
পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে শান্তি আলোচনা চলাকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের কাছে একটি ফোন আসে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওই ফোনকলের পর পুরো পরিস্থিতি পাল্টে যায় বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
আরাগচি তাঁর পোস্টে লেখেন, ‘বৈঠকের সময় ভ্যান্সের কাছে আসা নেতানিয়াহুর ফোনকল আলোচনার মনোযোগ যুক্তরাষ্ট্র ও ইরানের ওপর থেকে সরিয়ে ইসরায়েলের স্বার্থের দিকে নিয়ে যায়।
আরাগচি আরও লিখেছেন, ‘যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে সেসব লক্ষ্য অর্জনের চেষ্টা করেছে, যা তারা যুদ্ধের মাধ্যমে অর্জন করতে পারেনি।’
পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুদ্ধ অবসানের পথ খুঁজতে গত শনিবার ইসলামাবাদে বৈঠকে বসেছিলেন তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিরা। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স।
সেখানে ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও কোনো চুক্তিতে উপনীত হওয়া সম্ভব হয়নি। এরপর একটি সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ‘আলোচনা ব্যর্থ হয়েছে’ জানিয়ে ইসলামাবাদ ত্যাগ করেন ভ্যান্স।
গতকাল রোববার ভ্যান্স ইসলামাবাদ ছেড়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর আরাগচি এই অভিযোগ তুলে এক্সে পোস্ট দেন।
আরাগচি আরও বলেন, জাতির স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় ইরান সব সময় প্রতিশ্রুতিবদ্ধ এবং সদা প্রস্তুত রয়েছে।
শান্তি আলোচনা চলাকালে নেতানিয়াহু ফোন করেছিলেন কি না, ওয়াশিংটন তা স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি।
ইসলামাবাদে এই শান্তি আলোচনা ব্যর্থ হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে চাপে ফেলেছে। গত মঙ্গলবার থেকে এই যুদ্ধবিরতি শুরু হয়েছে।