ইরাকের কিরকুকে একটি তেল স্থাপনায় গ্যাসের আগুন জ্বলছে। ২৬ নভেম্বর ২০২৬
ইরাকের কিরকুকে একটি তেল স্থাপনায় গ্যাসের আগুন জ্বলছে। ২৬ নভেম্বর ২০২৬

ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছে

ইরাককে সতর্ক করে ইরান বলেছে, মধ্যপ্রাচ্যের এ দুই দেশের মধ্যে যে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করার সুযোগ দেওয়া উচিত হবে না। তেল চোরাচালানের বিরুদ্ধে বৃহত্তর অভিযানের অংশ হিসেবে বাগদাদ নিজেদের সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করছে। এমতাবস্থায় তেহরান প্রতিবেশী বাগদাদকে এ সতর্কবার্তা দিল।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবার গতকাল শনিবার বাগদাদকে সতর্ক করে বলেছেন, ইরাকের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হাতিয়ার’ হওয়া চলবে না। সীমান্ত-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ইরাকি কর্তৃপক্ষকে সতর্ক ও সজাগ থাকার আহ্বানও জানান তিনি।

যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপের পর বিকল্প হিসেবে ইরান স্থলসীমান্তের পথগুলো ব্যবহার করতে শুরু করেছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্র ইরানের ওপর এ অবরোধের প্রভাব আরও বিস্তৃত করতে দেশটির স্থলপথে বাণিজ্য সীমিত করার চেষ্টা করছে।

ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আবুদি ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ির সঙ্গে আলোচনার জন্য তেহরান সফরে যাওয়ার পর মোখবার এ মন্তব্য করেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মোহসেন রেজায়ির বরাতে বলেছে, ইরান ও ইরাকের অর্থনৈতিক সহযোগিতার সম্পর্কে বিদেশিদের নেতিবাচক প্রভাব বিস্তার করতে দেওয়া উচিত নয়। দুই দেশের মধ্যে স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তিও পুরোপুরি কার্যকর করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

কাসিম আল-আবুদি চুক্তিটির প্রতি বাগদাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ইরাকের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরান কিংবা অন্য প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালানোর সুযোগ দেওয়া হবে না।

যুক্তরাষ্ট্র ইরানের ওপর নৌ অবরোধের প্রভাব আরও বিস্তৃত করতে দেশটির স্থলপথে বাণিজ্য সীমিত করার চেষ্টা করছে। ট্রাম্প প্রশাসনের এ চেষ্টার মধ্যেই কাসিম আল-আবুদি তেহরান সফরে গেলেন।

গত বৃহস্পতিবার থেকে ইরাকি কর্তৃপক্ষ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে থাকা অনানুষ্ঠানিক সীমান্তপথগুলো বন্ধ করতে শুরু করেছে। এর মধ্যে দেশটির স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সীমান্তপথও রয়েছে। প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

চলতি মাসের শুরুতে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেন আল-জাজিরাকে বলেছিলেন, ইরানের সঙ্গে থাকা সীমান্তপথগুলোর মধ্যে মাত্র দুটি ছাড়া বাকি সব বন্ধ করতে বাগদাদকে অনুরোধ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

তেহরান থেকে আল-জাজিরার আমের লাফি জানান, আরও সীমান্তপথ বন্ধ করে দেওয়ার সম্ভাবনা ইরানি কর্মকর্তাদের জন্য বড় উদ্বেগের বিষয়। কারণ, স্থলপথে বাণিজ্যের ওপর ইরানের নির্ভরতা ক্রমেই বাড়ছে।

আমের লাফি বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপের পর বিকল্প হিসেবে ইরান স্থলসীমান্তের পথগুলো ব্যবহার করতে শুরু করেছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের অনুরোধ কার্যকর হলে ইরানের সঙ্গে ইরাকের মাত্র দুটি সীমান্তপথ খোলা থাকবে। এর একটি ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের উত্তরে, অন্যটি দেশটির কেন্দ্রীয় সরকারের সরাসরি নিয়ন্ত্রণে।

ইরাকের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করে ইরান কিংবা অন্য প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা চালানোর সুযোগ দেওয়া হবে না।
কাসিম আল-আবুদি, ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

‘সার্বভৌমত্বের বিষয়’

মোখবারের বক্তব্যের জবাবে ইরাক সরকারের মুখপাত্র হায়দার আল-আবুদি সৌদি আরবভিত্তিক আরবি ভাষার চ্যানেল আল-হাদাস টেলিভিশনকে বলেন, বাগদাদ প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান করে। তবে নিজেদের অভ্যন্তরীণ বিষয়ে অন্য কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেবে না। তিনি বলেন, ইরাকের ভূখণ্ডে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেগুলো প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে নয়।

এই মুখপাত্র আরও বলেন, প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির সরকার ইরানের সঙ্গে বাণিজ্যিক সীমান্তপথ ও আকাশ যোগাযোগ চালু রাখতে ওয়াশিংটনের সঙ্গে মধ্যস্থতা করেছে। তিনি বলেন, এসব সীমান্তপথ সার্বভৌমত্বের বিষয়। এগুলো কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাগদাদেরই রয়েছে।

ইরাক সরকারের মুখপাত্র আরও বলেন, ইরাকি প্রতিনিধিদলের তেহরান সফরে নিরাপত্তা এবং ইরাক-ইরান সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে।

ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলে তেলক্ষেত্রগুলোর নিয়ন্ত্রণ নেওয়া এবং আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তায় কেন্দ্রীয় সরকারের সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি। এর প্রতিবাদে ২৬ নভেম্বর ইরাকের ইরবিলে বিক্ষোভ করেন ইরাকি কুর্দিরা

ইরাকের তেল চোরাচালানবিরোধী অভিযান

গত বৃহস্পতিবার থেকে ইরাকি কর্তৃপক্ষ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে থাকা অনানুষ্ঠানিক সীমান্তপথগুলো বন্ধ করতে শুরু করেছে। এর মধ্যে দেশটির স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের সীমান্তপথও রয়েছে। প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির নির্দেশে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

অনানুষ্ঠানিক সীমান্ত হলো সেসব সীমান্তপথ, যেখান দিয়ে মানুষ বা পণ্য এক দেশ থেকে অন্য দেশে চলাচল করে, কিন্তু সেগুলো সরকারিভাবে স্বীকৃত বা অনুমোদিত সীমান্ত চেকপোস্ট নয়।

তেল চোরাচালান বন্ধ এবং আগে কুর্দি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি তেলক্ষেত্র ও সীমান্তপথ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে আনার বৃহত্তর অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ইরাকের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএয়ের বরাতে একটি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর ইরাক থেকে তেল চোরাচালান করে ইরানে নেওয়া হচ্ছিল। সেখানে ইরানের তেলের সঙ্গে ওই তেল মিশিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়ানো হচ্ছিল।

ইরাকের এক কর্মকর্তা আল-জাজিরাকে বলেন, অনানুষ্ঠানিক সীমান্তপথে তেল চোরাচালান ঠেকাতে তেলসমৃদ্ধ কিরকুক প্রদেশের কয়েকটি এলাকায় সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, ইরানের সঙ্গে সীমান্তের হাওইজা জলাভূমি এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। এর অংশ হিসেবে ৫০ কিলোমিটার (৩১ মাইল) দীর্ঘ মাটির বাঁধ নির্মাণ এবং কংক্রিটের সীমান্তচৌকি স্থাপন করা হচ্ছে।

ইরাকের এসব পদক্ষেপে সমর্থন জানিয়েছেন ট্রাম্প। তবে এ নিয়ে বাগদাদ ও কুর্দিস্তান আঞ্চলিক সরকারের (কেআরজি) মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। কুর্দি কর্তৃপক্ষের অভিযোগ, কেন্দ্রীয় সরকার অসাংবিধানিক পদক্ষেপ নিচ্ছে।

এই বিরোধ মেটাতে আগামী মঙ্গলবার বাগদাদে কেন্দ্রীয় সরকার ও কুর্দি নেতাদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।