গাজায় মানবিক সহায়তা

দৈনিক প্রয়োজন শত ট্রাক, যাচ্ছে ২০ ট্রাক

জাতিসংঘ বলছে, গাজার ভয়াবহ মানবিক সংকট মোকাবিলায় ২০ ট্রাক ত্রাণসহায়তা দিয়ে ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব হবে না।

ইসরায়েলি হামলায় নিহত এক ফিলিস্তিনি শিশুর মরদেহ দাফনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ১০ অক্টোবর গাজার খান ইউনিসে
ফাইল ছবি: রয়টার্স

জাতিসংঘ ও আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো বলছে, ফিলিস্তিনের গাজার ১০ লাখ উদ্বাস্তুর জন্য এখন প্রতিদিন অন্তত ১০০ ট্রাক ত্রাণসহায়তার প্রয়োজন। কিন্তু সেখানে ২০ ট্রাক ত্রাণসহায়তা পাঠানোর ব্যাপারে সম্মতি দিয়েছে ইসরায়েল। জাতিসংঘ বলছে, গাজার ভয়াবহ মানবিক সংকট মোকাবিলায় ২০ ট্রাক ত্রাণসহায়তা দিয়ে ন্যূনতম চাহিদাও পূরণ করা সম্ভব হবে না।

গাজায় ত্রাণ নেওয়ার সুযোগ দিতে ইসরায়েল রাজি হওয়ার পর গতকাল বৃহস্পতিবার ২০ ট্রাক ত্রাণসহায়তা ঢুকতে দেওয়ার অনুমতি দিয়েছে মিসর। আজ শুক্রবার থেকে ট্রাক সীমান্ত অতিক্রম করতে পারে। ইসরায়েল সফর শেষে গত বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে কথা বলেন। বাইডেন বলেন, রাফাহ সীমান্ত দিয়ে গাজায় ২০ ট্রাক ত্রাণসহায়তা পাঠানোর ব্যাপারে রাজি হয়েছেন সিসি। শর্ত হচ্ছে, হামাস যদি এসব ত্রাণ নেয়, তাহলে গাজায় ত্রাণসহায়তা পাঠানোর পথ বন্ধ হয়ে যাবে।

বার্তা সংস্থা এএফপি জানায়, গতকাল কয়েক হাজার টন ত্রাণসহায়তা নিয়ে একটি ট্রাকের বহর মিসর সীমান্ত থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এসব ট্রাক গাজায় ত্রাণসহায়তা পৌঁছাতে যাবে। বাইডেন বুধবার বলেন, মিসরের প্রেসিডেন্ট শুরুতে ২০টি ট্রাককে সীমান্ত পাড়ি দেওয়ার অনুমতি দিয়েছে। এই ২০ ট্রাক দিয়ে গাজায় সহায়তা শুরু হবে।

মিসরের প্রেসিডেন্ট সিসির একজন মুখপাত্র বলেন, বাইডেন ও সিসি টেকসই ত্রাণসহায়তার বিষয়ে সম্মত হয়েছেন। এ ছাড়া মিসর সীমান্ত খোলা রাখার বিষয়েও সম্মত হয়েছেন তাঁরা। কিন্তু মিসরের রাফাহ সীমান্তে ইসরায়েলের চার দফা বিমান হামলার পর সেটি বন্ধ করে দিয়েছিল মিসর।

একজন প্রত্যক্ষদর্শী জানান, রাফাহ সীমান্তে ১৫০টি ট্রাক অপেক্ষা করতে দেখেছেন তিনি। ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে গাজা থেকে বের হওয়ার এটিই একমাত্র সীমান্ত।

এদিকে দাতব্য কর্মীরা সতর্ক করে বলেছেন, যত দ্রুত সম্ভব গাজায় ত্রাণসহায়তা কার্যক্রম শুরু করতে হবে। ৭ অক্টোবর ইসরায়েল সীমান্তে হামাসের হামলার পর গাজার পানি, বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্য সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল।

জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস বলেন, ‘আমাদের প্রতিদিন অন্তত ১০০ ট্রাক মানবিক সহায়তা দিতে হবে। তাই দ্রুত গাজায় ট্রাক প্রবেশ শুরু করা দরকার। হামাসের হামলার পর গত দুই সপ্তাহের তীব্র সহিংসতায় ইসরায়েলে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হয় এবং ইসরায়েলি পাল্টাহামলায় গাজায় বৃহস্পতিবার পর্যন্ত ৩ হাজার ৭৮৫ জন মারা যায়। এ যুদ্ধের আগে গাজায় প্রতিদিন ১০০ ট্রাক সহায়তা পাঠানো হতো।’ সাড়ে ২৩ লাখ লোকের বাসস্থান গাজার নিয়ন্ত্রক হামাস ব্যতিরেকে বেসামরিক জনগণের কাছে সাহায্য পৌঁছাবে বলে জোর দেন গ্রিফিথস।

১০ লাখ মানুষ বাস্তুচ্যুত

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় প্রাণভয়ে প্রায় ১০ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। জাতিসংঘ বলছে, গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে বিভিন্ন বিদ্যালয়ে জাতিসংঘ পরিচালিত আশ্রয়শিবিরে ৩ লাখ ৫২ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। জেরুজালেমসহ ফিলিস্তিনের কয়েকটি জায়গায় আশ্রয়শিবিরে অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলা হয়েছে গাজার হাসপাতালেও।