
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে নির্ধারিত সফরে যাচ্ছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণসভা স্থগিত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে তাঁর কার্যালয়।
নেতানিয়াহুর কার্যালয় অবশ্য যুক্তরাষ্ট্র সফরের নতুন কোনো সম্ভাব্য তারিখ ঘোষণা করেনি।
ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, আগামী শনিবার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল নেতানিয়াহুর। মঙ্গলবার পর্যন্ত সেখানে অবস্থান করে তিনি সিনেটর লিন্ডসে গ্রাহামের স্মরণসভায় অংশ নেওয়ার কথা ছিল।
ইসরায়েলের কট্টর সমর্থক, গাজায় নেতানিয়াহু সরকারের নৃশংসতার প্রতি নিঃশর্ত সমর্থনদাতা এবং ইরানের কঠোর সমালোচক রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম গত সপ্তাহে স্বল্প সময়ের আকস্মিক অসুস্থতায় মারা যান।
প্রয়াত এই রিপাবলিকান রাজনীতিক প্রায়ই ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি সামরিক সহায়তার আহ্বান জানিয়ে প্রকাশ্যে জোরালো অবস্থান নিতেন।
২০২১ সালে গাজায় ইসরায়েলের হামলায় শত শত ফিলিস্তিনি নিহত হওয়ার পর গ্রাহাম ইসরায়েলে যান এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পাশে ‘মোর ফর ইসরায়েল’ লেখা একটি সাইনের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন।
এরপর এই ইসরায়েলপন্থী মার্কিন সিনেটর দেশটির জন্য যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ১০০ কোটি ডলারের সামরিক সহায়তা নিশ্চিত করেন।
গ্রাহামের মৃত্যুতে শোক প্রকাশ করে নেতানিয়াহু তাঁকে নিজের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, রিপাবলিকান এই আইনপ্রণেতা প্রায়ই ইসরায়েলের জন্য তাঁর সরকারের চাওয়া বা প্রয়োজনের চেয়েও বেশি মার্কিন সমর্থন নিশ্চিত করার চেষ্টা করতেন।