কাজ শুরু করেছে। এর পেছনের কারণ নির্ধারণ ও প্রাসঙ্গিক প্রমাণ সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করছে।

ক্যাপ্টেন মছার ‘অসীম সাহস’ দেখিয়েছেন

এর আগে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের প্রধান প্রসিকিউটর, অ্যাটর্নি জেনারেল হামাদ সাইফ আল শামসি ফ্লাইদুবাই ফ্লাইটের ককপিটের ভেতরে মারামারির ঘটনার তদন্ত শুরু করেন।

আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ওয়াম’ (ডব্লিউএএম) জানিয়েছে, ঘটনার পেছনের পরিস্থিতি ও কারণ অনুসন্ধান করবেন তদন্তকারীরা। এটি কোনো ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বা উদ্দেশ্যের’ সঙ্গে যুক্ত ছিল কি না, কিংবা এতে পূর্বপরিকল্পনা বা কোনো নির্দেশনা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে।

ফ্লাইট এফজেড১০৭৩-এর ক্যাপ্টেন ছিলেন ভারতীয় নাগরিক স্মিথ মছার। তিনি গুরুতর আহত হয়েছেন।

ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিথ মছার

ঘটনাটি তদন্তাধীন থাকলেও মাঝআকাশে একটি বিপর্যয় ঠেকাতে তাঁর পদক্ষেপের প্রশংসা করেছেন বিশ্বনেতারা এবং তাঁকে চেনেন এমন ব্যক্তিরা।

রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস জানায়, বুধবার মছারকে স্থিতিশীল অবস্থায় তাবুকের হাসপাতালে নেওয়া হয়েছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য মছারকে বৃহস্পতিবার আবুধাবিতে স্থানান্তর করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ক্যাপ্টেনের সঙ্গে দেখা করেছেন এবং তাঁর পরিবারকে সুস্থতার অগ্রগতি সম্পর্কে জানিয়েছেন।