ইসরায়েলের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনে বেনিয়ামিন নেতানিয়াহুসহ আইনপ্রণেতারা। মঙ্গলবার জেরুজালেমে
ইসরায়েলের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনে বেনিয়ামিন নেতানিয়াহুসহ আইনপ্রণেতারা। মঙ্গলবার জেরুজালেমে

ইসরায়েলে ঐক্যের সরকার গঠন নিয়ে নেতানিয়াহুর আলোচনার প্রস্তাবে আইজেনকটের সাড়া

নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখতে জাতীয় ঐক্যের সরকার গঠন করা নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর দেওয়া আলোচনার প্রস্তাবে সাড়া দিয়েছেন গাদি আইজেনকট।

নেতানিয়াহু এখন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। গতকাল শনিবার তিনি বিরোধী জোটের নেতা আইজেনকটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগি করে নেওয়ার প্রস্তাব দেন।

প্রস্তাবে সাড়া দিয়ে আইজেনকট নেতানিয়াহুকে দ্রুত আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছেন। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, আজ রোববার স্থানীয় সময় সকালে দুই নেতার মধ্যে এ আলোচনা শুরু হয়েছে।

একজন নেতা হিসেবে আমার দায়িত্ব হলো সবকিছু একপাশে সরিয়ে রাখা...এবং এ বিষয়ে সম্মত হওয়া যে মেয়াদের শুরুতে গাদি আইজেনকট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, আর আমি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করব।
বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলি প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী পদে পালাক্রমে দায়িত্ব পালনের শর্তে নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের ওই প্রস্তাব দিয়েছেন। এ ব্যবস্থায় প্রথমে আইজেনকট প্রধানমন্ত্রী হবেন। প্রথমে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি মেনেও নিয়েছেন নেতানিয়াহু।

এ অবস্থায় আগামী কয়েক দিনের মধ্যে ইসরায়েলে নতুন সরকার গঠনের ঘোষণা আসবে বলে মনে করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দিয়ে নেতানিয়াহু বলেন, ‘একজন নেতা হিসেবে আমার দায়িত্ব হলো সবকিছু একপাশে সরিয়ে রাখা...এবং এ বিষয়ে সম্মত হওয়া যে মেয়াদের শুরুতে গাদি আইজেনকট প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন, আর আমি বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করব।’

নেতানিয়াহুর এ প্রস্তাবের এক দিন আগে গাদি আইজেনকট প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামী ৬ ডিসেম্বরের নির্ধারিত সময়সীমার মধ্যেই তিনি ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের ঘোষণা দেবেন। সরকার গঠনের জন্য সময়সীমা আরও ১৪ দিন বাড়ানোর সুযোগ তিনি নেবেন না বলেও জানিয়েছিলেন।

নির্বাচনের পর ধারণা করা হচ্ছিল, নেতানিয়াহুবিরোধী দলগুলো নিয়ে জোট সরকার গঠন করবেন গাদি আইজেনকট। তবে তাঁর মধ্যপন্থী দল ইয়াশার সঙ্গে নেতানিয়াহুর উগ্রপন্থী দল লিকুদ পার্টির আলোচনাও চলছিল।

নেতানিয়াহুর ওই প্রস্তাবের আগের দিন শুক্রবার আইজেনকট অভিযোগ করেছিলেন, নতুন নির্বাচন আয়োজনের পথ তৈরি করতে জোট সরকার গঠনের আলোচনা দীর্ঘায়িত করছে লিকুদ পার্টি।

গাদি আইজেনকটের বিস্তৃত রাজনৈতিক শিবিরে জোট গঠন নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। অতি রক্ষণশীল দলগুলোর সঙ্গে, নাকি আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সঙ্গে জোট করা হবে, নাকি নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে—তা নিয়ে শিবিরে বিভক্তি রয়েছে।

সেদিন এক বিবৃতিতে আইজেনকট বলেন, ‘লিকুদ...কোনো সমঝোতায় আসতে রাজি হয়নি। দুই সপ্তাহ ধরে তারা আলোচনার টেবিলে একটি সুনির্দিষ্ট প্রস্তাবও দেয়নি।’

গাদি আইজেনকটের বিস্তৃত রাজনৈতিক শিবিরে জোট গঠন নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। অতি রক্ষণশীল ইহুদি দলগুলোর সঙ্গে, নাকি আরব দলগুলোর সঙ্গে, নাকি লিকুদ পার্টির সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করা হবে তা নিয়ে শিবিরে বিভক্তি রয়েছে।

এদিকে নেতানিয়াহুর বিরোধীরা তাঁর পালাক্রমে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের প্রস্তাবকে উপহাস করেছেন।

আরব দলগুলোর জোট জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবারিন লিখেছেন, ‘গণতান্ত্রিক সংখ্যাগরিষ্ঠরা সিদ্ধান্ত নিয়েছে, রক্তে রঞ্জিত ও দায়িত্ব পালনে ব্যর্থ এ সরকারের বিদায় নিতে হবে। ইহুদি ও আরব—সব মানুষের সম্মিলিত ইচ্ছার প্রতিফলন ঘটানোর এবং চলতি সপ্তাহেই নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর সময় এসেছে।’

মধ্যপন্থী বেয়াচাদ (টুগেদার) পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ লিখেছেন, ‘নেতানিয়াহুর এ প্রস্তাব ধারাবাহিক প্রতারণায় অভ্যস্ত একজন ব্যক্তির আরেকটি নির্লজ্জ প্রতারণা। তিনি তাঁর সব রাজনৈতিক সহযোগীকে ধোঁকা দিয়েছেন এবং প্রতিটি চুক্তি ভঙ্গ করেছেন।’

আইজেনকটের দল ইয়াশার সঙ্গে এ পর্যন্ত জোট গঠনের চুক্তি হয়েছে বামঘেঁষা ডেমোক্র্যাটস এবং ডানপন্থী ইসরায়েল বেইতেনু পার্টির। এ তিন দলের আইনপ্রণেতার সংখ্যা মোট ৩৬। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৬১ আসন। ফলে সংখ্যাগরিষ্ঠতা থেকে তারা এখনো অনেক দূরে।

নতুন নির্বাচন আয়োজনের পথ তৈরি করতে জোট সরকার গঠনের আলোচনা দীর্ঘায়িত করছে লিকুদ পার্টি।

ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, আরব-ইসরায়েলি দল রাআমের নেতা মনসুর আব্বাস ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এর ফলে আইজেনকটের নেতৃত্বাধীন সম্ভাব্য জোট সরকারে তাঁর দলের যোগ দেওয়ার পথ তৈরি হতে পারে।

তবে আইজেনকটের কয়েকজন মিত্র আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সমর্থনের ওপর তাঁর নির্ভর করার বিরোধিতা করেছেন। এবারের নির্বাচনে আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলো অভূতপূর্ব সাফল্য পেয়েছে।