ইরানের এক অজ্ঞাত স্থানে সামরিক মহড়ার সময় ড্রোনের দৃশ্য
ইরানের এক অজ্ঞাত স্থানে সামরিক মহড়ার সময় ড্রোনের দৃশ্য

আবুধাবির নৌঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল-সালাম নৌঘাঁটিতে একটি গুদাম লক্ষ্য করে দুটি ড্রোন হামলা চালিয়েছে ইরান। হামলার সত্যতা নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট কর্মীরা পরিস্থিতি সামাল দিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার ফলে সাধারণ সরঞ্জাম রাখা দুটি কনটেইনারে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এ ঘটনাকে ‘সুস্পষ্ট আগ্রাসন এবং জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আবুধাবির একটি সামরিক ঘাঁটিতে অন্তত দুটি হামলা চালানো হয়েছে। তবে কেন ওই ঘাঁটিতে হামলা চালানো হলো, সে বিষয়ে তারা কিছু জানায়নি।

এর আগে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, শনিবার সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা ১৬৭টি ক্ষেপণাস্ত্র এবং ৫৪১টি ইরানি ড্রোন হামলা মোকাবিলা করেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার সকালে ইরানে যৌথভাবে হামলা শুরু করে। এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক ও বেসামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান।