
যুক্তরাষ্ট্র বলেছে, গতকাল বৃহস্পতিবার টানা ১৩তম রাতের মতো ইরানে বিমান হামলা চালানো হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে আরও জোরেশোরে হামলা চালানোর হুমকি দেওয়ার পর নতুন এ হামলার ঘটনা ঘটল।
এদিকে ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির আহভাজ শহরের কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত হয়েছেন।
সেন্টকম আজ শুক্রবার ভোরে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, তারা ইরানের সামরিক কমান্ড সেন্টার, ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি কেন্দ্র ও নৌ–সক্ষমতার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে।
মার্কিন বাহিনীর দাবি, ইরানকে জবাবদিহির আওতায় আনা ও বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) হুমকি কমিয়ে আনাই এ হামলার উদ্দেশ্য ছিল।
মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, সাম্প্রতিক সময়ে আইআরজিসির হামলার পরও আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় বাণিজ্যিক জাহাজগুলো এখনো অবাধে এ প্রণালি দিয়ে চলাচল করছে।
মার্কিন সামরিক বাহিনী দাবি করেছে, সাম্প্রতিক সময়ে আইআরজিসির হামলার পরও আন্তর্জাতিক নৌযান চলাচলের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় বাণিজ্যিক জাহাজগুলো এখনো অবাধে এই প্রণালি দিয়ে চলাচল করছে।
তবে আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতেই আছে। তাদের দাবি, ইরানের সঙ্গে সমন্বয় করেই শুধু ওই জলপথে জাহাজের নিরাপদে চলাচল নিশ্চিত করা সম্ভব।
তেহরান থেকে আল–জাজিরার সংবাদদাতা বলেছেন, কেশম দ্বীপে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ছাড়া খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজের কাছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। খুজেস্তান প্রদেশের স্থানীয় কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ওই হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন।
ইরানের বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়েছে, খুজেস্তানের আন্দিমেশক ও ওমিদিয়েহ শহরেও যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্সের খবরে বলা হয়েছে, দেশটির বন্দরনগরী বন্দর আব্বাসের একটি আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত দুজন আহত হয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে তেহরানের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার হুমকি দেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি ইরানের বিরুদ্ধে সবচেয়ে বড় হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন।
কুয়েতের একটি টেলিযোগাযোগ টাওয়ারকে নিশানা করাসহ উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদেশগুলোর ওপর ইরানের নতুন দফায় পাল্টা হামলার পর ট্রাম্প ওই হুঁশিয়ারি দেন।
ট্রাম্প বলেন, তিনি ইরানের বিরুদ্ধে একটি বড় ধরনের হামলার কথা বিবেচনা করছেন, যা হবে এর আগে হওয়া যেকোনো হামলার চেয়েও বড়।