নোয়াম বিটান ও ন্যাচম্যান মেইর হাইম ভাকনিন
নোয়াম বিটান ও ন্যাচম্যান মেইর হাইম ভাকনিন

রাফায় ইসরায়েলের দুই সেনা নিহত, গুরুতর আহত ৪

ফিলিস্তিনের গাজার সর্বদক্ষিণের রাফা এলাকায় লড়াই চলাকালে ইসরায়েলের দুই সেনা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও চার সেনা। গতকাল শনিবার হতাহতের এ ঘটনা ঘটেছে।

আজ রোববার ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত দুজন হলেন স্টাফ সার্জেন্ট ন্যাচম্যান মেইর হাইম ভাকনিন (২০) ও স্টাফ সার্জেন্ট নোয়াম বিটান (২০)। রাফার একটি সুড়ঙ্গে অভিযানের সময় বিস্ফোরণে নিহত হন তাঁরা।

সুড়ঙ্গে ওই বিস্ফোরণের ঘটনায় ইসরায়েলি বাহিনীর আরও দুই সদস্য ও এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া ইসরায়েলের একটি বুলডোজারে রকেট হামলায় দেশটির আরও এক সেনা সদস্য আহত হয়েছেন। তাঁর অবস্থাও গুরুতর।

গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। উপত্যকাটির শাসকগোষ্ঠী হামাসকে নির্মূল করতেই এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল। সাত মাসের বেশি সময় ধরে চলা এ অভিযানে ২৮২ ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

এদিকে ইসরায়েলের চলমান হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৫ হাজার ৩৮৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ হামলার মুখে রাফায় আশ্রয় নিয়েছিলেন উপত্যকাটির বেশির ভাগ বাসিন্দা। ৬ মে থেকে সেখানে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ফলে এখন রাফা থেকেও প্রাণ বাঁচাতে পালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা।

ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামাসের যোদ্ধাদের ছয়টি ব্যাটালিয়নের মধ্যে এখনো টিকে থাকা চারটি রাফায় অবস্থান করছে। এ এলাকা এখনো তাদের শক্তিশালী একটি ঘাঁটি। এ ছাড়া হামাসের হাতে এখনো জিম্মি থাকা ১২৪ জনের অনেকেই রাফায় রয়েছেন বলে ধারণা করছে ইসরায়েল।

৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামলা চালিয়ে প্রায় আড়াই শ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যান হামাস যোদ্ধারা। এ হামলায় দেশটিতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। সেদিন থেকেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।