সৌদি আরবের জাতীয় পতাকা
সৌদি আরবের জাতীয় পতাকা

বিবাহবহির্ভূত সন্তান জন্ম, সৌদি আরবে গৃহকর্মীকে ১০০ বেত্রাঘাতের সাজা

সৌদি আরবে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়ার অভিযোগে এস্থার ওয়ানজা মুথোনি নামের একজন কেনীয় গৃহকর্মীকে ১০০ দোররা বা বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে। দেশটির শরিয়াহ আইনে বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক স্থাপন করা ফৌজদারি অপরাধ। তবে এ সাজাকে নারীর প্রতি ‘সহিংসতা’ আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

মুথোনি বলেন, এক মিসরীয় নাগরিকের সঙ্গে সম্পর্কের কারণে তিনি অন্তঃসত্ত্বা হন। সন্তান জন্মের আগেই ওই ব্যক্তি সৌদি আরব ছেড়ে চলে যান।

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সন্তান জন্মদানের ক্ষেত্রে সৌদি আরবে অনেক নারী গ্রেপ্তার এড়াতে বাড়িতে গোপনে সন্তান প্রসব করে থাকেন। কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মুথোনির বিষয়টি জানাজানি হয়। দেশটির হাসপাতালগুলোর জন্য অবিবাহিত মায়েদের বিষয়ে পুলিশকে জানানো বাধ্যতামূলক।

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে সন্তান জন্মদানের ক্ষেত্রে সৌদি আরবে অনেক নারী গ্রেপ্তার এড়াতে বাড়িতে গোপনে সন্তান প্রসব করে থাকেন। কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর মুথোনির বিষয়টি জানাজানি হয়। দেশটির হাসপাতালগুলোর জন্য অবিবাহিত মায়েদের বিষয়ে পুলিশকে জানানো বাধ্যতামূলক।

গত মাসে আদালতের দেওয়া রায়ের পর মুথোনি দ্য নিউইয়র্ক টাইমসকে বলেন, তিনি এমন শাস্তি পাওয়ার যোগ্য নন। বেত্রাঘাতের আঘাত সহ্য করতে পারবেন কি না, তা নিয়েও তিনি আতঙ্কিত।

যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন আল-কিস্টের ভারপ্রাপ্ত পরিচালক মরিয়ম আলদোসারি বলেন, ‘এ রায় কার্যকর না করে ওই গৃহকর্মীকে তাঁর দেশে পাঠানো উচিত। সৌদি আরবের আধুনিকায়ন ও নারীর ক্ষমতায়নের দাবির সঙ্গে এ রায় সাংঘর্ষিক।’

সৌদি আরব ২০২০ সালে বিচারকদের নিজস্ব বিবেচনায় দেওয়া শাস্তির ক্ষেত্রে বেত্রাঘাতের বিধান বাতিল করে। তবে হুদুদ–সংশ্লিষ্ট অপরাধের (ইসলামি আইনে নির্ধারিত অপরাধ) ক্ষেত্রে এ শাস্তি এখনো বহাল। ব্যভিচারও এমন অপরাধের অন্তর্ভুক্ত।

অভিবাসী অধিকারবিষয়ক সংগঠন ‘ডু বোল্ড’ জানিয়েছে, বেত্রাঘাতের সাজা কার্যকর হলে মুথোনিকে কেনিয়ায় ফেরত পাঠানো হতে পারে।

সংগঠনটি বলেছে, সৌদি আরবের কঠোর কাফালা–ব্যবস্থার কারণে দেশটিতে কর্মরত লাখ লাখ নারী গৃহকর্মী ঝুঁকির মধ্যে রয়েছেন। অনেকের পাসপোর্ট জব্দ করে রাখেন নিয়োগকর্তারা। তাঁদের ওপর থাকে কঠোর নিয়ন্ত্রণ। অনেকে আইনি সহায়তাও পান না।