ইরাকে গালফ কাপ ফাইনাল শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে স্টেডিয়ামের বাইরে প্রচণ্ড ভিড়ের কারণে পদদলিত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ইরাক ও ওমানের মধ্যে এ খেলা শুরু হওয়ার কথা।
ইরাকের প্রধান দক্ষিণাঞ্চলীয় শহর বসরাতে এ দুর্ঘটনা ঘটে। ঘরের মাঠে আন্তর্জাতিক ম্যাচটি দেখার আশায় ভোর থেকেই স্টেডিয়ামের বাইরে টিকিট ছাড়া হাজারো ভক্ত জড়ো হয়েছিলেন। স্টেডিয়ামের ধারণক্ষমতা পূর্ণ হয়ে গেলে স্টেডিয়ামের সব ফটক বন্ধ করে দেওয়া হয়।
চিকিৎসা ও নিরাপত্তাবিষয়ক সুত্রগুলো জানায়, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
এ ঘটনায় বসরায় জরুরি বৈঠকে বসেছেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল–সুদানি। বৈঠকে সেখানকার গভর্নর ও সরকারি কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। সরকারি সূত্র জানায়, হতাহতের বিষয়টি নিশ্চিত হলে খেলাটি স্থগিত অথবা নিরপেক্ষ অন্য কোনো দেশে হতে পারে।
আল–জাজিরার সাংবাদিক সামের ইউসেফ বলেন, স্বারাষ্ট্র মন্ত্রণালয় খেলা শুরুর সময় সতর্কতা জারি করেছিল। টিকিটবিহীন ব্যক্তিদের স্টেডিয়ামে না যেতে আহ্বান জানিয়েছিল।
আল–জাজিরার আরেক সাংবাদিক আবদেলওয়াহেদ বলেন, ইরাকি ফুটবল ফেডারেশনের মতে, প্রায় ৯০ শতাংশ টিকিট খেলা শুরুর আগেই বিক্রি হয়ে গেছে। এই খেলা ইরাকের ফুটবল–ভক্তদের উন্মাদ করে তুলেছে, বিশেষ করে যাঁরা অন্যান্য প্রদেশ থেকে এসেছেন।
কয়েক দশকের নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে ইরাক কোনো খেলার আয়োজন করতে পারেনি। আবদেলওয়াহেদ বলেন, এবারের এই খেলা আয়োজন করতে পেরে কর্তৃপক্ষ বলেছিল, ‘আমরা এমন একটি বিশেষ আয়োজন করতে পেরে ভাগ্যবান, তবে শহরটি যতটা প্রস্তুত হওয়া উচিত, তা করা যায়নি।’