
ইসরায়েলের সর্বশেষ নির্বাচনে হস্তক্ষেপের সঙ্গে নেতানিয়াহুর কার্যালয় জড়িত—এমন খবর প্রকাশের পর দেশটির বিরোধী জোটের নেতা গাদি আইজেনকট বলেছেন, ‘বেনিয়ামিন নেতানিয়াহু আর এক মিনিটের জন্যও সরকারের শীর্ষ পদে থাকতে পারেন না’।
গতকাল রোববার প্রতিদ্বন্দ্বী নেতানিয়াহুকে আক্রমণ করে এ কথা বলেন আইজেনকট। অথচ এর মাত্র কয়েক ঘণ্টা আগে নেতানিয়াহুর দলের সঙ্গে তাঁর জোটের একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের সম্ভাবনার কথা বলা হয়েছিল। দুই নেতার প্রতিনিধিরা এই নিয়ে আলোচনায়ও বসেছিলেন।
ইসরায়েলে গত ২৭ অক্টোবরের ভোটে কোনো জোটই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। দেশটির প্রেসিডেন্ট পরে আইজেনকটকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আইজেনকট বলেন, ‘বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ মহলের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য বাস্তব, প্রত্যক্ষ ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।’
বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তাঁর ঘনিষ্ঠ মহলের কর্মকাণ্ড ইসরায়েলের গণতন্ত্রের জন্য বাস্তব, সরাসরি ও তাৎক্ষণিক হুমকি তৈরি করেছে।গাদি আইজেনকট, বিরোধী জোটের নেতা
এর আগে রোববারই ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২–এর এক প্রতিবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবরের নির্বাচনের আগের রাতে নেতানিয়াহুর চিফ অব স্টাফ আইদো নর্ডেন আরবদের দল ইউনাইটেড আরব লিস্টের (রাআম) কয়েকজন সদস্যের বিরুদ্ধে পুলিশ কমিশনারের দপ্তরে অভিযোগ করেছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, নর্ডেন পুলিশ কর্মকর্তাদের এমন এক ব্যক্তির কাছে পাঠিয়েছিলেন, যিনি গোয়েন্দা তথ্যের উৎস বলে দাবি করা হয়েছিল। ওই ব্যক্তি আগে নেতানিয়াহুর কার্যালয়ে কাজ করতেন।
চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে প্রায় ১৪ জন পুলিশ কর্মকর্তা কোনো পরোয়ানা ছাড়াই রাআম দলের তিন সদস্যের বাড়িতে অভিযান চালান। ভোটারদের অর্থের বিনিময়ে ভোট দিতে উৎসাহিত করার চেষ্টা করছেন, এমন সন্দেহে তাঁদের গ্রেপ্তার করা হয়।
এরপর নির্বাচনের দিন ভোটের পুরো সময় দেশজুড়ে আরব নেতৃত্বাধীন দলগুলোর বিরুদ্ধে প্রচার চালান নেতানিয়াহু। ভোটের ফলাফলে দেখা যায়, নেতানিয়াহুর এত চেষ্টার পরও এ বছর আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসনে জয়ী হয়েছে। ভোটের প্রাথমিক ফলাফল আসতে শুরু করার পর নেতানিয়াহুর লিকুদ পার্টির পক্ষ থেকে ভোটে কারচুপির অভিযোগ তোলেন। তবে নেতানিয়াহু বা তাঁর দল নিজেদের এ অভিযোগের পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি।
ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনের দিন ফিলিস্তিনি বংশোদ্ভূত পাঁচ নেসেট সদস্যের ফোনে আড়ি পাতার জন্য অ্যাটর্নি জেনারেলের দপ্তরের কাছে অনুমতি চেয়েছিলেন। নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহে তিনি এ অনুরোধ করেছিলেন। যদিও তাঁর সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয় বলে জানায় চ্যানেল ১২।
পরে পুলিশি তদন্তেও নির্বাচনে কারচুপি নিয়ে কথিত গোয়েন্দা সূত্রের দেওয়া তথ্যের কোনো ভিত্তি পাওয়া যায়নি। এরপর রাআম দলের ওই তিন ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়।
ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি নির্বাচনের দিন ফিলিস্তিনি বংশোদ্ভূত পাঁচ নেসেট সদস্যের ফোনে আড়ি পাতার জন্য অ্যাটর্নি জেনারেলের দপ্তরের কাছে অনুমতি চেয়েছিলেন। নির্বাচনে হস্তক্ষেপের সন্দেহে তিনি এ অনুরোধ করেছিলেন। যদিও তাঁর সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয় বলে জানায় চ্যানেল ১২।
সাবেক সেনাপ্রধান আইজেনকট বলেন, ‘আমি অবিলম্বে এ ঘটনা তদন্তের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি প্রকাশিত তথ্যের বিষয়ে পুলিশ ও শিন বেতকে দ্রুত স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।’
নেতানিয়াহুর দল লিকুদ পার্টি আইজেনকটের বক্তব্যকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘আপত্তিকর উসকানি’ বলে অভিহিত করেছে।
এর আগে গত শুক্রবার আইজেনকট অভিযোগ করেছিলেন, ক্ষমতা ধরে রাখতে নির্বাচনের সময় ফিলিস্তিনি ইসরায়েলিদের বিরুদ্ধে ‘বর্ণবাদী ও সহিংস’ প্রচারে উসকানি দিয়েছেন নেতানিয়াহু।
পরদিন আবারও আইজেনকটকে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান নেতানিয়াহু। আইজেনকট তাঁর এ আহ্বানকে ‘ব্লাফ’ বা ধাপ্পাবাজি বলে অভিহিত করেছিলেন।
তবে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব নিয়ে নিজের ইয়াশার পার্টির সঙ্গে লিকুদ পার্টির আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন আইজেনকট।