বিস্ফোরণের পর সিরিয়ার আলেপ্পোর আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়
বিস্ফোরণের পর সিরিয়ার আলেপ্পোর আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা যায়

সিরিয়ার আলেপ্পোয় সেনাঘাঁটিতে একের পর এক বিস্ফোরণ, কী ঘটছে সেখানে

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর একটি সেনাঘাঁটিতে আজ সোমবার ভোরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপর সেখানে একের পর এক বিস্ফোরণ ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আলেপ্পোর আল-এইস শহরের কাছে সিরিয়ার সেনাবাহিনীর একটি ঘাঁটিতে বড়সড় বিস্ফোরণ হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্ত করছে।

রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-ইখবারিয়াকে আলেপ্পোর সিভিল ডিফেন্সের অপারেশনের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী বলেন, সেখানে এখনো বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এ কারণে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না। বেসামরিক নাগরিকদের ওই এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে।

চলতি মাসের শুরুতে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অস্ত্রগুদামে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হন। প্রায় এক সপ্তাহ আগে একই এলাকায় গোলাবারুদ বহনকারী একটি যানবাহনে বিস্ফোরণ হলে পাঁচজন নিহত হয়েছেন।

আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা এএফপিকে বলেন, তাঁরা বিস্ফোরণের ‘বিকট শব্দ’ শুনেছেন। পরে বাড়ির ছাদে উঠে দূরে আগুনের লেলিহান শিখা দেখতে পান।

আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব স্থানীয় মানুষকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি উদ্ধারকারী দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

বার্তা সংস্থা সানা জানিয়েছে, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড বিস্ফোরণস্থলে যাওয়ার সব সড়ক বন্ধ করে দিয়েছে।

সিরিয়ায় এর আগেও এ ধরনের বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২০২৪ সালের শেষ দিকে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ থেকে ধীরে ধীরে বের হয়ে আসছে দেশটি।

এর আগে গত শুক্রবার সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর ইজোর প্রদেশের একটি সেনাঘাঁটিতে এক শক্তিশালী বিস্ফোরণে ১১ জন নিহত হন। তবে ওই বিস্ফোরণের কারণ জানা যায়নি।

চলতি মাসের শুরুতে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অস্ত্রগুদামে বিস্ফোরণে ১৪ জন নিহত ও ১১ জন আহত হন। সপ্তাহখানেক আগে একই এলাকায় গোলাবারুদ বহনকারী একটি যানবাহনে বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছেন।