ইরানের একটি তেলক্ষেত্র
ইরানের একটি তেলক্ষেত্র

ইরানের সঙ্গে আলোচনার পর তেহরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ওমানের মধ্যস্থতায় দেশটির রাজধানী মাসকটে গতকাল শুক্রবার ইরান ও যুক্তরাষ্টের প্রতিনিধিদলের আলোচনা শেষ হওয়ার কিছুক্ষণ পর তেহরানের তেল রপ্তানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।

ওই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি নিয়ন্ত্রণে আনতে দেশটির তেল পরিবহনসংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জাহাজের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করছে। তবে এ পদক্ষেপ ওমানে আলোচনার সঙ্গে যুক্ত কি না, তা স্পষ্ট নয়।

ওমানে ইরান ইস্যুতে হওয়া আলোচনাকে ‘খুব ভালো’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওমানে দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা শেষে গতকাল শুক্রবার ট্রাম্প এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের মতো ইরানও ওমানে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হওয়ার কথা জানিয়েছে। ভবিষ্যতে ওয়াশিংটনের সঙ্গে আরও আলোচনা হবে বলেও আশা প্রকাশ করেছে তেহরান। তারা উপসাগরীয় দেশ ওমানে এক দিনের এ আলোচনায় ‘ইতিবাচক পরিবেশের’ প্রশংসা করেছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যে কয়েক দিন আগে মধ্যপ্রাচ্যে বিশাল মার্কিন নৌবহর মোতায়েন করেছেন ট্রাম্প। নৌবহরটি এখনো ইরানের জলসীমার কাছাকাছি রয়েছে।

উত্তেজনা হ্রাসে ওমানের মধ্যস্থতায় মাসকটে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল আলোচনা করেছে। তবে তারা মুখোমুখি আলোচনা করেনি।

গত বছরের জুনে ইসরায়েল ও ইরানের ১২ দিনের সংঘাতের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই হামলার পর এটাই দুই বৈরী দেশের মধ্যে প্রথম আলোচনা।

‘খুব ভালো আলোচনা হয়েছে’

ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে ইরান ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘ইরান ইস্যুতেও আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আগামী সপ্তাহের শুরুতেই আমরা আবার বৈঠকে বসব।’

যদিও এর আগে ট্রাম্প বলেছিলেন, ‘ওরা (ইরান) যদি কোনো চুক্তি না করে, তাহলে পরিণতি হবে খুবই কঠোর।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সপ্তাহজুড়ে বাড়তে থাকা উত্তেজনা এবং দুই দেশের মধ্যে সামরিক সংঘাতের আশঙ্কার পর গতকাল ওমানে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে এ আলোচনা হয়।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এ আলোচনার জন্য ওমানের রাজধানী মাসকটে যান। অন্যদিকে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার আলোচনায় অংশ নেন।