গাজার সীমান্তবর্তী সব শহরের দখল নেওয়ার দাবি ইসরায়েলের

গাজার কাছে গোলাবারুদের বাক্সের ওপর বসে আছেন ইসরায়েলি এক সেনা
ছবি: রয়টার্স

গাজার সীমান্তবর্তী কাঁটাতারের বেড়ার আশপাশের সব শহরের দখল নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দেশটির গণমাধ্যমে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, গত কয়েক ঘণ্টায় ইসরায়েলি সেনাবাহিনী ও হামাস যোদ্ধাদের মধ্যে বিচ্ছিন্নভাবে সংঘর্ষ চলেছে। তিনি বলেন, এখন ওই অঞ্চলে কোনো সংঘর্ষ হচ্ছে না।

তবে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আরও বলেছেন, ওই এলাকায় এখনো সন্ত্রাসী থাকার আশঙ্কা রয়েছে।

হাগারি বলেছেন, সীমান্তের নিরাপত্তা রক্ষায় হেলিকপ্টার, ড্রোন ও ট্যাংক ব্যবহার করা হয়েছে। সীমান্তবর্তী ২৪টি শহরের মধ্যে ১৫টি থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

বিবিসির খবর বলছে, গাজায় ইসরায়েলি হামলায় নিহত মানুষের সংখ্যা ৫০০–এর কাছাকাছি পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, হামলায় নিহত মানুষের সংখ্যা বেড়ে ৪৯৩ হয়েছে। আর আহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৫১।

গত শনিবার সকালে ইসরায়েলে আকস্মিক হামলা করে হামাস। একযোগে ছোড়া হয় হাজার পাঁচেক রকেট। শুরুতে কিছুটা হতবাক হলেও অল্প সময়ের মধ্যে পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। পাল্টাপাল্টি হামলায় প্রাণ যায় দুই পক্ষের এক হাজারের বেশি মানুষের। গতকাল রোববার হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) বলেছে, ইসরায়েলি হামলার জেরে গাজা উপত্যকায় ১ লাখ ২৩ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।